মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসন (ইমপিচমেন্ট) প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি তুলেছেন খোদ রিপাবলিকান পার্টিরই এক আইনপ্রণেতা। প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুদ্ধ পরিচালনা, কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলা এবং সংবিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সোমবার প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পরপরই এই প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি।
তিনি অভিযোগ করেন, হেগসেথ বেআইনি আদেশ কার্যকর করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে বড় জয়ের পর পুরো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেই তদন্ত শুরুর অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতারা। এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকেও হেগসেথের বিরুদ্ধে আটটি ধারায় অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন ম্যাসি।
তবে সে সময় ভোটাভুটি এড়াতে আইনপ্রণেতাদের আগেই ছুটিতে পাঠিয়ে দেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। নির্বাচনের পর সোমবার আইনসভা বসতেই ম্যাসি আবারও প্রস্তাবটি সামনে আনলেন, জানিয়েছে বিবিসি।
সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাসি স্পষ্ট জানান, যেকোনো আইনপ্রণেতার সমর্থনকেই তিনি স্বাগত জানাবেন। প্রস্তাবের বিস্তারিত ধারা না পড়েও যদি কেউ কেবল হেগসেথকে সরাতে ভোট দেন, তাতেও তার পূর্ণ সমর্থন রয়েছে।
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের দায়িত্ব নেওয়ার আগেই হেগসেথকে পদত্যাগ করার আহ্বান জানান ম্যাসি। তিনি বলেন, ডেমোক্র্যাটরা আইনসভার নিয়ন্ত্রণ নেওয়ার পর পেন্টাগন পরিচালনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের ডেকে ব্যাপক তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শুরু করা হবে।
শুরু থেকেই ট্রাম্প প্রশাসন এবং বিশেষ করে ইরান যুদ্ধের কট্টর সমালোচক ছিলেন টমাস ম্যাসি। এই স্পষ্টভাষী ভূমিকার কারণে তিনি আগেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েন।
চলতি বছরের শুরুতে দলীয় প্রাইমারি নির্বাচনে ম্যাসির বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেন ট্রাম্প। সেই নির্বাচনে হেরে যাওয়ার কারণেই এবার আইনসভা থেকে বিদায় নিতে হচ্ছে ম্যাসিকে।
বেসামরিক প্রাণহানি ও বিচারবহির্ভূত হত্যা
ম্যাসির আনা প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন সংবিধান ও ‘ওয়ার পাওয়ার রেজল্যুশন’ অনুযায়ী কোনো সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু হেগসেথ তা পুরোপুরি উপেক্ষা করে ইরানে যুদ্ধ চালিয়েছেন।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের প্রতিষ্ঠিত নিয়মকানুন ভেঙে পেন্টাগনে এক ‘যুদ্ধংদেহী সংস্কৃতি’ তৈরি করেছেন। এর ফলেই বড় ধরনের বেসামরিক প্রাণহানি ঘটেছে।
দৃষ্টান্ত হিসেবে গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন বিমান হামলার কথা তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর মুখে হওয়া ওই হামলায় ১২০ শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছিল।
এ ছাড়া ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌকায় আইনি সুরক্ষাবিধি না মেনে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। প্রস্তাবে বলা হয়, এসব প্রাণঘাতী হামলা চালিয়ে হেগসেথ মূলত ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে সাংবাদিকদের কাজ সীমিত করে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনা।
হেগসেথের সাফাই ও প্রশাসনের অস্বস্তি
অভিশংসন প্রস্তাবের মুখে কোনো ধরনের নতিস্বীকার না করে নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, কংগ্রেসে নিজের পদক্ষেপগুলোর পক্ষে সাফাই গাওয়ার এই সুযোগকে তিনি স্বাগত জানাচ্ছেন।
সোমবার সাংবাদিকদের হেগসেথ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য থেকে অনেকেই হয়তো বড় ধরনের নীতিগত পার্থক্যের কথা বলছেন। কিন্তু তাদের এই আপত্তি মূলত আমাদের সাফল্যের বিরুদ্ধেই।”
তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ নিয়ে যদি কাঠগড়ায় লড়াই বা চুলচেরা বিতর্ক করতে হয়, তবে আমি সারাদিন ধরেই তা করতে প্রস্তুত।” মঙ্গলবার এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
প্রতিরক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার তিনি কটাক্ষ করে বলেন, “হেগসেথের একমাত্র ‘অপরাধ’ হলো সে দুটি যুদ্ধে জিতেছে। আমরা পশ্চিম এশিয়া ও ইসরায়েলকে রক্ষা করেছি। এমন কাজের পর কাউকে অভিশংসন করার দাবি নিতান্তই অবান্তর।”
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, সমালোচনার মুখেও হেগসেথ ‘ভালো কাজ’ করেছেন। ইরান যুদ্ধ খুব একটা জনপ্রিয় না হলেও তা ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেন তিনি।
তবে প্রকাশ্যে হেগসেথের পক্ষে কথা বললেও প্রশাসনের কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম অস্বস্তিতে রয়েছেন। তারা স্বীকার করছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের অজনপ্রিয়তাই প্রধান কারণ ছিল।
এদিকে নিজ দলের আইনপ্রণেতার এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার মাইক জনসন।
তিনি বলেন, “সস্তা রাজনৈতিক ফায়দা হাসিলের চাতুরী হিসেবে আমরা মন্ত্রিসভার কাউকে অভিশংসন করি না। আমি মনে করি এটি ঠিক সেটাই, আর সবাই তা ভালো করেই জানে।”
রাজনৈতিক সমীকরণ ও ডেমোক্র্যাটদের সমর্থন
হেগসেথকে পদচ্যুত করতে হলে প্রথমে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে প্রস্তাবটি পাস হতে হবে।
এরপর ১০০ আসনের সেনেটে দুই-তৃতীয়াংশ (৬৭ জন) সদস্যের ভোটে তাকে দোষী সাব্যস্ত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
বর্তমান রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভায় প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী নতুন ডেমোক্র্যাট সদস্যরা দায়িত্ব নিলে হেগসেথের ওপর চাপ বহুগুণ বাড়বে।
ইতিমধ্যেই প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা এবং সম্ভাব্য পরবর্তী স্পিকার হাকিম জেফ্রিজ সপ্তাহান্তে এই অভিশংসন প্রস্তাবে পূর্ণ সমর্থন দিয়েছেন।
তিনি বলেন, “তথাকথিত এই প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি দেশের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং ইরানে একটি অবিবেচকের মতো ও ব্যয়বহুল অনাবশ্যক যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।”
তবে নতুন সেনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৫৪টিতে, যা হেগসেথকে স্থায়ীভাবে অপসারণের জন্য প্রয়োজনীয় ৬৭ ভোটের চেয়ে বেশ কম।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats