সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার আগেই সহিংসতা শুরু হয়েছে বাংলাদেশে৷ তার দল আওয়ামী লীগের বিক্ষোভে দেশের কিছু অংশ অচল হয়ে পড়েছে৷ পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতায় ক্ষমতাসীন দলের দুজন সদস্য নিহত হয়েছেন৷ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে৷ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে৷
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার সারা দেশে ‘লকডাউন' ডেকেছে৷ এটা তাদের গত এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ ও সমাবেশের চূড়ান্ত পর্যায়৷ শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানিয়েছিলেন৷ সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করায় তার দল আন্দোলনের পথ বেছে নেয়৷
সাত জেলায় ৯৭ প্লাটুন বিজিবি
সহিংসতা রোধে, বিশেষ করে শেখ হাসিনার সমর্থক বেশি রয়েছে বলে মনে করা হয়, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ এমন সাতটি জেলায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে৷ বিজিবির মুখপাত্র শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন৷
ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার গভীর রাতে রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শহর চট্টগ্রামে মুহাম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে৷
স্থানীয় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রয়টার্সকে বলেন, সম্ভবত বাড়ির নিচতলার অব্যবহৃত একটি কক্ষে দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগানো হয়েছে৷ তিনি জানান, বাড়ির ওপরের তলায় বসবাসরত ইউনুসের পরিবারের সদস্যরা নিরাপদে আছেন৷
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থিঙ্ক-ট্যাঙ্ক ‘ইউনুস সেন্টার', যারা মুহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলে থাকে, ঘটনা সম্পর্কে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
২৮ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনে (আওয়ামী লীগের) বিক্ষোভ চলার সময় বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যরাও আহত হয়েছেন৷
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার বর্ষপূর্তির দিনে...
রয়টার্স লিখেছে গত মঙ্গলবার ছিল সেই দিন, এক বছর আগে যেদিনে স্থানীয় একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল৷ ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে৷
এর আগে গতকাল বুধবার এক প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, মঙ্গলবার গভীর রাতে শেখ হাসিনার ‘নিজের জেলা' গোপালগঞ্জে বিক্ষোভ চলার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক কর্মী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷
পুলিশ আরো জানায়, একই রাতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ঢাকার বাসভবনের বাইরে একটি ককটেল বিস্ফোরিত হয়৷ এছাড়া (সেই রাতে) গোপালগঞ্জে বিএনপির এক আইনপ্রণেতার বাড়ি এবং দলটির সমর্থকদের মালিকানাধীন কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়৷
এছাড়া দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসের (চালকের) এক সহকারীর মৃত্যুর খবরও জানানো হয় গতকালের প্রতিবেদনে৷
নুরুল ইসলাম নাহিদ আটক
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর রয়টার্সকে জানান, বৃহস্পতিবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে ২০২৪ সালের বিক্ষোভের সময় বেশ কয়েকটি হত্যাকাণ্ডে (জড়িত থাকার) অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত ১০ নভেম্বর থেকে ব্যাংকটির অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে৷
নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন – এ কথা উল্লেখ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেন মুহাম্মদ ইউনূস এবং সেই সময় তিনি হাসিনার সমর্থকদের বৈরি আচরণের শিকার হন৷
'সহিংসতায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে'
গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা তাদের সমর্থকদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে এবং বিভিন্ন সম্পত্তিতে আগুন দিতে উসকানি দিচ্ছেন৷ তিনি আরো বলেন, সহিংসতায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে৷
আওয়ামী লীগের অধিকাংশ নেতাই বর্তমানে আত্মগোপনে রয়েছেন৷ তাই মন্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স৷
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats