পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়ে দেশের শীর্ষ তিন আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠি দিয়েছেন।
সোমবার ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) এবং ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে তিনি এই চিঠি লেখেন।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন। তিনি গত ২ নভেম্বর ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন।
চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান খান সফদারকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি 'মহামান্য বিচারপতিদের কাছে তার কথা পৌঁছে দেন’।
চিঠিতে বলা হয়েছে, “আমি কেবল এই নির্দেশনার ভিত্তিতেই বিশ্বস্ততার সঙ্গে চিঠিটি পৌঁছে দিয়েছি। এর পরের কথাগুলো তারই (ইমরানের)।” চিঠিতে সফদারের সইও ছিল।
চিঠিতে ইমরান তার নিজের এবং স্ত্রীর স্বাস্থ্যের অবনতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং তাদের চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে সবিনয় আবেদন জানিয়েছেন।
তিনি লেখেন, “আমি সারা জীবন হাসপাতাল তৈরির পেছনে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার সামর্থ্য নেই তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আজ আমি শুধু এটুকুই চাইছি, যেন আমার স্ত্রী এবং আমাকে চিকিৎসা দেওয়া হয়।”
চিঠিতে ইমরান জানিয়েছেন, তিনি একটি 'নির্জন কারাকক্ষ' থেকে লিখছেন, কারণ এখন এই দেয়ালগুলোর বাইরে তার কণ্ঠস্বর পৌঁছানোর এটিই একমাত্র উপায়।
ইমরান খান লেখেন, "আমি কোনও সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে এই চিঠি লিখছি না। আমি পাকিস্তানকে আমার পুরো জীবন দিয়েছি। ক্রিকেট মাঠ থেকে শুরু করে সমাজসেবা, জনহিতকর কাজ এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি জাতির সেবা করেছি। জীবনের ৭০ বছর পর্যন্ত আমার নামে একটিও ফৌজদারি মামলা ছিল না।”
“৭০ বছর বয়সের পর আমার বিরুদ্ধে শুরু হয় রাজনৈতিক নিপীড়নের এক নজিরবিহীন ও নির্মম অভিযান। অসংখ্য মামলা, আদালতে শতাধিকবার হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার মুখোমুখি হতে হয়েছে আমাকে; যেখান থেকে আল্লাহর অশেষ রহমতে আমি প্রাণে বেঁচে যাই।
“এত কিছুর পরও আমি আইনের পথই বেছে নিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলা আদালতেই মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই লড়াই থেকে কখনও পিছু হটিনি।"
মাঝেমধ্যে আদালতের কাছ থেকে যে আইনি প্রতিকার পেয়েছেন, তা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে তার আস্থাকে নতুন করে জাগিয়ে তুলেছিল বলে ইমরান খান উল্লেখ করেন।
তবে তিনি বলেন, “সাংবিধানিক সংশোধনীগুলোর পর, সেই প্রতিকারের পথ সংকুচিত হয়ে যায় এবং পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে, যখন আমার এটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন যে ব্যবস্থার ওপর আমি আস্থা রেখেছিলাম তা আমার সাহায্যে এগিয়ে আসেনি।"
ইমরান খানের দাবি, বর্তমান পরিস্থিতি তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়ত আর জীবিত অবস্থায় ফিরবেন না। তিনি বলেন যে, বেঁচে থাকলেই কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।
আদিয়ালা কারাগারে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত বাইরের জগত থেকে বিচ্ছিন্ন ও নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে বলে ইমরান অভিযোগ করেছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে এই একাকী বন্দিত্ব চলছে বলে তিনি দাবি করেছেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats