17 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:06 PM, 16 November 2026.
Digital Solutions Ltd

তৃতীয় এলএনজি টার্মিনাল

৬০০০ কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেয়ার অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সাশ্রয়’

৬০০০ কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেয়ার অভিযোগ,  প্রতিমন্ত্রীর দাবি ‘সাশ্রয়’

Publish : 12:06 PM, 16 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চীনের একটি কোম্পানিকে প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খরচ বেশি হওয়ার ব্যাখ্যা দিয়ে দীর্ঘমেয়াদে ২৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে দাবি করেছেন। সোমবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে এনসিপি নেতা আখতার অভিযোগ করে তিনি বলেন, টার্মিনালটি নির্মাণে কোম্পানিটির প্রস্তাবিত খরচ বর্তমানে চালু থাকা দুটির চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি।

পরে তার অভিযোগের জবাব দেন প্রতিমন্ত্রী। বলেন, নতুন টার্মিনালের ধারণক্ষমতা ও গ্যাস সরবরাহের সক্ষমতা বেশি হওয়ায় খরচও বেশি হবে। একই সঙ্গে বড় জাহাজে এলএনজি আমদানির সুযোগ তৈরি হলে ২০ বছরে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

গত বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীনের রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে (সিএনইই) তৃতীয় টার্মিনাল স্থাপনের কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি ১৫ বছর মেয়াদে বাস্তবায়ন করলে সরকারের ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

সোমবার রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তোলেন তিনি।

আখতারের ভাষ্য, চীনা কোম্পানিটির প্রস্তাব অনুযায়ী, নতুন টার্মিনালের জন্য দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। অথচ বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের একটিতে দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটিতে ২ লাখ ৪৯ হাজার ডলার দেওয়া হচ্ছে।

ক্যাপাসিটি চার্জ হলো টার্মিনালের সক্ষমতা ব্যবহারের জন্য চুক্তি অনুযায়ী দেওয়া নির্দিষ্ট অর্থ।

আখতারের দাবি, বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের চুক্তির মেয়াদ শেষে সেগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদ বাংলাদেশের মালিকানায় চলে আসবে। নতুন টার্মিনালটি ১৫ বছর পরিচালনার পরও বাংলাদেশের মালিকানায় আসবে না।

আখতার অভিযোগ করেন, প্রায় এক মাস আগে একই প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হলেও তা বাতিল করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকার সময় নতুন করে প্রস্তাবটি অনুমোদন করা হয়। বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের সক্ষমতা ও গ্যাস সরবরাহের সঙ্গে তুলনা করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি খরচ হবে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, “এই যে দেশের অর্থ অপচয় হচ্ছে ক্ষেত্রবিশেষে সেটা লোপাট হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে।”

আখতারের বক্তব্যের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মাননীয় স্পিকার এটা এই প্রশ্নের সাথে সম্পর্কিত কোন বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন। এটা নোটিস দেন। সঠিক উত্তর দেওয়া হবে।”

পরে কার্যপ্রণালি বিধির ৩০০ অনুযায়ী বিবৃতিতে তৃতীয় এলএনজি টার্মিনালে বাড়তি ব্যয়ের ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, মহেশখালী-কুতুবদিয়া এলাকায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়ে তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। খণ্ডিত বা ভুল তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তিরাও বিষয়টি নিয়ে কথা বলছেন। সে কারণে সরকারের অবস্থান পরিষ্কার করতে এই বিবৃতি দেওয়া হচ্ছে।

নতুন টার্মিনালটির ধারণক্ষমতা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে চালু থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের প্রতিটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন টার্মিনালের সক্ষমতা হবে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা প্রায় ২৬ শতাংশ বেশি। বেশি ধারণক্ষমতার টার্মিনালে মূলধনী বিনিয়োগ বেশি প্রয়োজন হওয়ায় দৈনিক সেবামূল্যও বেশি হবে।

“১০ হাজার বর্গফুটের একটি ওয়্যারহাউস তৈরি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, নিশ্চয়ই ৫০ হাজার বর্গফুটের ওয়্যারহাউস তৈরি করতে তার চাইতে বেশি অর্থ বিনিয়োগ করতে হবে। স্বাভাবিকভাবেই তার ভাড়াটিও বেশি হবে।”

প্রতিমন্ত্রী জানান, নতুন টার্মিনালের জন্য বেছে নেওয়া জাহাজটি ২০১৬ সালে নির্মিত। বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের জাহাজ নির্মিত হয়েছে ২০০৫ ও ২০০৬ সালে। সরকারের কাছে ২০০৮ সালে নির্মিত আরেকটি জাহাজের প্রস্তাবও ছিল। কিন্তু গত আগস্টে একটি ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক গ্রাহকেরা যে সংকটে পড়েছিলেন, তার পুনরাবৃত্তি এড়াতে অপেক্ষাকৃত নতুন জাহাজ বেছে নেওয়া হয়েছে।

নতুন টার্মিনালের গ্যাস সরবরাহের সক্ষমতাও বেশি হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, বর্তমানে চালু থাকা দুটি টার্মিনাল দৈনিক ৫০ থেকে ৬০ কোটি ঘনফুট করে তরলীকৃত গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তর করতে পারে। নতুন টার্মিনালে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট থাকবে। এর সর্বোচ্চ সক্ষমতা দৈনিক ১০০ কোটি ঘনফুট। তবে একটি ইউনিট বিকল্প হিসেবে প্রস্তুত রাখায় সাধারণভাবে দৈনিক ৬০ থেকে ৭৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।

বড় টার্মিনালের সুবিধা ব্যাখ্যা করে তিনি বলেন, বড় জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানি করা হলে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ মার্কিন সেন্ট এবং প্রতি কার্গোতে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার ডলার সাশ্রয় হতে পারে।

“যদি ২০ বছর মেয়াদি চুক্তি করতে যাচ্ছি, ২০ বছর মেয়াদে প্রতিটি কার্গো, প্রতি বছর যে ৫০টি কার্গো আমরা বিবেচনায় নিই, তাহলে ২০ বছরে শুধুমাত্র বাল্ক কোয়ান্টিটি কিনবার জন্য এই দেশ ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হবে।”

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুটি টার্মিনালে বছরে সর্বোচ্চ ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা যায়। তিন থেকে চার দিন পরপর জাহাজ আসা-যাওয়ার সময়সূচি মেলাতে হয়। নির্ধারিত সময়ে টার্মিনালে ভিড়তে না পারলে জাহাজকে বঙ্গোপসাগরে অপেক্ষা করতে হয়। এতে অতিরিক্ত খরচ হয়। নতুন টার্মিনালে বড় জাহাজ থেকে বেশি এলএনজি নেওয়া গেলে কার্গো আসার বিরতি বাড়বে এবং এই খরচ কমানোর সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ একবার কমে গেলে তা স্বাভাবিক হতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। নতুন টার্মিনাল সেই ঝুঁকি কমাতেও সহায়তা করবে।

অমিত বলেন, “এখানে একটি টাকার অপচয় নয়, একটি পয়সার যেন অপচয় না হয়, সেটি নিশ্চিত করাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক লক্ষ্য।”

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৬০০০ কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেয়ার অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সাশ্রয়’ শিরোনাম জীবিত না-ও ফিরতে পারি, স্ত্রীসহ নিজের চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি শিরোনাম মাথায় হেলমেট, বুকে ভেস্ট : হাত পিছমোড়া করে হাতকড়া লাগানো জিয়াউল শিরোনাম জবির পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা শিরোনাম জাতিসংঘ মিশনে অভ্যন্তরীণ টানাপোড়েন: ডিপিআর ওয়াহিদুজ্জামানের ভুমিকায় বিব্রতকর পরিস্থিতি! শিরোনাম টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় আগুন, এসআইকে কুপিয়ে জখম