11 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:00 AM, 11 October 2026.
Digital Solutions Ltd

হুতি হামলায় সৌদিতে নিহত ২ বাংলাদেশি বগুড়া ও কুমিল্লার, ৪ জন আইসিইউতে

হুতি হামলায় সৌদিতে নিহত ২ বাংলাদেশি বগুড়া ও কুমিল্লার, ৪ জন আইসিইউতে

Publish : 11:00 AM, 11 October 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের হামলায় যে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের একজনের বাড়ি বগুড়ায়; আরেকজনের কুমিল্লায়। সৌদি কর্তৃপক্ষ ও নিহতদের পাসপোর্ট মিলিয়ে এই তথ্য নিশ্চিত হওয়ার কথা রোববার জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থতানার মাদলা গ্রামে। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শাহেরা বেগম।

মো. নাসরুল্লাহ বদরপুরি নামে নিহত আরেকজনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তিনি মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের সন্তান।

শনিবারের ওই হামলায় এখন পর্যন্ত এই দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হুতিরা এ বছরের গ্রীষ্মে সৌদি আরবের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, তারই অংশ হিসেবে বিমানবন্দরে হামলা হওয়ার কথা লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছেন ৩০৯ জন।

গত এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর আরও দুবার হামলার শিকার হয়। তাতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আগের মতো শনিবারের হামলারও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংঘাত বাদ দিয়ে কূটনীতি ও সংলাপের পথে হাঁটার আহ্বানও জানিয়েছে ঢাকা। এর আগে ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছিলেন।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে ইতোমধ্যে মোট ১৪ জন বাংলাদেশিকে নিহত হওয়ার কথা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে, এর মধ্যে নতুন দুজন অন্তর্ভুক্ত কিনা, তা স্পষ্ট করেননি তিনি।

নিহতদের মরদেহ ফেরত আনার বিষয়ে এক প্রশ্নে বলেছেন, এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে তাদের সবাইকে ফেরত এনেছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে এই দুজনের মরদেহ শিগগির দেশে আনার পদক্ষেপ নেবে সরকার।

“এইমাত্র ঘটনাটা ঘটেছে, আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে কাজ করে… এবং অনেক সময় দেখা যায় যে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা ওখানে বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি করেন, তো সেই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলার কথা বলতে হয়।”

শামা ওবায়েদ বলেন, সাধারণত প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনার সব ব্যয় সরকার বহন করে। এ ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না।

আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

বাদশা খালিদ বিমানবন্দরে হামলায় আহত তিন শতাধিক ব্যক্তির মধ্যে ৪ জন বাংলাদেশির হাসপাতালের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে ওই ঘটনায় মোট কতজন বাংলাদেশি আহত হয়েছেন, তার তথ্য সংগ্রহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে রিয়াদে বাংলাদেশ মিশনের কাজ চলার কথা বলেছেন তিনি।

রোববার দুপুরের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হামলাটি ‘অত্যন্ত মারাত্মক ছিল’।

“এ ঘটনায় তাদের মোট মৃত্যুর সংখ্যা তারা বলেছে এখন পর্যন্ত ১২ জন। দুর্ভাগ্যবশত, আমাদের দুজন বাংলাদেশিও এই হামলায় নিহত হয়েছেন। এবং চারজন বাংলাদেশি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কিং খালিদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।”

তিনি বলেন, “আমরা এই চারজন বাংলাদেশির পরিচয় জানার চেষ্টা করছি, কারণ তাদের পরিচয় জানতে সময় লাগছে। আমাদের মিশন সেখানে সৌদি সরকারের সাথে কাজ করছে, যেহেতু সেখানে একটা যুদ্ধাবস্থায় বলা যায়, সেক্ষেত্রে সেখানে অনেক জাতীয়তার মানুষই আছেন যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন।” সাধারণ মানুষের প্রাণ হারানোর এসব ঘটনাকে ‘অত্যন্ত দুঃখের বিষয়’ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, “আমরা আশা করব যে, এই পর্যায়ে এই যুদ্ধ বন্ধ হবে, এই হামলা বন্ধ হবে।

“এবং এই যুদ্ধের নামে যে নিরীহ মানুষেরা মারা যাচ্ছেন, তারা মৃত্যুবরণ করছেন, তারা পরিবার ছেড়ে, পরিবারের সকলকে ছেড়ে তারা জীবিকার অন্বেষণে তারা বিদেশে যায়, বিদেশে কাজ করে, কষ্ট করে টাকা উপার্জন করে, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা তারা সেখানে থাকে, কাজ করে—তো এই ধরনের মৃত্যু আসলে আমরা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।”

রিয়াদের পর অন্য বিমানবন্দরেও হামলার হুমকি

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আজ রোববার সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার হুমকি দিয়েছে হুতিরা। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘বিমানবন্দর ও আকাশসীমা হামলার ঝুঁকিতে রয়েছে এবং এগুলো আমাদের বাহিনীর সামরিক অভিযানের ক্ষেত্র।’

মক্কা ও মদিনা শহরকে এই হুমকির বাইরে রাখা হয়েছে। মুসলিমদের জন্য পবিত্র ওই দুই শহর ছাড়া অন্যান্য শহরে যাত্রীদের ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে হুতিরা।

শনিবারের হামলাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

দেশ সৌদি আরবের রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিরা এক সপ্তাহ ধরে হামলা জোরদার করেছে।

গত বৃহস্পতিবারও বিমানবন্দরটি আক্রান্ত হয়। সেদিনের হামলায় তিনজন নিহত হন।

এই যুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ। অন্যদিকে, গত মাসে ঝটিকা অভিযানে লোহিত সাগরের উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা।

শনিবারের হামলার পর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট শনিবারের হামলার জন্য হুতিদের দায়ী করেছে। তারা এই হামলাকে ‘পুরোদস্তুর যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

একটি কূটনৈতিক সূত্রও এই হামলার জন্য হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রকে দায়ী করেছে। এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, রোববার হুতিদের গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত সানা প্রদেশে সৌদি আরব দুটি হামলা চালিয়েছে।

রিয়াদের বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও স্পেনের দূতাবাসগুলো নিজ নিজ নাগরিকদের রিয়াদ বিমানবন্দর এড়িয়ে চলতে বলেছে।

একজন জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিক এএফপিকে বলেছেন, কয়েকটি দূতাবাস আগামী এক সপ্তাহ তাদের কর্মীদের বিমানবন্দরটি ব্যবহার করতে নিষেধ করেছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রূপপুরে প্রথমবারের মত পারমাণবিক বিক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন শুরু পথে শিরোনাম হুতি হামলায় সৌদিতে নিহত ২ বাংলাদেশি বগুড়া ও কুমিল্লার, ৪ জন আইসিইউতে শিরোনাম ট্রাম্প—শি শীর্ষ বৈঠকের পর চীন—ইউরোপের সম্পর্কে আস্থা বাড়বে কি? শিরোনাম ট্রাম্প—শি শীর্ষ বৈঠকের পর চীন—ইউরোপের সম্পর্কে আস্থা বাড়বে কি? শিরোনাম দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ধরপাকড়: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক শিরোনাম রেয়ার আর্থের ফাঁদে আমেরিকা: খনিজ আধিপত্যে চীনের পাল্টাধাওয়া