18 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:32 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা

মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা

Publish : 10:32 AM, 18 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও আগুনের পর আতঙ্ক কাটছে না পুলিশ সদস্যদের। জীবন বাঁচাতে কেউ আশ্রয় নিয়েছিলেন আশপাশের বাড়িতে, কেউ ছড়িয়ে পড়েছিলেন বিভিন্ন স্থানে।

রাতভর স্থানীয় মানুষের সহায়তায় অনেকে নিরাপদে এলাকা ছাড়লেও আজ বুধবার সকালেও টুঙ্গিপাড়া থানার নতুন ভবনের কম্পাউন্ডে আটকে ছিলেন তিন শতাধিক পুলিশ সদস্য। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, হেলমেট ও অন্যান্য সরঞ্জাম। কিন্তু কীভাবে নিরাপদে সেখান থেকে বের হবেন, তা নিয়ে ছিলেন দুশ্চিন্তায়।

সকাল সাড়ে ১১টার দিকে থানা কম্পাউন্ডে ঘাসের ওপর বসে থাকতে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আসা পুলিশ সদস্যদের। অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তাদের কয়েকজন অভিযোগ করেন, কীভাবে কর্মস্থল ত্যাগ করবেন, সে নির্দেশনা পাচ্ছেন না।

এক পুলিশ সদস্য বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। আমরা যোগাযোগ করলেও তারা ফোন ধরছেন না। এখান থেকে কীভাবে বের হব, তা-ও জানি না।’

কেউ কেউ স্থানীয় মানুষের সহায়তায় নসিমন ভাড়া করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। ১৪ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালন করতে আসা বিভিন্ন জেলার পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) বিভিন্ন ইউনিটের সদস্যরা ছিলেন তাদের মধ্যে। দুপুর আড়াইটা পর্যন্ত অনেককে একই স্থানে অপেক্ষা করতে দেখা যায়।

পটুয়াখালী জেলা পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৪ নভেম্বর রাতে ৩০ সদস্যের একটি দল নিয়ে তারা গোপালগঞ্জে আসেন। মঙ্গলবার রাতে তারা টুঙ্গিপাড়া থানার নতুন ভবনে অবস্থান করছিলেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে আমাদের ঘিরে ফেলে। আমরা চারদিকে ছিটকে পড়ি। পরে নিজেদের মধ্যে যোগাযোগ করে স্থানীয়দের সহায়তায় রাতে আবার কম্পাউন্ডে ফিরে আসি। এখন ফিরে যেতে চাই, কিন্তু কীভাবে যাব, তা জানি না।’

পিরোজপুর জেলা পুলিশ থেকেও ২০ সদস্যের একটি দল এসেছিল ১৪ নভেম্বর। তারাও আটকা পড়েন থানার কম্পাউন্ডে।

তাদের মধ্যে থাকা এক উপপরিদর্শক (এসআই) দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। এখনো সেই আতঙ্কের মধ্যেই আছি। এই এলাকা থেকে বের হতে পারলেই বাঁচি। কিন্তু কীভাবে যাব, বুঝতে পারছি না।’

এ সময় তাকে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোন করতে দেখা যায়। তবে ওই কর্মকর্তা ফোন ধরছেন না বলে অভিযোগ করেন তিনি।

‘মৃত্যু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি’

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি-অপারেশন) মো. তোফাজ্জল হোসেনকে দেখা যায় একটি নারকেল গাছের নিচে বসে সহকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও সাহস দিচ্ছেন। তার আশপাশে থাকা কোনো পুলিশ সদস্যের গায়েই ইউনিফর্ম ছিল না।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মৃত্যু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। গতকাল রাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন যুবক আমাকে ধরে ফেলে। স্থানীয় দুজন তাদের বুঝিয়ে আমাকে বাঁচান।’

তিনি বলেন, এরপর বিভিন্ন উপায়ে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া পুলিশের অস্ত্র এক জায়গায় করে নিরাপদে রাখা এবং অন্য জেলা থেকে আসা সদস্যদের নিরাপদে রাখার দায়িত্ব পালন করছেন তিনি।

তোফাজ্জল জানান, অন্তত আটজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সব মিলিয়ে মঙ্গলবার রাতের ঘটনায় ৩০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন ব্যাপক মারধর করে নিজেরাই হাসপাতালে ভর্তি করিয়েছেন বলেও জানান তিনি।

ব্যক্তিগত পরিস্থিতির কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, চলতি মাসের ৫ তারিখ আমার বাবা মারা গেছেন। ১১ নভেম্বর আমি টুঙ্গিপাড়া থানায় যোগ দিই। এখানকার অনেক কিছুই এখনো আমার চেনা হয়নি।

‘আমার বাড়ি কিশোরগঞ্জে। দীর্ঘদিন সিলেটে চাকরি করেছি। পরিবারের সদস্যরা থাকেন মৌলভীবাজারে। থানায় আগুন দেওয়ার আগে স্ত্রী ফোন করেছিলেন। তাকে বলেছিলাম, আল্লাহর কাছে দোয়া করো। এ ছাড়া আর কোনো উপায় নেই। গতকাল আল্লাহই আমাদের বাঁচিয়ে দিয়েছেন,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, তার ভাষা শুনে স্থানীয় লোকজন বুঝে ফেলেন তিনি বাইরের মানুষ। তাই নিজের পরিচয় লুকিয়ে রাখাও কঠিন। এরপরও হাসপাতাল, থানা কম্পাউন্ডসহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে দায়িত্ব পালন করছেন।

থানার অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ

টুঙ্গিপাড়া থানার এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলার সময় থানা থেকে ১০টির বেশি আগ্নেয়াস্ত্র খোয়া গেছে। এর মধ্যে পিস্তল ও রাইফেল রয়েছে। তবে ঠিক কতগুলো অস্ত্র খোয়া গেছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, থানার কোনো জিনিসই অক্ষত নেই। পুলিশের ইউনিফর্ম থেকে শুরু করে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র—সব লুট অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি।’

হামলার সময় টুঙ্গিপাড়া থানায় নিজেদের প্রায় ৪০ জন সদস্য ছিলেন। তাদের অনেকে এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বলে জানান তিনি।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার জিয়াউল হকও সদস্যদের মনোবল ফেরানোর চেষ্টা করছিলেন। ১৪ নভেম্বর অতিরিক্ত দায়িত্ব নিয়ে গোপালগঞ্জে আসা এই কর্মকর্তা তখন ট্রাউজার, কালো গেঞ্জি ও স্যান্ডেল পরে বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সদস্যদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু তারা এতটাই আতঙ্কের মধ্যে আছেন যে কোনোভাবেই তাদের স্বাভাবিক মনে হচ্ছে না।’

টুঙ্গিপাড়া থানার এসআই জয়নাল আবেদীনও হারিয়েছেন তার মোটরসাইকেল। এক সপ্তাহ আগে নরসিংদী থেকে বদলি হয়ে তিনি এখানে যোগ দেন। নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি সঙ্গে নিয়ে এসেছিলেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে ভয়ে কাউকে মোটরসাইকেল হারানোর কথা বলিনি। সকালে স্থানীয় কয়েকজনকে জানিয়েছি। মনে হচ্ছে না, সেটি আর খুঁজে পাব।’

বিপদের মধ্যে সহায়তার হাত বাড়িয়েছেন স্থানীয়রা

পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক থাকলেও স্থানীয় কিছু মানুষ তাদের সহায়তায় এগিয়ে এসেছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

শাহানা বেগম নামে এক নারীকে বাড়িতে রান্না করা ভাত এনে পুলিশ সদস্যদের খাওয়াতে দেখা যায়। স্থানীয় কয়েকজন যুবকও বিভিন্নভাবে যোগাযোগ করে খাবার ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছিলেন।

তবে থানার সামনে আসা সবাই যে সহায়তা করতে এসেছেন, তা নয়। দুপুর ১২টার দিকে সেখানে অপেক্ষা করছিলেন কেরাইল কোপা গ্রামের বাসিন্দা চম্পা খানম। পুলিশের হাতে আটক হওয়া তার ছেলে মোহাম্মদ নাঈম ইসলামের মোবাইল ফোনটি ফেরত নিতে এসেছেন তিনি।

চম্পা বলেন, ‘গতকাল আমার ছেলে বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছিল। তখন পুলিশ তাকে মোবাইলসহ ধরে নিয়ে আসে। পরে স্থানীয়রা বিষয়টি শুনে থানার ওসির কাছে জানতে চান। এরপর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন থানায় হামলা করেন।’

থানাজুড়ে ধ্বংসস্তূপ

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা, নতুন ভবন ও আশপাশের গ্যারেজ ঘুরে দেখা যায় পুরো কম্পাউন্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।

প্রধান ফটক দিয়ে ঢুকতেই বাঁ পাশে পুলিশের তিনটি পোড়া গাড়ি দেখা যায়। একটির পোড়া অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। থানা ভবনের পাশে আরেকটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে ছিল। গ্যারেজে রাখা আরও দুটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

থানার দক্ষিণ পাশে পুলিশ অফিসার্স মেসের সামনে ১০ থেকে ১৫টি ব্যাটারিচালিত ভ্যানে পুলিশ সদস্যদের মালপত্র নিয়ে যেতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র। থানার আশপাশে ২০টিরও বেশি হেলমেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

থানার কর্মকর্তাদের কক্ষগুলোতে ঢুকে দেখা যায়, আগুনে আসবাব ও সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে। একটি কক্ষে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। রেফ্রিজারেটরও পুড়ে গেছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই ও পলেস্তারা। ওসির বাসভবনের সিঁড়ির পাশে রক্তমাখা কয়েকটি ব্যান্ডেজ চোখে পড়ে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আসা চিঠি ও কিছু কাগজ পড়ে আছে।

ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর পড়ে ছিল কাচের টুকরা। পাশে একটি ডেস্কটপ কম্পিউটার ভাঙা অবস্থায় পড়ে ছিল। পাশের হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা, দরজাও খোলা। ওসির কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সর্বশেষ ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

যেভাবে শুরু সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল নবাগত ওসি ইমরানুল কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। পুলিশ তাদের আটক করে এবং কয়েকটি মোটরসাইকেল গাড়িতে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাদের ছেড়ে না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় গিয়ে তল্লাশি চালায়।

শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এর মধ্যে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল, পরে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সন্ধ্যার দিকে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। তারা আটক নেতাকর্মীদের ছেড়ে না দিলে থানা ঘেরাও করার ঘোষণা দেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা এলাকা ছেড়ে যায়। এরপর থানায় আগুন দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা আবার টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ফিরে কিছু সময় বিক্ষোভ করেন।

বুধবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পেরিয়ে সড়কের ওপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই পথে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।

কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল সড়কের ওপর। একটি গাড়ি থেকে বিকেল ৩টা পর্যন্ত ধোঁয়া উড়ছিল। সেখান থেকে আরও কিছু দূরে গিমাডাঙ্গা মোড়ে অন্তত আধা কিলোমিটার সড়কজুড়ে গাছের গুঁড়ি রাখা ছিল। টুঙ্গিপাড়া যাওয়ার পথে এক জায়গায় দেখা যায়, কাটা গাছ রেখে পুরো পথটা আটকে দেওয়া হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অর্থনৈতিক সংকট: বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয় শিরোনাম মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, নিরাপদে এলাকা ছাড়তে চান পুলিশ সদস্যরা শিরোনাম গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার সূচি এখনও দেয়নি ভারত শিরোনাম উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কি ট্রাম্পের বৈঠক হতে পারে? শিরোনাম টুঙ্গিপাড়া থানা পোড়াবাড়ি : বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে শিরোনাম আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর