17 November 2026
The News Diplomats
বিবিসি বাংলা :
Publish : 08:04 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

বাংলাদেশের সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে?

বাংলাদেশের সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা,  ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে?

Publish : 08:04 AM, 17 November 2026.
বিবিসি বাংলা :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এভাবে কারো প্রবেশের তথ্য দিলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই গত কয়েকদিন ধরে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ নানা ধরনের ঘটনা ঘটছে।

এরইমধ্যে, গোপালগঞ্জে গত দুইদিন ধরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও সরিয়ে দিয়েছে সরকার। সেখানেও পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নিজের এলাকায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের খবর প্রকাশের পর সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সাথে সমন্বয় করে নজরদারি জোরদার করতে নির্দেশ দিয়েছেন আইজিপিও।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্যই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই বলছেন কর্মকর্তারা।

সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তার আগে বা সেই সময় ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুল নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে আসতে পারেন। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে পুলিশ ও বিজিবি।

সীমান্তে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাঁচই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে গিয়ে আশ্রয় নেন। সেই সময় থেকে এই দলটির অনেক নেতা-কর্মীই বর্তমানে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সেখানে তাদের বৈঠক করার একাধিক খবর প্রকাশ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। সম্প্রতি শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে যখন ঘোষণা দেন তখন থেকেই দেশের ভেতরে থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির নেতা-কর্মীরা সংগঠিত হতে চেষ্টা করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠকসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই রাজনৈতিক দলটির নেতা-কর্মীরা।

এরইমধ্যে, সীমান্ত পেরিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের দেশে ফিরে দলীয় নেতা-কর্মীদের বৈঠকের খবরের পর আরো কঠোর অবস্থান নিতে শুরু করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে বা তার আগে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতে পারেন। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবির দুইটি জেলার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্ত পেরিয়ে দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলছেন, কেউ এভাবে প্রবেশ করলে কোন সাধারণ নাগরিক যদি তার তথ্য বিজিবিকে দেয় তাহলে তাকে পুরস্কৃত করা হবে এবং তার তথ্যও গোপন রাখা হবে।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিবিসি বাংলাকে বলেন, "অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে এই দলটির কার্যক্রম। নাশকতা সৃষ্টি করতেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে এবং আমরা মানে যতটুক জানি যে ইন্ধন জোগাচ্ছে ওই নেতারাই দেশের বাইরে থেকে। স্বাভাবিকভাবেই যদি তারা আসার চেষ্টা করে তো দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।" এ কারণেই বাংলাদেশে 'অনুপ্রবেশ' করে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে তাই সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তৎপর রয়েছে বলে তিনি জানান।

আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বাংলাদেশেরই নাগরিক। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বা অভিযোগ থাকতে পারে, কিন্তু নিজ দেশে ফিরে আসার ক্ষেত্রে আপত্তি কেন?

এমন প্রশ্নের জবাবে মি. খান বলছেন, "আমাদের পূর্বপ্রস্তুতি বা সুপ্রস্তুতি হিসেবে আমরা তারা যেন অবৈধভাবে দেশে না আসতে পারে। সীমানা পেরিয়ে যে কোনো আমি আপনিও যদি সীমানা পেরিয়ে অন্য দেশে যাই সেটা আমার জন্য অবৈধ, সবার জন্য অবৈধ। সেই অবৈধ ক্রসপাসিং তো কখনোই আমরা অ্যালাউ করতে পারি না। হুএভার ইজ দ্য ম্যান।"

কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে যশোর, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিবি কর্মকর্তারা।

মি. খান জানান, অবৈধ ঠেকাতে গোয়েন্দা অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল, রোড ব্লকের আধুনিক প্রযুক্তিও ব্যবহারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

"উল্লেখ করতে পারি, সীমান্তে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা আমরা ব্যবহার করছি। লেজার রেঞ্জ ফাইন্ডার দিয়ে আমরা চেষ্টা করছি। সার্চ লাইট যেসব জায়গাকে আমরা ঝুঁকিপূর্ণ জায়গা মনে করছি সেখানে আমরা সার্চ লাইট দিয়ে সেখানে আলোকিত করা দরকার, ঝুঁকিপূর্ণ এলাকাকে শনাক্ত করে সেখানে সার্চলাইটের ব্যবস্থা করছি," বলেন বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

এদিকে, ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, তার দায়িত্বের সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

যদি কোন সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করে তাহলে তাকে গ্রেফতার করা হবে নাকি পুশ ব্যাক করা হবে এমন বিষয়ে জানতে চাইলে মি. রহমান বলেন, "বৈধ পাসপোর্টধারী যাত্রীদের নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেলের মাধ্যমে যাতায়াতের সুযোগ রয়েছে। অন্যদিকে, যে কোনো ধরনের অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।"

এ ধরনের ক্ষেত্রে সাধারণত কাউকে আটকের পর স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে থাকে বিজিবি। এরপর আইন অনুযায়ী তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে, ডিসেম্বরকে ঘিরে পুলিশ বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে যাতে দেশে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, ডিসেম্বর মাসে বিজয় দিবস, বড়দিনসহ নানা অনুষ্ঠান আয়োজন হয়। এসব কিছু মাথায় রেখেই ডিসেম্বরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে পুলিশ।

এর মধ্যে রয়েছে, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি।

"নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে," বলেন পুলিশ কর্মকর্তা কামারুম মুনিরা।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানির বাড়িতে অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিস অবরুদ্ধ শিরোনাম বাংলাদেশের সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে? শিরোনাম বিএনপি নেতা-কর্মীদের জীবনও বিপন্ন হতে পারে, আশঙ্কা হাসনাত আবদুল্লাহ’র শিরোনাম যুক্তরাষ্ট্রে অসুস্থ ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করলেন শিরোনাম দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত শিরোনাম ওয়াহিদুজ্জামানের ছুটির আবেদন নামঞ্জুর, জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়