15 November 2026
The News Diplomats
বিবিসি বাংলা :
Publish : 09:25 AM, 14 November 2026.
Digital Solutions Ltd

ট্রাম্প, পুতিন ও শি যৌথ বৈঠক! পারমাণবিক নিয়ে আলোচনায় আগ্রহ ট্রাম্পের

 ট্রাম্প, পুতিন ও শি  যৌথ বৈঠক! পারমাণবিক নিয়ে আলোচনায় আগ্রহ ট্রাম্পের

Publish : 09:25 AM, 14 November 2026.
বিবিসি বাংলা :

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহে চীনে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং বৈঠক করার পরিকল্পনা করছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প অংশগ্রহণের সময়েই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, "প্রেসিডেন্ট (ট্রাম্প) এটা স্পষ্ট করে দিয়েছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন, যার বিস্তারকে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।"

জানা গেছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ইউক্রেন নিয়ে নয়। মস্কো ও বেইজিং এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদ সংস্থা এপি ও রয়টার্সের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনা শেষে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

২১টি সদস্য রাষ্ট্রের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার রাতে চীনের শেনজেনে পৌঁছাবেন। তিনি বৃহস্পতিবার শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও অংশ নেবেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

"মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফর শেষ করবেন," ওয়েলস বলেছেন।

তিনি বলেন, ট্রাম্পের এই সফর, যার মধ্যে মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত, "আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক বিজয় নিশ্চিত করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে"।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারগুলো বড় ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রয়ে গেছে এবং এটি কার্যকরভাবে সেই অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার অবসান ঘটিয়েছে যা স্নায়ু যুদ্ধের সমাধানে সহায়তা করেছিল।

 

জাতিসংঘ উভয় পক্ষকে অবিলম্বে একটি নতুন কাঠামোতে সম্মত হতে আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি এই চুক্তিটিকে আরও ভালো একটি চুক্তি দিয়ে প্রতিস্থাপন করতে পারেন, যেখানে ক্রমবর্ধমান অস্ত্রাগার গড়ে তোলা চীনকেও অন্তর্ভুক্ত করা হবে।

সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা বিবিসিকে বলেছিলেন যে, বেইজিং ও মস্কোর সহযোগিতা চাইতে গেলে বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারে এবং এতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুতে মাত্র কয়েক দিনের ব্যবধানে শি জিনপিং বেইজিংয়ে পুতিন ও ট্রাম্প - উভয়কেই আলাদাভাবে আপ্যায়ন করেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ওয়াশিংটনে তার চীনা প্রতিপক্ষকে স্বাগত জানান।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করার পর থেকে বেইজিং মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। ওই যুদ্ধ রাশিয়াকে বাকি বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

কিন্তু গত মাসে রুশ ডিজেল আমদানির একটি বিতর্কিত মার্কিন চুক্তি এবং চীনসহ মস্কোর তেল ও গ্যাসের বৃহত্তম ক্রেতাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনাটি ক্রেমলিনের প্রতি ট্রাম্প প্রশাসনের নমনীয়তা হিসাবে দেখা হচ্ছে, যা ইউরোপীয় উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

এদিকে, ট্রাম্প ও শি এ বছর বেইজিং ও ওয়াশিংটনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনগুলোতে উষ্ণতর সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছেন — যদিও বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের প্রতিযোগিতা এবং তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি।

ইরানের যুদ্ধও একটি বড় বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বেইজিং তেহরানের তেলের বৃহত্তম ক্রেতা এবং সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, শি অ্যাপেক সম্মেলনের ফাঁকে ‘দ্বিপাক্ষিক’ আলোচনায় অংশ নেবেন, কিন্তু ত্রিপাক্ষিক বৈঠকটি নিয়ে কোনো প্রতিবেদন দেয়নি।

চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে শীর্ষ সম্মেলনে এ ধরনের আলোচনার জন্য 'প্রস্তুতির ইঙ্গিত' রয়েছে।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ট্রাম্প, পুতিন ও শি যৌথ বৈঠক! পারমাণবিক নিয়ে আলোচনায় আগ্রহ ট্রাম্পের শিরোনাম বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: কী ঘটেছে, কেন ঘটেছে? শিরোনাম অনির্ধারিত সচিবসভা: কাজের গতি নিয়ে অসন্তোষ, ব্যর্থদের কড়া বার্তা শিরোনাম ভারতের দুই শর্ত: ফিরিয়ে নিতে হবে সেনাবাহিনী, দিতে হবে আপিলের সুযোগ শিরোনাম দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, নিশ্চুপ জয়সোয়াল শিরোনাম বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার: মুনাফাবাজদের দায়বদ্ধতার হিসাব কে নেবে?