18 November 2026
The News Diplomats
গোপালগঞ্জ প্রতিনিধি :
Publish : 10:27 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে

টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে

Publish : 10:27 AM, 18 November 2026.
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতকাল মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে।

থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে জানতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।

আজ দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়া থানায় ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ; তবে তালা দেওয়া নেই। ভেতরে গিয়ে দেখা যায়, থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। ওসির কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত। ভেতরে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে রয়েছে।

ডিউটি অফিসারের (কর্তব্যরত কর্মকর্তা) কক্ষে টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই হাজতখানা। কক্ষ দুটির তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষের পাশের বড় কক্ষটি উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়। সেখানে কম্পিউটারগুলো ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।

থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে। দুই উপপরিদর্শক (এসআই) সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজছিলেন। নিচতলায়ও দুই পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজতে দেখা যায়।

এক পুলিশ সদস্য বলেন, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তার করার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। তাঁরা থানায় এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বেলা তিনটার দিকে থানা থেকে পুলিশের দুই সদস্য দুটি ট্রাংক ও আরেক পুলিশ সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে নিয়ে যান।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল পুলিশের মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে ছিনিয়ে নেওয়া অস্ত্রের কিছু ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্র ছাড়া সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ছিল। হামলার সময় এসব অস্ত্রের মধ্য থেকে বেশ কিছু অস্ত্র নিয়ে যান বিক্ষোভকারীরা। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এখন অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

গতকাল সন্ধ্যার পর থানায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে দেখা যায়, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পাটগাতী বাজারে কথা হয় সড়ক অবরোধ করা কয়েকজন যুবকের সঙ্গে। তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে আছেন। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করতে তাঁরা মাঠে রয়েছেন।

আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেলে করে পাটগাতী বাজারের পাশাপাশি গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। আর কুশলী এলাকা পাটগাতী থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। পাটগাতীর মতোই গিমাডাঙ্গা ও কুশলীতে সড়ক অবরোধ করে মহড়া দিচ্ছিলেন নেতা–কর্মীরা। সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এ তিনটি এলাকার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। থানা চত্বরের ভেতরে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেন তাঁরা। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ দলের নেতা–কর্মীরা। বিজিবির গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন সময় পুলিশের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশের এলাকা থেকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন স্থানীয় তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানালেও তাঁদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ গতকাল সন্ধ্যার পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়। অন্যদিকে আটক যুবকদের মুক্তির দাবিতে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গতকাল সন্ধ্যার দিকে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয় একাধিক সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যায় আটক নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হলে কোনো বিক্ষোভ করা হবে না, এমন বার্তা পুলিশকে হয়েছিল। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই সময় বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে তাঁরা থানা ঘেরাও করবেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁরা টুঙ্গিপাড়া থানার দিকে যান। পরে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নেতা–কর্মীরা। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।

অগ্নিসংযোগ ও লুটপাট

থানায় হামলার পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যান সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে। সেখানে প্রথমে বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এস এম জিলানীর বাড়ির পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের ঘরে আগুন দেওয়া হয়।

এস এম জিলানীর ভাই হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ–যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) চার শ থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে বাড়িতে আসেন। প্রথমে বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পর আগুন দেওয়া হয়।

হায়দার আলী বলেন, তাঁর ছোট বোনের ১০ ভরি স্বর্ণালংকার এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অর্থনৈতিক সংকট: বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয় শিরোনাম মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা শিরোনাম গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত শিরোনাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কি ট্রাম্পের বৈঠক হতে পারে? শিরোনাম টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে শিরোনাম আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর