জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে জাইমা রহমানকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে ২৯টি দেশের ৪০ ব্যক্তি বিভিন্ন নির্বাহী পদে দায়িত্ব পালন করছেন। এসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল, হাইতি রয়েছে।
সেনেগালের নাগরিক এবং তিন দশকের বেশি সময় ধরে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন জিবরিল দিয়ালু ওই দপ্তরের শেফ দ্য ক্যাবিনেট বা প্রধানের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম ওই দপ্তরের উপপ্রধানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাংলাদেশিদের মধ্যে মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী; মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো–বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তাঁর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমান আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখভাল করবেন।
জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats