আজ শুক্রবার বাংলাদেশের বেশিরভাগ অফিসে সাপ্তাহিক ছুটি। তবে মুসলিম বিশ্বের বাইরে বেশিরভাগ দেশেই আজ কর্মদিবস। অথচ, বৃহস্পতিবার রাত থেকেই ব্যবহারকারীরা প্রযুক্তি জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটের মতো সেবা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন। পশ্চিমা দেশগুলোতে অনেক অফিসের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
বিশ্বজুড়ে আউটলুক অচল হয়ে পড়া এবং ৭৪টি দেশে টিমস ও কোপাইলটের সেবা ব্যাহত হওয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর মাইক্রোসফট জানিয়েছিল, বহুল ব্যবহৃত সেবাগুলো সচলের উদ্যোগে ‘সামান্য সাফল্য’ এসেছে।
নিজেদের ওয়েবপেজে আজ ভোরে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সার্ভারের পরিস্থিতি মূল্যায়ন ও সক্ষমতা বাড়ানোর উপায় খুঁজতে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্ট মাইক্রোসফট জানিয়েছে, বিঘ্নিত বা বন্ধ থাকা সেবা আগের অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘আশানূরূপ অগ্রগতি’ হচ্ছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরাও জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, তাদের আউটলুক ইমেইলের ইনবক্সে আবারো মেইল আসা শুরু করেছে। আবার অনেকেই বলছেন, তারা এখনো মেইলবক্সে প্রবেশ করতে পারছেন না।
এক্সে দেওয়া বিবৃতিতে মাইক্রোসফট আরও জানায়, কিছু ব্যবহারকারীরা এখনো ‘সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন’।
এই সেবা বিপর্যয়, এর কারণ এবং কখন সেবাগুলো আবার স্বাভাবিক হতে পারে, সে সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে তা তুলে ধরা হয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায়।
কী ঘটেছে?
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) নাগাদ মাইক্রোসফটের বিভিন্ন সেবা বিঘ্নিত হয়। এ সময় ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির ইমেইল সেবা আউটলুকে প্রবেশ করতে না পারার অভিযোগ জানাতে থাকেন। প্রায় এক ঘণ্টার মধ্যে সেবা বিপর্যয় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর জমা পড়ে।
মাইক্রোসফট জানায়, অপ্রত্যাশিতভাবে বেশ কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে। তবে ব্যবহারকারীর সংখ্যা বা ইন্টারনেট ট্রাফিক বেড়ে যাওয়ার কারণে সার্ভারের ওপর বাড়তি চাপ পড়ে এমনটি হয়নি বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে পুরো কর্মদিবস এবং রাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। ইউরোপে শুক্রবার সকালেও সমস্যার সমাধান হয়নি। এমনকি মাইক্রোসফট যেসব সার্ভার সচল করেছিল, তার মধ্যে কিছু আবার অকার্যকর হয়ে পড়ে।
প্রযুক্তি বিশ্লেষক ও সাংবাদিক রুপার্ট গুডউইনস আল জাজিরাকে বলেন, ‘এমন ঘটনার নজির আরও আছে। তবে এবারের বিভ্রাটের মাত্রা বিস্ময়কর। মাইক্রোসফটের জন্য বিষয়টি খুবই বিব্রতকর এবং বাকি সবার জন্য বিরক্তিকর।’
কত মানুষ প্রভাবিত হয়েছেন?
কতজন ব্যবহারকারী এই বিভ্রাটের শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত করেনি মাইক্রোসফট। তবে ডাউনডিটেক্টরের তথ্য থেকে পরিস্থিতির একটি আংশিক চিত্র পাওয়া যায়।
শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) নাগাদ ৭২টি দেশের ব্যবহারকারীদের কাছ থেকে আউটলুকের সমস্যা নিয়ে অন্তত ৪৩ হাজার অভিযোগ পেয়েছিল ডাউনডিটেক্টর। ভুক্তভোগী ব্যবহারকারীদের সংখ্যা এরচেয়ে অনেক বেশি হতে পারে। কারণ, এ হিসাবের মধ্যে কেবল ওই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানো ব্যক্তিদের তথ্যই রয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বেনেট স্কুল অব পাবলিক পলিসির সহযোগী গবেষক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ওয়াল্টার পাসকুয়েরেলি বলেন, ‘প্রায় ৪৩ কোটি মানুষ মাইক্রোসফটের সেবা ব্যবহার করেন। এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো, এটি মূলত যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।’
সিঙ্গাপুর ও জাপানের সরকারি ব্যবস্থা, ফিলিপাইনের সুপ্রিম কোর্টের যোগাযোগব্যবস্থা এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশও এ সমস্যার শিকার হয়েছে। এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বড় আকারে বিঘ্নের মুখে পড়েছে।
মাইক্রোসফটের কোন কোন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আউটলুক মেইল। ব্যবহারকারীরা জানিয়েছেন, ওয়েবসাইট, অ্যাপ কিংবা মোবাইল ডিভাইস—কোনো মাধ্যমেই তারা নিজেদের ইমেইল ইনবক্স খুলতে পারেননি।
মাইক্রোসফটের অন্যান্য সেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। এ বিপর্যয়ের প্রভাব প্রতিষ্ঠানটির নিজস্ব পণ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ অন্য কোম্পানিগুলোর ব্যবহৃত বিভিন্ন সমন্বিত সেবাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাইক্রোসফটের সেবা বিভ্রাটের কারণ
সেবা বিপর্যয়ের মূল কারণ এখনো প্রকাশ করেনি মাইক্রোসফট। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার হামলার কারণে এ ঘটনা ঘটেনি।
শুক্রবার প্রতিষ্ঠানটি নেটওয়ার্কে আনা একটি পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ করছিল। তবে ওই পরিবর্তনের কারণেই সমস্যা তৈরি হয়েছিল কি না, তা জানায়নি তারা।
মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস ও প্ল্যাটফর্ম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ল্যামানা বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন, এই বিভ্রাটের সঙ্গে হ্যাকিং বা সাইবার হামলার সংযোগ নেই।
সার্ভারের ওপর বাড়তি চাপ তৈরির দুটি কারণ বর্ণনা করেন প্রযুক্তি বিশ্লেষক রুপার্ট গুডউইনস। তার মতে, বাইরে থেকে হামলা চালিয়ে কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে সিস্টেমের ওপর বিপুল পরিমাণ কৃত্রিম চাপ তৈরি করে সেটি অচল করার চেষ্টা করতে পারে। অভ্যন্তরীণ সিস্টেম আপডেট করার সময় কোনো ত্রুটি দেখা দিলেও এমনটা হতে পারে। মাইক্রোসফট বলেছে, বাইরে থেকে হামলার ঘটনা ঘটেনি। আমি তাদের কথা বিশ্বাস করি। কারণ, এ ধরনের হামলা প্রতিহত করার মতো উপায় তাদের জানা আছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ওয়াল্টার পাসকুয়েরেলি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ কারিগরি ত্রুটির দিকেই ইঙ্গিত করছে।
গুডউইনসের মতে, সাম্প্রতিক সময়ে এআই খাতে বাড়তি মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। যার ফলে আউটলুক ও টিমসের মতো সেবাগুলো অবহেলিত থেকেছে। তারই ফলাফল এই বিপর্যয়। এই ঘটনায় প্রকাশ পেয়েছে, এআই খাতে বিপুল বিনিয়োগ স্বত্বেও মাইক্রোসফট এমন কোনো সেবা তৈরি করতে পারেনি, যা তাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান এনে দিতে পারে।
মাইক্রোসফটের সমাধানের চেষ্টা
সেবা চালুর অগ্রগতি নিয়ে এক্সে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার এড়িয়ে ইউজারদের ইন্টারনেট ট্রাফিক অন্য সার্ভারে পাঠানোর চেষ্টা চলছে। এতে সেবা আংশিকভাবে সচল হলেও পরে তারা জানায়, এসব উদ্যোগ প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।
পাসকুয়েরেলি বলেন, ‘বিষয়টিকে চার লেনের একটি মহাসড়কের সঙ্গে তুলনা করা যায়। হঠাৎ করে সেখানে লেনের সংখ্যা কমে দুইয়ে নেমে এলে বাকি দুই লেনে অনেক বেশি যানবাহনের চাপ পড়ে। একপর্যায়ে পুরো ব্যবস্থাই অচল হয়ে যায়।’
গুডউইনস বলেন, ‘নতুন করে কোনো সার্ভার সচল হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য সব সার্ভারে আটকে থাকা ট্রাফিকের চাপে পড়ে। ফলে পুরো ব্যবস্থাই আবার অচল হয়ে পড়ে। সড়ক দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার হলেও যানজট থেকে যায়। বিপুলসংখ্যক গাড়ি আটকে থাকে, যা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার সক্ষমতা সড়কের থাকে না।’
এই বিশেষজ্ঞের মতে, মাইক্রোসফট থেকে অনেক অভিজ্ঞ প্রকৌশলীর চাকরি ছেড়ে চলে যাওয়া এই বিপর্যয়ের অন্যতম কারণ। এসব সিস্টেম কীভাবে তৈরি করা হয়েছে এবং কীভাবে কাজ করে, সে সম্পর্কে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান হারিয়ে যাচ্ছে।
আউটলুক, টিমস ও কোপাইলট কবে পুরোপুরি সচল হবে?
পুরোপুরি সেবা সচল হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলেছে, সার্ভারের সক্ষমতা ফিরে আসার পর ব্যবহারকারীরা পর্যায়ক্রমে সেবা ফিরে পেতে পারেন।
বিশেষজ্ঞরা মত দেন, আপাতত অপেক্ষা করা ছাড়া ব্যবহারকারীদের কিছুই করার নেই। কয়েকজন মত দেন, এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে অন্যান্য প্রতিষ্ঠানের বিকল্প সেবার দিকে ঝুঁকতে পারেন ব্যবহারকারীরা।
পরিণতি কী হতে পারে?
এমন সময় মাইক্রোসফটের সেবা বিভ্রাট দেখা দিয়েছে, যখন ইউরোপসহ বিভিন্ন দেশ মার্কিন সফটওয়্যার পণ্যের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বৈরী বাণিজ্য ও পররাষ্ট্রনীতি এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞরা মত দেন।
প্রযুক্তি বিশেষজ্ঞ গুডউইনস বলেন, ‘ইউরোপে মাইক্রোসফটের বিকল্প খুঁজে বের করার জোরালো উদ্যোগ রয়েছে। এ ধরনের ঘটনা সেই চাপ আরও বাড়াবে।’
তিনি জানান, এতদিন ব্যবহারকারীদের ‘দীর্ঘদিনের অভ্যাসের’ সুযোগ নিয়েছে মাইক্রোসফট। বেশিরভাগ মানুষ মনে করেন, দীর্ঘদিনের অভ্যাস বদলে অন্য কোনো সেবায় চলে যাওয়ার ঝক্কি অনেক বেশি। এ ধরনের ঘটনায় সে অভ্যাস বদলাতে পারে। তবে এতে স্বল্প মেয়াদে মাইক্রোসফটের আয় প্রভাবিত হবে না।
মাইক্রোসফটের শেয়ারের দামে সাময়িক পতন হতে পারে বলে মনে করেন পাসকুয়েরেলি। তবে অফিস সফটওয়্যারের বাজারে প্রতিষ্ঠানটির আধিপত্যের বিকল্প তৈরি করা কঠিন।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, অন্তত ইউরোপে এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে, যারা এই সেবা বিপর্যয়ের কারণে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্য ও শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।’
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats