19 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:24 PM, 18 November 2026.
Digital Solutions Ltd

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ আটক; ডিবি পরিচয়ে বাসা থেকে অর্থ ও গহনা লুটের অভিযোগ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ আটক; ডিবি পরিচয়ে বাসা থেকে অর্থ ও গহনা লুটের অভিযোগ

উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে নুরুল ইসলাম নাহিদকে।

Publish : 10:24 PM, 18 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওসি খালিদ মনসুরের নেতৃত্বে পুলিশের একটি দল বাসার দরজায় কড়া নাড়লে নুরুল ইসলাম নাহিদের বড় মেয়ে নাদিয়া নন্দিতা ইসলাম দরজা খুলে দেন। পুলিশ কর্মকর্তারা পরিচয় দিয়ে নুরুল ইসলাম নাহিদের অবস্থান জানতে চান। এ সময় পুলিশের সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার (লাইভ) করতে দেখা যায়। সেখানে উপস্থিত এক যুবদল নেতাকেও লাইভে সাংবাদিকদের নানা নির্দেশনা দিতে এবং নাহিদের অবস্থানের বর্ণনা দিতে দেখা যায়।

 পুলিশ ভেতরে প্রবেশ করলে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় শয়নকক্ষ থেকে বেরিয়ে আসেন নুরুল ইসলাম নাহিদ। তিনি আগতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কি না, তা নিশ্চিত হয়ে জানতে চান কোথায় যেতে হবে। পুলিশ তাঁকে উত্তরা পশ্চিম থানায় যাওয়ার কথা বললে তিনি ওই পোশাকেই যেতে উদ্যত হন।

এ সময় নাহিদের স্ত্রী জোহরা জেসমিন ওসি খালিদ মনসুরকে জানান, পুলিশের এই দলটি আসার কিছুক্ষণ আগেই ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে একদল লোক বাসায় প্রবেশ করে এবং তল্লাশির নামে তাঁর মেয়ের স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। জবাবে ওসি খালিদ মনসুর বিস্ময় প্রকাশ করে সঙ্গীয় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।’ তিনি ভুক্তভোগী পরিবারের কাছে জানতে চান, তারা ওই ব্যক্তিদের চিনতে পেরেছেন কি না।

পরে পুলিশ কর্মকর্তার পরামর্শে মেয়ে নাদিয়া তাঁর বাবাকে শয়নকক্ষে নিয়ে যান। প্যান্ট-শার্ট পরে বেরিয়ে এসে নুরুল ইসলাম নাহিদ স্ত্রী ও মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং হাসিমুখে পুলিশের সঙ্গে রওনা হন। এর আগে নাদিয়া নন্দিতা ইসলাম পুলিশ কর্মকর্তার কাছে বারবার জানতে চান, তাঁর বাবাকে কোথায় নেওয়া হচ্ছে এবং তিনি ও তাঁর মা থানায় যেতে পারবেন কি না। ওসি তাঁদের থানায় যাওয়ার অনুমতি দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের পুরো সময়টুকু ওসি খালিদ মনসুরকে বেশ বিচলিত ও ঘামতে দেখা যায় এবং তিনি বারবার কপাল মুছছিলেন।

আটকের বিষয়ে ওসি খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁর বিরুদ্ধে থাকা আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের পাঁচবারের সংসদ সদস্য। তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬-২০০১ এবং ২০১৮-২০২৪ মেয়াদের সংসদে তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষ ও গুলিতে একদিনেই ছয়জন নিহত হন। পরদিন ৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে সেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। এসব ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নুরুল ইসলাম নাহিদ উত্তরার নিজ বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। তিনি কখনো বাসা থেকে বের হননি; এমনকি বাসা ছেড়ে কোথাও পালিয়ে যেতে বা আত্মগোপন করতেও রাজি হননি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ আটক; ডিবি পরিচয়ে বাসা থেকে অর্থ ও গহনা লুটের অভিযোগ শিরোনাম অর্থনৈতিক সংকট: বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয় শিরোনাম মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা শিরোনাম গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত শিরোনাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কি ট্রাম্পের বৈঠক হতে পারে? শিরোনাম টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে