কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরিচাঁদ জাট ওরফে হ্যারি বক্সার যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) তাকে আটক করেছে।
রোববার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
প্রতিবেদনে জানানো হয়, হ্যারি বক্সারকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজস্থান পুলিশ।
পুলিশ বলছে, রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে তাকে আটকের ব্যবস্থা করে। এ কাজে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহযোগিতা করেছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী হ্যারি বক্সারের বাড়ি রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার ছতারপুরা গ্রামে। পুলিশের অভিযোগ, বিদেশে অবস্থান করেও তিনি ভারতে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। লরেন্স বিষ্ণোই ও রোহিত গোদারা গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রাজস্থান পুলিশের এজিটিএফের অতিরিক্ত মহাপরিচালক দীনেশ এমএন জানান, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মুম্বাই ও পুনেতে চাঁদাবাজির হুমকি এবং গুলিবর্ষণের ঘটনায় হ্যারি বক্সার জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল অ্যাপের মাধ্যমে ইন্টারনেটভিত্তিক ফোনকল (ভিওআইপি) করে বিত্তশালী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন তিনি। দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হতো।
বলিউড পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও তিনি অভিযুক্ত। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করেছিলেন বলে অভিযোগ আছে।
রাজস্থানের বিভিন্ন থানায় হ্যারি বক্সারের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ চাঁদাবাজি, অস্ত্র আইনে অপরাধ ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে ২২টির বেশি মামলা আছে।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে নিজের পাসপোর্ট ব্যবহার করে ভারত ছাড়েন হ্যারি বক্সার। এরপর দুবাই, ডোমিনিকান রিপাবলিক ও গায়ানা হয়ে মেক্সিকোতে যান। সেখান থেকে অবৈধ অভিবাসনপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ১৪ নভেম্বর সিবিআইয়ের সঙ্গে সমন্বয় করে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ইন্টারপোলের মাধ্যমে নয়টি নোটিশ পাঠায় এজিটিএফ। পাশাপাশি তার বিষয়ে গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত উপাত্ত, সাময়িক গ্রেপ্তারের আবেদন, হালনাগাদ তথ্যসম্বলিত নথি এবং আঙুলের ছাপ পাঠানো হয়।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats