গাজীপুর সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন # টুঙ্গিপাড়ার ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি # টুঙ্গিপাড়ার সকল প্রবেশপথ অবরুদ্ধ # ভাঙ্গায় হামলায় কৃষকদল নেতা নিহত # ঢাকার মহাখালী, পল্লবী ও বাড্ডা ও রামপুরায় বাসে আগুন
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
একই সময়ে গোপালগঞ্জে বিএনপি দলীয় এমপি এম এম জিলানির বাড়িতে আগুন দিয়েছে জনতা। অপরদিকে গাজীপুরে আওয়ামী লীগ দলীয় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।
টুঙ্গিপাড়া থানায় হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।

পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। “তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।”
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, “আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।”
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে এমপি জিলানির বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, এমপি জিলানির পাটগাতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তারা স্টেশন থেকে বের হতে পারছিলেন না।
তিনি বলেন, স্থানীয় কিছু লোক আগুন নেভাতে যাচ্ছেন।
স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিলানির পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়।
রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে গ্রামের লোকজন পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে অগ্নিসংযোগ
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, “কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরাতন টিনশেড বাড়ি। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল লোক বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, “জোড় পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা নিশ্চিত নই। কেউ বলছেন, সাবেক মন্ত্রীর বাড়ি। আবার কেউ বলছেন, অন্য কারও বাড়ি।”
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে ‘পিটিয়ে ও গায়ে আগুন’ দিয়ে কৃষক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ অবরোধ ও হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এদিন রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লা নামে স্থানীয় ওই কৃষক দল নেতার ওপর হামলার এ ঘটনা ঘটে। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতারা সড়কে তাকে একা পেয়ে পিটিয়েছে, তার গায়ে আগুন দিয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লা নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন।”
নিহত রাজু মোল্লা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তথ্য দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি।
রাজু মোল্লা ভাঙ্গার নুরালাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া তিনটি মোটরসাইকেলের একটির আরোহী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী রাত ৮টার পর ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে একটি অংশ অবরোধ করে। এতে পুকুরিয়া থেকে হামিরদী বাসস্ট্যান্ড পর্যন্ত গাড়ি আটকা পড়ে।
পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা চলে যায়। ওই অংশের যানজট ছাড়তে আধা ঘণ্টার মত সময় লাগে বলে এলাকাবাসীদের বরাতে স্থানীয় সংবাদকর্মীরা বলেন।
এর কিছু পর রাজু মোল্লার ওপর হামলার এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা ফায়ার ফাইটার মাহমুদুল হাসান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা যাওয়ার আগের আগুন নিভিয়ে ফেলা হয়।
হতাহতের ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ঘটনায় ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তাদের মোবাইল নম্বরে ফোন করা হলেও কেউ ধরেননি। জেলা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহত রাজু মোল্লার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
রামপুরায় বাসে আগুন
ঢাকার মহাখালী, পল্লবী ও বাড্ডার পর এবার রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসে আগুন লাগার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান মিয়া।

তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাত পৌনে ৯ টার দিকে ঢাকার পল্লবীতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর সাড়ে ৯ টার দিকে মহাখালী তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ১০ টার দিকে বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats