বাঁ থেকে : আইরিন জুবায়েদা খান, এ কে এম ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হক
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত ও দায়িত্ব বণ্টনকে কেন্দ্র করে স্থায়ী প্রতিনিধি এবং উপ-স্থায়ী প্রতিনিধি-১ এর মধ্যকার প্রকাশ্য মতপার্থক্য এখন কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের মতে, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খানের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উপ-স্থায়ী প্রতিনিধি-১ (ডিপিআর) অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন।
ঘটনার নেপথ্যে কী?
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খান সম্প্রতি চীনের সাংহাইতে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করার প্রাক্কালে মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি (চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম) হিসেবে এ কে এম ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব না দিয়ে পেশাদার কূটনীতিক ডিপিআর-২ সঞ্চিতা হককে দায়িত্ব অর্পণ করেন। গত ১২ই নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘে সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এই প্রশাসনিক সিদ্ধান্তে পেশাগত অসন্তোষ প্রকাশ করে অধ্যাপক ওয়াহিদুজ্জামান ১৩ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং নিউইয়র্ক ত্যাগের (স্টেশন লিভ) অনুমতি চেয়ে পররাষ্ট্র সচিবের কাছে আবেদন করেন। কূটনৈতিক সূত্রগুলোর অভিযোগ, তিনি কেবল ছুটিই চাননি, তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চিঠির বিষয়বস্তু, স্টেশন লিভের আবেদন এবং স্থায়ী প্রতিনিধি আইরিন খানের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও প্রচারণা অব্যাহত রেখেছেন।
নীরব সমাধানের পথ এড়িয়ে যাওয়া
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো উল্লেখ করেছে, ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই নিউইয়র্কে জাতিসংঘে অবস্থান করছিলেন। সংশ্লিষ্টদের মতে, ডিপিআর-১ ওয়াহিদুজ্জামান যদি দল ও সরকারের প্রতি সত্যিকার অর্থে আন্তরিক হতেন, তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে জাতিসংঘে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন না করে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে নীরবেই সমাধান করতে পারতেন।
ডিপিআরের প্রবাস জীবন, অভিবাসন প্রেক্ষাপট
কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহলে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানের এই নিয়োগের প্রেক্ষাপট নিয়েও খোলামেলা আলোচনা চলছে। ২০১৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হওয়ার পর গ্রেপ্তার ও নির্যাতনের আশঙ্কায় তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং শুরুতে প্রায় ৯ বছর মালয়েশিয়ায় ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন অতিবাহিত করেন। অথচ এই সময়ে বিএনপির মহাসচিবসহ প্রথম সারির অনেক নেতাই সরকারের জুলুম নির্যাতন সহ্য করে দেশেই অবস্থান করছিলেন।
একাধিক কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে তিনি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হিসেবে বসবাস করছিলেন এবং তখনও স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাননি। রাজনৈতিক পটপরিবর্তন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের মায়া ত্যাগ করে দেশে ফিরে যাননি। বরং যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
সূত্রগুলোর মতে, দেশে ফিরলে তিনি হয়তো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা সংসদ সদস্য বা মন্ত্রী/প্রতিমন্ত্রী হওয়ার মতো অত্যন্ত সম্মানজনক রাষ্ট্রীয় দায়িত্ব পেতে পারতেন। কিন্তু তা না করে তিনি যুক্তরাষ্ট্রেই থাকতে আগ্রহী ছিলেন। এমতাবস্থায়, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দলের ডিজিটাল কর্মকাণ্ডে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নিরাশ করেননি। সরকারপ্রধানের একান্ত বদান্যতায় ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাঁর হারানো অধ্যাপক পদ ফিরে পান এবং অনলাইনে যোগদান করেন। এর পরপরই জুলাই মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে রাষ্ট্রদূত পদমর্যাদায় (গ্রেড-১) জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের ফলে তাঁর রাজনৈতিক আশ্রয়প্রার্থীর স্ট্যাটাস পরিবর্তিত হয়ে কূটনীতিকের মর্যাদায় রূপান্তরিত হয় বলে অনুমিত এবং যুক্তরাষ্ট্রে তাঁর অবস্থান পাকাপোক্ত হয়—যাকে কূটনৈতিক মহলে তাঁর জন্য এক 'সোনার হরিণ' প্রাপ্তি হিসেবে অভিহিত করা হচ্ছে।
আইরিন জুবায়েদা খানের আন্তর্জাতিক উচ্চতাঃ
অন্যদিকে, কূটনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন জুবায়েদা খানের যোগদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী, এশীয় ও মুসলিম মহাসচিব, আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা (IDLO)-এর দুই মেয়াদের মহাপরিচালক এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এ দীর্ঘ ২১ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্বের বিশ্বব্যাপী আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, আইরিন খান সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির পরিবারের সদস্য। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুরোধ ফেলতে না পেরেই তিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মত হন। ফলে তাঁর মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্বের যোগ্যতা ও নির্দেশনাকে বিতর্কিত করার চেষ্টা করায় খোদ সরকারপ্রধানকেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সঞ্চিতা হকের পেশাদারিত্ব ও কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড
এই গোটা পরিস্থিতিতে মিশন পরিচালনায় বিচক্ষণতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে চলেছেন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক। সঞ্চিতা হক তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে নিজেকে সবসময় পেশাদারিত্বের এক অনন্য উচ্চতায় রেখেছেন। ২০০৩ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।
পেশাদার এই কূটনীতিক এর আগে নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসমূহ এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের ৯ই জুলাই তাঁকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপ-স্থায়ী প্রতিনিধি-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মিশনের অভ্যন্তরীণ এই অনভিপ্রেত পরিস্থিতিতে কোনো ধরনের বিতর্কে না জড়িয়ে কেবল নিজ পেশাদারিত্ব ও অর্পিত দায়িত্বের প্রতি অবিচল থেকে তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভারপ্রাপ্ত প্রধানের (চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম) দায়িত্ব পালন করছেন। অথচ তাঁর কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও একটি পক্ষ তাঁকে জড়িয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা তাঁর মতো একজন দক্ষ পেশাদার কূটনীতিকের কাজের পরিধিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বৈ কিছু নয় বলে মনে করেন অনেক সিনিয়র কূটনীতিক।
কূটনৈতিক শিষ্টাচার
প্রচলিত কূটনৈতিক রীতি অনুযায়ী, সাধারণত মিশনের পরবর্তী জ্যেষ্ঠতম পেশাদার কূটনীতিক (যেমন- উপ-স্থায়ী প্রতিনিধি বা ডিপিআর) এই দায়িত্ব পেয়ে থাকেন। তবে এটি কোনো স্বয়ংক্রিয় বা অলঙ্ঘনীয় অধিকার নয়। মিশন প্রধান (স্থায়ী প্রতিনিধি) সংশ্লিষ্ট প্রশাসনিক প্রয়োজন, কাজের ধরন বা চলমান কোনো বিশেষ বৈঠকের গুরুত্ব বিবেচনায় মিশনের যেকোনো জ্যেষ্ঠ কূটনীতিককে এই দায়িত্ব দেওয়ার পূর্ণ এখতিয়ার রাখেন।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক পদমর্যাদা ও কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী মিশন প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকারের উচ্চপর্যায়ের সদিচ্ছায় প্রাপ্ত কূটনৈতিক মর্যাদার যথাযথ সম্মান রক্ষা করা এবং অভ্যন্তরীণ যেকোনো অসন্তোষ প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে রেখে সমাধান করাই পেশাদারিত্বের দাবি। সামাজিক মাধ্যমে প্রকাশ্য বিরোধের এই সংস্কৃতি বন্ধ না হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats