10 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 11:38 AM, 10 November 2026.
Digital Solutions Ltd

জলবায়ু বিপর্যয়: দায় অন্যদের, ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের

জলবায়ু বিপর্যয়: দায় অন্যদের, ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের

Publish : 11:38 AM, 10 November 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বে বাংলাদেশের দায় খুবই সামান্য। অথচ এ সংকট মোকাবিলা ও পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের খরচ মেটাতে দেশটিকে বিপুল ঋণ নিতে হচ্ছে।

জলবায়ু অর্থায়নের নামে বাংলাদেশ যে অর্থ পাচ্ছে, তার বড় অংশই অনুদান নয়, ঋণ। এতে জলবায়ু পরিবর্তনের জন্য তেমন দায়ী না হয়েও বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশটিকে সংকট মোকাবিলার পাশাপাশি ঋণের বোঝাও বইতে হচ্ছে।

ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের (সিআই) গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে পাওয়া জলবায়ু অর্থায়নের ৯০ শতাংশের বেশি এসেছে ঋণ হিসেবে।

গবেষকদের মতে, বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। আর দেশটিকে এমন একটি সংকট মোকাবিলায় বিপুল ঋণ নিতে হচ্ছে, যে সংকট তৈরিতে এর ভূমিকা খুবই সামান্য।

গবেষণায় বলা হয়েছে, ওই সময়ে বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের পরিমাণ ছিল ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের মতো। এর মধ্যে ৯২ শতাংশ বা ২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার এসেছে ঋণ হিসেবে। আর অনুদান ছিল মাত্র ৮ শতাংশ বা প্রায় ২০৩ মিলিয়ন ডলার।

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোকে এই সংকট মোকাবিলায় ঋণ নিতে বাধ্য করা হচ্ছে। এটা কোনো সহায়তা নয়, বরং চুক্তির শর্তে লেখা আরেকটি আঘাত।’

বিশ্বব্যাংকের চলতি বছরের ২২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মাত্র ১ দশমিক ৫ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে।

অথচ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) পরিকল্পনার তৃতীয় প্রশমন অংশ বাস্তবায়নে প্রয়োজন হবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার ওপর।

অন্যদিকে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় (২০২৩-২০৫০) জলবায়ু ঝুঁকিতে থাকা ১১টি অঞ্চলের জন্য ১১৩টি বড় উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হবে বলে ধারণা করা হয়েছে। এর প্রায় তিন-চতুর্থাংশ অর্থই লাগবে ২০৪০ সালের মধ্যে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে উপকূলীয় পোল্ডারগুলোর সমন্বিত ব্যবস্থাপনা, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও চরম আবহাওয়া থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষায় সমুদ্রবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।

জাকির বলেন, ‘বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থ জোগাচ্ছে মূলত ঋণের মাধ্যমে। অনুদান বা ঝুঁকি ভাগাভাগি করে বিনিয়োগের সুযোগ তুলনামূলক কম।’

তার মতে, জ্বালানি খাত এখন এই ঋণের বোঝার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘জ্বালানি খাতে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ প্রায় নয় ডলার ঋণ পেয়েছে। অথচ জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা এখনো রয়ে গেছে।’

বাংলাদেশের জলবায়ু ও জ্বালানি খাতে ঋণ দেওয়া বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং জার্মানির কেএফডব্লিউ।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস এবং বিভিন্ন দেশের উন্নয়ন সহযোগীরা অনুদান দিয়েছে।

কিছু উদ্যোগে ঋণ ও অনুদান, দুই ধরনের অর্থায়নই রয়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়ন-ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ৪৫ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে।

তবে জাকিরের মতে, অর্থায়নের উৎস কোথায়, সেটাই মূল বিষয় নয়। বরং সেই অর্থায়নের শর্ত দেশের ওপর কতটা আর্থিক বোঝা তৈরি করছে, সেটাই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমাদের উদ্বেগ শুধু কে অর্থ দিচ্ছে, তা নিয়ে নয়। আমরা দেখতে চাই, অর্থায়নের শর্ত দেশের সরকারি ঋণ বাড়াচ্ছে, নাকি সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবস্থা করছে।’

জাকির আরও বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশের ভূমিকা সামান্য, শুধু টিকে থাকার জন্য সেসব দেশের ঋণের বোঝা বাড়ানো উচিত নয়।

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণায় বাংলাদেশের জলবায়ুঝুঁকি এবং বৈশ্বিক কার্বন নিঃসরণে দেশটির অবদানের মধ্যে বড় ব্যবধান তুলে ধরা হয়েছে।

২০২৪ সালে বিশ্বে প্রায় ৩৮ দশমিক ৬ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবদান ছিল মাত্র ১০ কোটি ৮০ লাখ টন, যা বিশ্বের মোট বার্ষিক নিঃসরণের প্রায় শূন্য দশমিক ২৪ শতাংশ। জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও শিল্পকারখানা থেকে ঐতিহাসিকভাবে মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ বলে ধারণা করা হয়।

জাকির বলেন, ‘এ কারণেই জলবায়ু অর্থায়নে বাড়তি সরকারি ঋণের পরিবর্তে জলবায়ু ন্যায়বিচার, অনুদান ও টেকসই বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে।’

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অনুদানভিত্তিক সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘তবে অনুদান পাওয়া না গেলে এ ধরনের প্রকল্পে যৌথ বিনিয়োগ ভালো বিকল্প হতে পারে। এতে দেশের ঋণের বোঝা বাড়বে না।’

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহজ শর্তে ঋণ নেওয়াও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অব্যাহত রাখার চেয়ে ভালো।

গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ প্রতিবছর যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তার প্রতি টনের বিপরীতে এখন ২৯ দশমিক ৫২ ডলার ঋণ নিচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোর গড় ঋণের পরিমাণ ৩০ দশমিক ৪৯ ডলারের তুলনায় বাংলাদেশের এই পরিমাণ কিছুটা কম।

গতকাল কপ৩১ সম্মেলন শুরু হয়েছে। এ উপলক্ষে জাকির উন্নয়নশীল দেশগুলোর প্রতি কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে নিঃশর্ত অনুদান, জলবায়ু-সম্পর্কিত ঋণ মওকুফ, জলবায়ু অর্থায়নের স্বচ্ছ হিসাব এবং এমনভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন নিশ্চিত করা, যেন দেশের সরকারি ঋণ না বাড়ে।

জাকির বলেন, ‘দেশের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস নয়, জলবায়ুঝুঁকির মাত্রা বিবেচনা করে সহায়তা দেওয়া উচিত। জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা দাক্ষিণ্য নয়, এটি একটি বাধ্যবাধকতা।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা চাইবে।

তুরস্কের আনতালিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কপ৩১ সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে বাংলাদেশ।

বিশেষ করে অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি জলবায়ু তহবিলের জন্য আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া সহজ করার বিষয়টিও তুলে ধরা হবে।

UN/CLIMATE CRISIS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির শিরোনাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম জলবায়ু বিপর্যয়: দায় অন্যদের, ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের শিরোনাম শ্রীমঙ্গলে ‘জুলাই যোদ্ধা’ হাসিবের ওপর হামলা, সঙ্গে ছিলো এক তরুণী শিরোনাম আ.লীগের ‘নিরপরাধ’ লোকজনের ‘অন্য সভা’ করতে সমস্যা দেখছেন না জাহেদ শিরোনাম দুদকে চাকরি ফেরে পেলেন সেই শরীফ, পাবেন বকেয়া বেতন-ভাতাও