17 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:02 PM, 16 November 2026.
Digital Solutions Ltd

আওয়ামী–সংশ্লিষ্টতা সন্দেহ

জবির পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা

জবির পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা

Publish : 12:02 PM, 16 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন তাঁরা।

মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। এ সময় তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বৈঠক চলছিল।

মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। আর হেনস্তার শিকার শিক্ষক হলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা দাবি করেন, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এমন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের তালিকা তৈরি করেছেন তাঁরা। সে অনুযায়ী তাঁদের খুঁজে বের করা হচ্ছে।

বিভিন্ন দপ্তর ও বিভাগে যাওয়ার সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের স্লোগান ছিল,‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

যা দেখা গেল

সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে নিজ কার্যালয় থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় প্রক্টরের কার্যালয়ে। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নেন নেতা-কর্মীরা।

 

জুনায়েদ হোসেনকে প্রক্টরের কার্যালয়ে রেখে বিজ্ঞান অনুষদের দিকে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজতে থাকেন তাঁরা। না পেয়ে ফিরে আসেন। তখন তাঁদের সঙ্গে যোগ দেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। দুটি সংগঠনের নেতা-কর্মীরা মিলে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’

ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাকটিভিজম চালায়, তাদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’

বিক্ষোভ সমাবেশ শেষে আবার বিভিন্ন দপ্তর ও বিভাগে যেতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের। দ্বিতীয় দফায় শুরুতেই রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর শুরু করেন তাঁরা। এ সময় তাঁর পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে বাংলা বিভাগের চেয়ারম্যানকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া যায়। ছবিটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

এরপর নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যান। সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। টেনেহিঁচড়ে তাঁর পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয়। এরপর তাঁকেও প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে যান ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা। সেখানে সেকশন অফিসার নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তাঁরা। একইভাবে মারধর করে ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমানকেও প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ প্রথম আলোকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। আমরা সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।’

 

 

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৬০০০ কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেয়ার অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সাশ্রয়’ শিরোনাম জীবিত না-ও ফিরতে পারি, স্ত্রীসহ নিজের চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি শিরোনাম মাথায় হেলমেট, বুকে ভেস্ট : হাত পিছমোড়া করে হাতকড়া লাগানো জিয়াউল শিরোনাম জবির পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা শিরোনাম জাতিসংঘ মিশনে অভ্যন্তরীণ টানাপোড়েন: ডিপিআর ওয়াহিদুজ্জামানের ভুমিকায় বিব্রতকর পরিস্থিতি! শিরোনাম টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় আগুন, এসআইকে কুপিয়ে জখম