18 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:30 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত

Publish : 10:30 AM, 18 November 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ২৪ দিন বাকি। এর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতকে নতুন করে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এর আগে জুন ও আগস্টে এ বিষয়ে যোগাযোগ করা হলেও আলোচনার কোনো সূচি এখনো পাওয়া যায়নি। পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি লিখে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ও চুক্তি নিয়ে বাংলাদেশের কারিগরি কমিটির প্রধান রাশেদ আল মাহমুদ তিতুমীর দ্য ডেইলি স্টারকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে গত জুনে দিল্লিকে জানায় বাংলাদেশ। একইসঙ্গে ভারতের কমিটিতে কারা থাকবেন, তা জানাতেও অনুরোধ করা হয়। আগস্টে আবারও একই অনুরোধ জানিয়ে ভারতকে কমিটি গঠন ও আলোচনা শুরুর আহ্বান জানায় বাংলাদেশ।

ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার আগেই ভারত আনুষ্ঠানিক আলোচনা শুরুর উদ্যোগ নেবে বলে আশা করছে ঢাকা।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ‘বিশেষজ্ঞরা অন্তর্বর্তী মেয়াদে চুক্তি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। তবে এ ধরনের মেয়াদ বাড়াতে হলে ভারতেরও সম্মতি প্রয়োজন।’

‘আলোচনার জন্য নির্বাহী পর্যায় প্রস্তুত। কিন্তু সিদ্ধান্ত আসতে হবে রাজনৈতিক পর্যায় থেকে। সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ বৈঠক ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়,’ বলেন তিনি।

আনুষ্ঠানিক আলোচনা বা অন্তর্বর্তী পানিবণ্টন ব্যবস্থার বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করেনি নয়াদিল্লি। এর আগে দুই দেশের কর্মকর্তারা আশার কথা শোনালেও এ বিষয়ে অনিশ্চয়তা কাটেনি।

গত ২৯ জুলাই বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছিলেন, পানি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের ওয়ার্কিং গ্রুপ আলোচনা করছে। শিগগিরই তাদের বৈঠক হবে বলে তিনি আশা করছেন।

৯ আগস্ট তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে দ্বিপক্ষীয় মতপার্থক্য দূর হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হতে পারে।’

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ৩ নভেম্বর বলেন, প্রস্তাবিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে তার কাছে জানানোর মতো নতুন কোনো তথ্য নেই।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, ‘দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে তারা নীতিগতভাবে চুক্তির মেয়াদ আরেক দফা বাড়াতে পারেন, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য মেয়াদ বাড়াতে পারেন, অথবা একই চুক্তি পর্যালোচনার জন্য এক বা দুই বছর মেয়াদ বাড়ানোর কথাও ভাবতে পারেন।’

তিনি আরও জানান, এমন মেয়াদ বৃদ্ধিতে কারিগরি দলের সদস্যরা দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। বিকল্প হিসেবে, বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হতে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চুক্তির খসড়া তৈরির জন্য যৌথ নদী কমিশনের আলোচকদের নির্দেশ দিতে পারে দুই সরকার।

হুমায়ুন কবির চুক্তিটিকে পানিবণ্টনের বাইরেও দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘এটি শুধু একটি কারিগরি চুক্তি নয়। এর বিশাল রাজনৈতিক তাৎপর্যও রয়েছে।’ তার মতে, দ্বিপক্ষীয় সম্পর্কে চুক্তিটির যে রাজনৈতিক গুরুত্ব রয়েছে, তা হারাতে চাইবে না কোনো সরকারই।

এদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা করেছে ভারত। নতুন চুক্তি হলে দুই রাজ্যের পানির চাহিদা বিবেচনায় নিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছে রাজ্যগুলো।

ভারতের সংসদীয় নথি অনুযায়ী, চুক্তিটি পর্যালোচনার জন্য ২০২৩ সালের জুলাইয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ চারটি বৈঠকে অংশ নেয়। আর ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মে পর্যন্ত বিহার চারটি পরামর্শমূলক বৈঠকে অংশ নেয়।

আগস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জনতা দল (ইউনাইটেড)-এর সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝাকে জানান, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিহারের পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ঝার রাজ্যের পানীয় জল ও শিল্প খাতের চাহিদা অভ্যন্তরীণ আলোচনায় বিবেচনা করা হয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ও এসব চাহিদা বিবেচনায় রাখা হবে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের ৩০ আগস্টের এক প্রতিবেদনে বলা হয়, নৌ চলাচল ও বন্দরের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়ে ভাগীরথী-হুগলি নদী ব্যবস্থায় শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ।

জুলাইয়ে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি নয়াদিল্লিকে অভ্যন্তরীণ পর্যালোচনা শেষ করে দ্রুত দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আহ্বান জানায়। ২০২৬ সালের পর পানিবণ্টন ব্যবস্থায় যাতে কোনো শূন্যতা তৈরি না হয়, সে জন্যই এ আহ্বান জানানো হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী, মার্চ থেকে মে মাসের মধ্যে নির্ধারিত তিনটি ১০ দিন মেয়াদি সময়ে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে ভারতের জন্যও পানি বরাদ্দের বিধান রয়েছে। এ ছাড়া ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজে যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থাও চুক্তিতে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীরের তথ্য অনুযায়ী, গঙ্গানির্ভর অঞ্চল বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে গঠিত। এ অঞ্চলে পাঁচ কোটির বেশি মানুষের বসবাস। কৃষি, মৎস্য, অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুন্দরবনসহ বিভিন্ন প্রতিবেশব্যবস্থা নদীটির পানিপ্রবাহের ওপর অনেকাংশে নির্ভরশীল।

এর আগে পানিসম্পদমন্ত্রী এ্যানি বলেছিলেন, বাংলাদেশ শুধু ১৯৯৬ সালের চুক্তি নবায়ন করতে চায় না; বরং ভারতের সঙ্গে নতুন গঙ্গার পানিবণ্টন চুক্তি করতে চায়। শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে এতে নিশ্চয়তামূলক ধারাও রাখার দাবি জানিয়েছে ঢাকা।

হুমায়ুন কবির বলেন, নতুন কোনো ব্যবস্থা ছাড়াই চুক্তির মেয়াদ শেষ হলে তা কোনো দেশের জন্যই ভালো হবে না।

তিনি বলেন, ‘আমাদের গত ৫৫ বছরের ইতিহাস বলে, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ বা ভারত—কোনো দেশের জন্যই সহায়ক নয়। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই যত দ্রুত সম্ভব আমাদের কোনো না কোনো চুক্তিতে পৌঁছাতে হবে।’

বারবার অনুরোধ জানানো হলেও গতকাল মঙ্গলবার প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অর্থনৈতিক সংকট: বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয় শিরোনাম মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা শিরোনাম গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত শিরোনাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কি ট্রাম্পের বৈঠক হতে পারে? শিরোনাম টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে শিরোনাম আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর