১৩ নভেম্বর থেকে মিশনের দাপ্তরিক কার্যক্রমে অনুপস্থিত, অফিসে যাচ্ছেন না # কূটনৈতিক প্রোটোকল, ‘ডিপ্লোমেটিক কার্ড’ ও লিয়েন নিয়ে আলোচনা
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি (ডিপিআর-১) অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানের ১০ দিনের নৈমিত্তিক ছুটি ও নিউইয়র্ক ত্যাগের (স্টেশন লিভ) আবেদন নামঞ্জুর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদন নামঞ্জুরের বিষয়টি ইতিমধ্যেই তাঁকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, ছুটি মঞ্জুর না হওয়া সত্ত্বেও তিনি গত ১৩ নভেম্বর থেকে মিশনের দাপ্তরিক কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন এবং অফিসে যাচ্ছেন না।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খান চীনে একটি সেমিনারে অংশ নিতে নিউইয়র্ক ত্যাগ করার প্রাক্কালে মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি (চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম বা সিডিএ) হিসেবে পেশাদার কূটনীতিক ও রাষ্ট্রদূত মর্যাদায় ডিপিআর-২ সঞ্চিতা হককে দায়িত্ব অর্পণ করেন। প্রশাসনিক এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে উপ-স্থায়ী প্রতিনিধি (ডিপিআর-১) অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান ১৩ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং স্টেশন লিভের অনুমতি চেয়ে পররাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিলেন। সূত্রমতে, স্থায়ী প্রতিনিধি আইরিন খান চীন থেকেই পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন।
এদিকে, ওয়াহিদুজ্জামানের অনুসারীরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সমালোচনা শুরু করলে দেশের কূটনৈতিক ও রাজনৈতিক শীর্ষ মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
রাজনৈতিক প্রেক্ষাপট ও মিশনের কাজে অনভিজ্ঞতা
অধ্যাপক ওয়াহিদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। ২০১৬ সালে মামলার আসামি হয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হওয়ায় দেশে আওয়ামী লীগ সরকারের পতন কিংবা পরবর্তীতে বিএনপির সরকার গঠনের পরও তিনি দেশে ফিরে যাননি।
গত জুলাই মাসে সরকার তাঁকে রাষ্ট্রদূত পদমর্যাদায় (গ্রেড-১) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে নিয়োগ দেয়। একজন অধ্যাপক ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি অত্যন্ত সম্মানজনক এই পদ ও ব্যাপক সুযোগ-সুবিধা পেলেও বাস্তবে জাতিসংঘ মিশনের বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রমে তিনি একেবারেই অনভিজ্ঞ। পেশাদার কূটনীতিক ছাড়া জাতিসংঘের মতো জটিল ও সংবেদনশীল ফোরামের কার্যক্রমে যুক্ত হওয়া অনেকটা দুরূহ। তদুপরি, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হওয়ায় কূটনৈতিক ও আইনি অনেক বিষয়েই তাঁর বাধ্যবাধকতা রয়েছে।
অপরদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন জুবায়েদা খানের যোগদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী, এশীয় ও মুসলিম মহাসচিব, আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা (IDLO)-এর দুই মেয়াদের মহাপরিচালক এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এ দীর্ঘ ২১ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্বের বিশ্বব্যাপী আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুরোধ ফেলতে না পেরেই তিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মত হন। ফলে তাঁর মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্বের যোগ্যতা ও নির্দেশনাকে বিতর্কিত করার চেষ্টা খোদ সরকারপ্রধানকেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্যেষ্ঠতার বিতর্ক ও ১৯৮৬ সালের কূটনৈতিক বিধি
ওয়াহিদুজ্জামান তাঁর ছুটির আবেদনে উল্লেখ করেছেন, বর্তমান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত আগস্টে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব ত্যাগ করার সময় তাঁকে (ওয়াহিদুজ্জামান) ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এবার জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে সঞ্চিতা হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ঢাকার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্ক মিশনের কর্মকর্তারা মনে করেন—ভারপ্রাপ্ত মিশনপ্রধান (সিডিএ) হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীর ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব প্রদান এবং একই ব্যক্তিকে আইরিন খানের দায়িত্ব প্রদান না করার মধ্যে কোনোটিতেই নিয়ম ও বিধিলঙ্ঘিত হয়নি। কর্মকর্তারা জানান, ১৯৮৬ সালের একটি সরকারি বিধি অনুযায়ী, ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে দুজন কর্মকর্তা একই পদমর্যাদার হলে পেশাদার পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তার কাছেই দায়িত্ব হস্তান্তর করতে হবে। আইরিন খান চীন যাওয়ার জন্য কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদার দুজন কর্মকর্তা—ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হক—উপস্থিত ছিলেন। বিধি মেনেই তিনি পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সঞ্চিতা হককে সিডিএ মনোনীত করেন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আরও ব্যাখ্যা করেন, গত আগস্টে সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগের সময় মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদার অন্য কোনো কর্মকর্তা না থাকায় বাধ্য হয়েই ডিপিআর-১ ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব দিতে হয়েছিল। সে সময় নিউইয়র্ক মিশনে ওয়াহিদুজ্জামান যোগদানের আগে থেকেই ডিপিআর হিসেবে পররাষ্ট্র ক্যাডারের ইশরাত আরা কর্মরত থাকলেও অপেক্ষাকৃত জুনিয়র (মিনিস্টার) পদমর্যাদার হওয়ায় তাঁকে সিডিএ করা হয়নি। পরবর্তীতে ইশরাত আরাকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনে ডিপিআর হিসেবে বদলি করা হয়েছে।
‘ডিপ্লোমেটিক কার্ড’জটিলতা ও অভিবাসন স্ট্যাটাস নিয়ে প্রশ্ন
একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ওই জাতীয় দৈনিকের প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হকের নিয়োগের কাগজপত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে (স্টেট ডিপার্টমেন্ট) জমা দেওয়া হলেও মার্কিন দপ্তর কেবল সঞ্চিতা হককে ‘ডিপ্লোমেটিক কার্ড’ ইস্যু করেছে। উক্ত কার্ডের ভিত্তিতে জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও কেবল সঞ্চিতা হককেই ডিপিআর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। যদিও ওয়াহিদুজ্জামান এই তথ্যটিকে ‘অসত্য’ বলে দাবি করেছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওয়াহিদুজ্জামানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘ডিপ্লোমেটিক কার্ড’ না দেওয়ার পেছনে তাঁর পূর্ববর্তী অভিবাসন স্ট্যাটাস একটি বড় কারণ হতে পারে। তিনি ডিপিআর হিসেবে নিয়োগ পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হিসেবে গ্রিন কার্ডের আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়েছিলেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াহিদুজ্জামান পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “(সরকারের) কতজন মন্ত্রীর গ্রিন কার্ড আছে, তা কি জানেন?”
এদিকে, যুক্তরাষ্ট্র সরকার তাঁকে ‘ডিপ্লোমেটিক কার্ড’ না দিলে তিনি দেশটিতে কূটনীতিকদের জন্য প্রযোজ্য বিশেষ ‘ছাড়’ বা ‘কূটনৈতিক সুবিধা’ (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ও প্রিভিলেজ) পাবেন কি না, সে বিষয়েও গভীর সংশয় প্রকাশ করেছেন কূটনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।
অধ্যাপনা ও লিয়েন অনুমোদন নিয়েও ধোঁয়াশা
পেশাগত ও সামাজিক যোগাযোগমাধ্যম ‘লিংকড-ইন’-এ ওয়াহিদুজ্জামানের প্রোফাইল অনুযায়ী, তিনি এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক এবং বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক। গত শনিবার রাতে নেওয়া তাঁর প্রোফাইলের স্ক্রিনশট অনুযায়ী, সেদিনও তাঁর পদবিতে অধ্যাপকের দায়িত্বই উল্লেখ ছিল।
ওই জাতীয় দৈনিক থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়াহিদুজ্জামান দাবি করেন, তিনি বর্তমানে ‘লিয়েনে’ রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কিংবা দেশে ফিরে না গিয়ে পুনরুদ্ধারকৃত চাকরিতে যোগদান এবং সরকারি বিধি মোতাবেক লিয়েন অনুমোদনের প্রক্রিয়া নিয়েও প্রশাসনের বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats