জুলফিকার আলী ভুট্টোও পা তুলে বসছিল শেখ মুজিবের সামনে : হুমায়ুন কবির
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আঙ্কারার বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওই সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশ ও তুরস্কের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরস্ক থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ টেনে সামরিক খাতে বিনিয়োগ নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার বিষয়ে জানতে চান এক সাংবাদিক।

উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “এখানে ডিফেন্স কোঅপারেশন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে— ইন টার্মস অফ ডিফেন্স বিনিয়োগ, ইন টার্মস অফ আমরা যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে পসিবল ইনভেস্টমেন্ট, তারপরে আবার ইন টার্মস অফ আদার এরিয়াস অব ডিফেন্স প্রোডাকশনে, আমাদের ওদিক থেকে একটা ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
তিনি বলেন, জলবায়ু সম্মেলনের মত বহুপক্ষীয় ফোরামের ফাঁকে হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এরদোয়ান।
বিষয়টিকে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ‘গুরুত্ব’ পাওয়ার ইঙ্গিত হিসাবে বর্ণনা করেন হুমায়ুন কবির।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে’ বৈঠক হয়েছে। এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন ‘নতুন উচ্চতায়’ রয়েছে। এই সম্পর্ক ‘আরও মজবুত নতুন উচ্চতার’ সমন্বিত অংশীদারত্বের দিকে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, আগেও বলেছিলেন যে, ‘আপনি আমার মূল্যবান ভাই। শুধু বাংলাদেশের ১৮০ মিলিয়নের মানুষের তো নেতা আপনিই, কিন্তু এর বাইরেও ইউ আর মাই ভ্যালুড ব্রাদার অ্যান্ড লিডার দ্যাট আই উইল বি ওয়ার্কিং ক্লোজলি উইথ। তো আমার ক্যাপাসিটিতে এবং তুরস্কের ক্যাপাসিটিতে যা আছে, বাংলাদেশের জন্য আমি করব।’”
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে রায়ের পরে বাংলাদেশ-তুরস্ক যাতে জোরদারভাবে কাজ করতে পারে এবং রোহিঙ্গা সংকটে অর্থায়ন নিয়ে যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ জোরালো করা যায়, সে বিষয়ে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে।
এড মিলিব্যান্ড থেকে ‘বেয়াদবির ইঙ্গিত দেখিনি’
আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পা তুলে বসা নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক।
উত্তরে হুমায়ুন কবির বলেন, বসার ক্ষেত্রে হয়ত ‘অস্বস্তিকর’ অবস্থায় ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, এর মধ্যে ‘বেয়াদবির ইঙ্গিত’ তিনি দেখেননি।
তিনি হাসতে হাসতে বলেন, “বসা নিয়ে… বসা আসলে বেচারাও নতুন দায়িত্ব পাইছে, পররাষ্ট্রমন্ত্রী হইছে। তো অনেক ক্ষেত্রে, বসার ভঙ্গি কীভাবে, এইটার বোধহয়, নিজেই একটা অকওয়ার্ড পজিশনে ছিল।
“বাট এইটা ওইরকম কোনো ধরনের, মানে আপনার বেয়াদবির ইঙ্গিত আমি দেখিনি। মানে আন্তরিকতাই দেখেছি। আর, এইটা নিয়ে যারা কথা বলছেন, মানে এটা অন্যদিকে একটা ভালো আলোচনাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওইদিক থেকে তেমন ইয়ে দেখিনি।”
সমালোচকদের উদ্দেশ্যে একাত্তরের মার্চে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টোর বসার ভঙ্গির উদাহরণ টানেন হুমায়ুন।
তিনি বলেন, “ওইভাবে যদি দেখেন, তাহলে তো জুলফিকার আলী ভুট্টোও পা তুলে বসছিল শেখ মুজিবের সামনে। হ্যাঁ? তো কি? তো ইয়ে করিয়া, ওইটা তো আরও গরম, মানে সেটা তো জুলফিকার আলী ভুট্টো মোটামুটি একটা গরম দাপড় দিয়ে বসছিল। তো ইয়ে করিয়া।
“তো ওইরকম গরম দাপড় দিয়ে (বসার মত) বর্তমান সরকারের সামনে লোকজন নেই, নেই বললেই চলে। এটা মে বি একটা সিটিংয়ের অকওয়ার্ড পজিশনিং ছিল। এজন্যই তো দেখছেন লড়াচড়া ইয়ে বেশি করছে উনি। তো এইটা নিয়ে মানে এগুলো অপ্রাসঙ্গিক।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ‘ব্যক্তিগতভাবে’ চেনেন তিনি। গত দুই সপ্তাহে তার সঙ্গে দুইবার বৈঠক হয়েছে। একটা এন্টিগা অ্যান্ড বারবুডায় কমনওয়েলথের সাইডলাইনে এবং দ্বিতীয়টি আনতালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে।
“অত্যন্ত আন্তরিক, উনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দিয়েই উনাকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার হিসেবে গ্রহণ করতে পারছেন। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত এবং বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন এবং বাংলাদেশের মানুষের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে, এই ধরনের আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা, একজন ট্রান্সফরমেটিভ লিডার তারেক রহমানের নেতৃত্বে এখন এটার সূচনা হইল।”
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats