10 November 2026
The News Diplomats
রয়টার্স, নয়াদিল্লি :
Publish : 07:55 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, চাইলেন পাসপোর্ট ও এনআইডি

দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, চাইলেন পাসপোর্ট ও এনআইডি

Publish : 07:55 AM, 09 November 2026.
রয়টার্স, নয়াদিল্লি :

লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছে # ইমেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায় # আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ # ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে নির্বাসনে শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুই বছরের বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এখন তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এ পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

আজ সোমবার শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর দেশে ফেরার তারিখ জানানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতি হতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল।

শেখ হাসিনার ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো  ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে এ ধরনের একটি ই–মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লি হাইকমিশন। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের ব্রিফ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তাঁর পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন।

আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছে, সে দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পত্র পাঠিয়েছি, তাকে যেন আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়, বলেন সালাহউদ্দিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন মঙ্গলবার ‘দেশব্যাপী সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটায় জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।’

‘এটা যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী,’ বলেন তিনি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ট্রাম্পের পোস্টে মোদীকে রাখতে মাসে ৭৫ হাজার ডলারে ভারতের লবিং শিরোনাম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি শিরোনাম ভারতের কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই গ্যাং সদস্য হ্যারি বক্সার যুক্তরাষ্ট্রে আটক শিরোনাম সৌদি আরবে নারী শ্রমিক: কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ নির্যাতনের ক্ষত নিয়ে শিরোনাম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অর্থ-সুরক্ষা দেওয়ার আহ্বান গুতেরেসের শিরোনাম শেখ হাসিনার চিঠি হাস্যকর, বাংলাদেশ ‘সন্ত্রাসীকে’ পাসপোর্ট দেয় না