22 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:43 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, নয়াদিল্লি যাচ্ছেন সিয়াম

পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী,  নয়াদিল্লি যাচ্ছেন সিয়াম

সালাহউদ্দিন নোমান চৌধুরী (বামে) ও আসাদ আলম সিয়াম

Publish : 08:43 AM, 22 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি আটকে থাকা নিয়ে ‘সাম্প্রতিক জল্পনার’অবসান

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা, জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিব হচ্ছেন। অপরদিকে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, ভারত সরকার তাতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার জানিয়েছে, সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র বা অ্যাগ্রিমোঁর একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি আটকে থাকা নিয়ে ‘সাম্প্রতিক জল্পনার অবসান হয়েছে’ বলে মন্তব্য করা হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া সালাহউদ্দিন নোমান চৌধুরী সর্বশেষ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনার, চীনে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী সালাহউদ্দিন নোমান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ–পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে লিখেছিল, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিতে দেরি করছে ভারত।

১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়া দিল্লিতে বর্তমান হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনিভায় পাঠাচ্ছে সরকার।

২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আসাদ আলম সিয়াম।

এর আগে ২০২৩-২০২৪ সময়ে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭-২০২১ সময়ে ফিলিপিন্সে দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবে কাজ করেছেন সিয়াম।

দেশে দায়িত্ব পালনের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক ছিলেন।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের চেষ্টার মধ্যে সিয়ামের নিয়োগের অনুমোদনের খবর এল।

ভারত সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে ঢাকায় পাঠানোর পর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। চলতি বছর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় দুই পক্ষ। কিন্তু ভারতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন পরিস্থিতি আবার জটিল করে তোলে।

দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ নেয়নি। দ্বিপক্ষীয় সফরের বিষয়েও থামকে আছে। এই পরিস্থিতিতে সিয়ামের অন্যতম দায়িত্ব হবে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কাজ করা। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতিতেও তাকে ভূমিকা রাখতে হবে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, নয়াদিল্লি যাচ্ছেন সিয়াম শিরোনাম তিন গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করে ‘ট্রাম্প টিভি’চালু করল হোয়াইট হাউস শিরোনাম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত শিরোনাম এয়ারবাসে সরকারের অনাগ্রহ, লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত শিরোনাম অস্ট্রেলীয় নারী বাংলাদেশে খুন, দুই বছর পর খুনি অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার শিরোনাম তেলের দাম বাড়তেই বাস ভাড়া বাড়িয়ে দিলো পরিবহন মালিক সমিতি