চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়া দিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথম শর্ত হিসেবে তারা বলেছেন, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। নয়া দিল্লির কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা লিখেছে, সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, স্থলপথেও হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে পারে।
দ্বিতীয় শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, শেখ হাসিনা যেন তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ‘নয়া দিল্লির এ মনোভাব’ এমন সময় সামনে এল, যখন তিনি দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন জানিয়েছেন।
এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই তারা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
কিন্তু প্রত্যর্পণের দাবি জানালেও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের ধারণা, মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুক।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি লিখেছে, "জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ— বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।"
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর মধ্যে গত জুলাই মাসে তিনি রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।
শেখ হাসনিার পাসপোর্ট ও এনআইডি আবেদন সামনে আসার পর গত সোমবারও এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সেদিনও তার জবাব ছিল, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
কিন্তু বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, “শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার নেপথ্যে দিল্লির কোনো ভূমিকা আছে কিনা? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনো তৎপরতা দেখাচ্ছে?
“সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি—দুপক্ষই এ ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।”
দিল্লি ও ঢাকার মধ্যে আলোচনা চলছে?
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত যে দুটি শর্তের ‘আভাস’ দিচ্ছে, তার কারণ হিসেবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বিবিসি লিখেছে, "আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।"
সেই বিচার যেন আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।
বিবিসি বাংলা লিখেছে, নয়া দিল্লির শর্ত “পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যেন প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।”
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোর জন্য পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দায়িত্ব নেওয়ার পর ঢাকায় দুই দফায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। আর দুবারই বৈঠকের পর দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সবশেষ গত ৬ অক্টোবর অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বসেছিলেন তিনি।
তখন ভারতের একটি শীর্ষ ‘সামরিক সূত্র’ বিবিসি বাংলাকে বলেন, "বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।"
তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয়, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।”
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats