দমন-পীড়ন চালিয়ে মিয়ানমারের ‘অভিপ্রায়’ ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার। গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় আজ বৃহস্পতিবার আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এমন পর্যবেক্ষণ দেন।
ইউজি ইওয়াসাওয়া বলেন, 'সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।' মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।
রায়ে ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, যা গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের লঙ্ঘন। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা চালানোর রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম।

রায়ে আরও বলা হয়, 'এই লঙ্ঘনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার।' জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, চরম নৃশসংসতার পর যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তিনি আরও বলেন, আদালত এটিও নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া। রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করেছিল গাম্বিয়া।
আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী।
২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কাজ ঠেকাতে অন্তর্বর্তী ব্যবস্থা নিতে বলেছিলেন। একইসঙ্গে নির্যাতনের প্রমাণ সংরক্ষণেরও নির্দেশ দেন।
চলতি বছরের জানুয়ারিতে শুনানি শেষ হয়।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
তথ্য-প্রমাণ সংগ্রহ করে জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন ওই সামরিক অভিযানে ‘গণহত্যা’ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে।
বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা আজ আইসিজের এই ঐতিহাসিক রায়ের দিকে তাকিয়ে আছেন। তাদের আশা, এই রায় তাদের ন্যায়বিচারের পথে এক ধাপ এগিয়ে নেবে এবং তারা তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে পারবেন।

দমন-পীড়ন থেকে আদালত
রোহিঙ্গা সংকটের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ নিভে দেওয়া হলো:
২৫ আগস্ট, ২০১৭: সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট, ২০১৭: মিয়ানমারের সামরিক বাহিনী ও আরসার মধ্যে সংঘর্ষ তীব্রতর হলে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে।
২ সেপ্টেম্বর, ২০১৭: মিয়ানমার সরকারের তথ্যমতে, ২৫ আগস্টের হামলার পরের এক সপ্তাহে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টির বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
১১ সেপ্টেম্বর, ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের এই সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের টেক্সটবুক উদাহরণ’ বলে অভিহিত করেন।
১৯ সেপ্টেম্বর, ২০১৭: মিয়ানমারের নেত্রী অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন, তবে জাতিসংঘের ‘জাতিগত নিধনের’ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
১২ ডিসেম্বর, ২০১৭: বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত জরিপের ফলাফলে এমএসএফ দেখায়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হয়েছেন। পাঁচ বছরের কম বয়সী শিশু নিহত হয়েছে অন্তত ৭৩০ জন।
১০ জানুয়ারি, ২০১৮: আটক ১০ রোহিঙ্গাকে হত্যার কথা স্বীকার করে মিয়ানমারের সামরিক বাহিনী। ওই বছরের এপ্রিলে ৭ সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাদের আগাম মুক্তি দেওয়া হয়।
১১ নভেম্বর, ২০১৯: আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করে গাম্বিয়া।
১১ ডিসেম্বর, ২০১৯: আইসিজের কাঠগড়ায় দাঁড়িয়ে অং সান সু চি গণহত্যার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেন।
২৩ জানুয়ারি, ২০২০: মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য দেশটিকে নির্দেশ দেন আইসিজে।
১ ফেব্রুয়ারি, ২০২১: মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, দেশজুড়ে সংঘাতের শুরু।
২২ জুলাই, ২০২২: মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে আইসিজে রুল দেন। রুলে বলা হয়, গণহত্যা সনদের অধীনে মামলার বিচার করার এখতিয়ার আদালতের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন আমলযোগ্য।
১২ জানুয়ারি, ২০২৬: মামলার মূল বিষয়ের ওপর প্রকাশ্য শুনানি শুরু হলে গাম্বিয়া আইসিজে বিচারপতিদের জানায়, মিয়ানমার 'মুসলিম' রোহিঙ্গাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।
১৬ জানুয়ারি, ২০২৬: মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাম্বিয়ার অভিযোগকে ‘তথ্য ও আইনের ভিত্তিতে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’ বলে বিবৃতি দেওয়ার পর দেশটি আইসিজেকে জানায়, গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার মামলা প্রমাণ করতে পারেনি।
৩ নভেম্বর, ২০২৬: আইসিজে ঘোষণা করে ১৯ নভেম্বর মামলার রায় দেওয়া হবে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats