জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
২০১৬ সালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব দলের ১৯৭১ সালের ভূমিকা নিয়ে একটি বিবৃতির খসড়া তৈরি করতে অনুরোধ করেছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাককে। সেই বিবৃতির কথা উঠে এসেছে আবদুর রাজ্জাকের বইয়ে। বইটির ওপর আলোচনায় অংশ নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘২০১৬ সালে ব্যারিস্টার রাজ্জাক রাজনৈতিক দর্শন ও নীতি অনুসরণ করে একটি স্টেটমেন্ট ড্রাফট (বিবৃতির খসড়া) করেছিলেন একাত্তরে জামায়াতের ভূমিকাকে জাতির সামনে আনার জন্য। রাজ্জাক সাহেবের সেই স্টেটমেন্ট ২০১৬ সালে যদি স্বাক্ষর করা হতো, জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো।’
আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) আয়োজিত এ অনুষ্ঠানে আইনমন্ত্রী ছিলেন সমাপনী বক্তা। আবদুর রাজ্জাকের দুই ছেলের পাশাপাশি তাঁর শুভানুধ্যায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘ব্যারিস্টার আবদুর রাজ্জাকের সঙ্গে আদর্শগতভাবে কখনো এক কাতারে ছিলাম না। কিন্তু রাজ্জাক সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আইন অঙ্গনে যখন আমি তাঁর জুনিয়র সহকর্মী ছিলাম, যেকোনো আদালতে মামলা করতে গেলে আমি তাঁর পাশে আস্তে করে বসতাম অথবা তিনি আস্তে করে পাশে এসে বসতেন। বিশেষ করে যখন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে যাচ্ছে, সেই সময় রাজ্জাক সাহেবের গাইডেন্স (নির্দেশনা) আমার কাছে ছিল আলোর দিশারির মতো, পথ দেখানোর মতো। রাজ্জাক সাহেব স্বপ্ন দেখতেন ও দেখাতেন। তাঁর বইটা পড়ে আমার মনে হয়েছে, প্রতিক্রিয়াশীলতার বৃত্ত ভেঙে জামায়াতকে একটি প্রগতিশীল ইসলামি দলে রূপান্তর করার জন্য যে নিরন্তর স্বপ্ন ও প্রচেষ্টা তিনি দেখতেন, এ বই তারই বহিঃপ্রকাশ।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ওপর থেকে ইসলামি শাসন কায়েম করে চাপিয়ে দেওয়া হবে, সেটিকে তিনি (আবদুর রাজ্জাক) ভ্রান্ত নীতি বলে মনে করতেন। বরং সমাজ থেকে ইসলামি মূল্যবোধের আলোকে একটি রাষ্ট্র গঠিত ও পরিচালিত হোক, সেটাই প্রকৃত ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েমের সঠিক পথ—তাঁর বইয়ে এ বিষয় এসেছে। ...বইটি আমার কাছে সাহিত্য মনে হয়নি, গবেষণাধর্মীও মনে হয়নি। বইটিকে জীবন্ত একজন মানুষের এনসাইক্লোপিডিয়ার মতো মনে হয়েছে। রাজ্জাক সাহেব একটা সমাজকে তাঁর জীবন দিয়ে যেভাবে দেখেছেন, তাঁর জীবনদর্শন যেভাবে ছিল—এ বই তার একটা সত্যিকারের প্রতিফলন।’
জামায়াতের আইনজীবী হিসেবে পরিচিত ব্যক্তিরা এ অনুষ্ঠানে থাকবেন—সে প্রত্যাশা ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এখানে উপস্থিত হতে না পারাটা তাঁদের দৈন্য, ব্যর্থতা, সংকীর্ণতা ও সীমাবদ্ধতা। উপস্থিত হয়ে তাঁরা রাজ্জাক সাহেবের বইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারতেন। কারণ, এটা গণতন্ত্র। আপনি রাজ্জাক সাহেবের সব কথার সঙ্গে একমত হবেন পার্টির ফোরামে, এটা যেমন সত্যি নয়; আবার তাঁর সমালোচনাকে গ্রহণ করতে পারবেন না, এটাও সঠিক নয়।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আবদুর রাজ্জাক একাত্তর নিয়ে যে মূল্যায়ন করেছেন, সে বিষয়ে তিনি জাতির কাছে একটা স্টেটমেন্ট করার কথা বলেছিলেন। রাজ্জাক সাহেবের সেই স্টেটমেন্ট ২০১৬ সালে যদি স্বাক্ষর করা হতো, জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো। জামায়াত কিন্তু ওই প্রশ্নই মেনে নিয়েছে। ওই স্টেটমেন্টের আলোকেই জামায়াতের আজকের অবস্থান।
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী—এই তৎকালীন শব্দটা আগে ছিল না। আমরা আমাদের সংশোধনী এনেছি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে।’
মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আল-বদর, জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি— এদের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছেন, সংগ্রাম করেছেন দেশ স্বাধীনের জন্য, তাঁরা হলেন মুক্তিযোদ্ধা। দাবি ছিল জামায়াতের নামটা ওখান থেকে বাদ দেওয়ার জন্য। আমরা বললাম, ঐতিহাসিক সত্যটাকে আমরা তো অস্বীকার করতে পারব না। আলোচনার একপর্যায়ে এসে ওখানে শুধু লেখা হলো তৎকালীন জামায়াতে ইসলামী, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন নেজামে ইসলাম।’ মন্ত্রী আরও বলেন, ‘সংসদে যখন এই আইনটা প্লেসড হলো, আপনারা জানেন যে সংসদে আইন পাস করতে গেলে হ্যাঁ এবং না ভোট দিতে হয়। জামায়াতে ইসলামী এই সংজ্ঞার ক্ষেত্রে এই সংশোধনীর ক্ষেত্রে কোনো না ভোট দেয়নি।’
আইনমন্ত্রী বলেন, ‘২০১৬ সালে ব্যারিস্টার রাজ্জাক রাজনৈতিক দর্শন ও নীতি অনুসরণ করে একটি স্টেটমেন্ট ড্রাফট করেছিলেন একাত্তরে জামায়াতের ভূমিকাকে জাতির সামনে আনার জন্য। সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত পরোক্ষভাবে “না” ভোট না দেওয়ার মধ্য দিয়ে একাত্তরের সেই ভূমিকাকে কনসিড (স্বীকার) করল। এখানেই রাজ্জাক সাহেবের দূরদর্শিতা প্রকাশ পায়। এখানেই রাজ্জাক সাহেব অনন্য। এখানে রাজ্জাক সাহেব একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে দিয়ে গেছেন।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে থাকলেও ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্বমহিমায় একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিলেন বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘রাজ্জাক সাহেব নিজেকে এমন একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যে কারণে তিনি এখনো প্রাসঙ্গিক। রাজ্জাক সাহেবের সঙ্গে যখন শেষ কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার শেষ ইচ্ছা পূরণ করেন, বাংলাদেশের মাটিতে আমার যেন দাফন হয়। জুলাই সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহ রাজ্জাক সাহেবের সেই ইচ্ছা পূরণ করেছেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। তাঁর এ বই আমাদের সবার অবশ্যপাঠ্য হয়ে উঠুক, যারা বিশেষ করে রাজনীতি করি তাদের জন্য।’
ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। আইনমন্ত্রী ছাড়াও বইটির ওপর আলোচনায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আলী রীয়াজ, দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ ও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ।
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল ও সামগ্রিক সমাজেরও আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। সাবেক এই মার্কিন কূটনীতিক বলেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও এর বাইরে নয়। সাম্প্রতিক ও নিকট অতীতের ইতিহাসে নিজেদের ভূমিকার সঙ্গে দলটিরও হিসাব মেলানো প্রয়োজন।
আবদুর রাজ্জাকের বইটিকে বাংলাদেশ নিয়ে গবেষণা ও অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন ড্যানিলোভিচ। তাঁর মতে, বাংলাদেশ ও জামায়াতে ইসলামীকে বোঝার চেষ্টা করছেন—এমন কূটনীতিকসহ অন্যদের জন্য বইটি ইতিহাস ও রাজনৈতিক চিন্তাভাবনা বোঝার মূল্যবান উৎস হতে পারে।
ড্যানিলোভিচ বলেন, বইটি প্রকাশের আগেই অনেকে সেটিতে কী থাকতে পারে, সে বিষয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলেছিলেন। এমনকি বইটি নিয়ে মন্তব্য করা কয়েকজন তা পড়েননি বলেই তাঁর ধারণা।
মার্কিন এই কূটনীতিক বলেন, ‘সবার প্রতি আমার প্রথম অনুরোধ, বইটি সত্যিই পড়ুন, এটি নিয়ে চিন্তা করুন। এরপর আলোচনা করুন। আর এই আলোচনা শুধু জামায়াতে ইসলামীর সদস্যদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, অন্যান্য রাজনৈতিক দলের জন্যও তা গুরুত্বপূর্ণ।’
ড্যানিলোভিচ বলেন, ‘জামায়াতে ইসলামীর ভেতরে যে ধরনের আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধান প্রয়োজন, অন্যান্য রাজনৈতিক দল এবং সামগ্রিক সমাজের মধ্যেও একই ধরনের আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধান প্রয়োজন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগও রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ও নিকট অতীতের ইতিহাসে নিজেদের ভূমিকার সঙ্গে তাদেরও হিসাব মেলাতে হবে বলে আমি মনে করি।’
আবদুর রাজ্জাককে বন্ধু হিসেবে উল্লেখ করে ড্যানিলোভিচ বলেন, কূটনীতিক হিসেবে তাঁর দুটি প্রধান দায়িত্ব ছিল। একটি হলো যে সরকারের প্রতিনিধিত্ব করেন, সেই সরকারের অবস্থান সংশ্লিষ্ট দেশের সরকারি কর্মকর্তা ও জনগণের কাছে তুলে ধরা। অন্যটি হলো যে দেশে দায়িত্ব পালন করছেন, সেই দেশকে বোঝা।

বাংলাদেশকে বুঝতে বিভিন্ন পটভূমি ও দৃষ্টিভঙ্গির মানুষের সঙ্গে যোগাযোগের প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে আবদুর রাজ্জাকসহ অনেক বন্ধুর কাছে তাঁর পেশাগত ও ব্যক্তিগতভাবে গভীর ঋণ রয়েছে।
ড্যানিলোভিচ বলেন, আবদুর রাজ্জাক শুধু তাঁকে বাংলাদেশ বুঝতে সাহায্য করেননি; বাংলাদেশের বিচারব্যবস্থা, আইনজীবী সমাজ এবং তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন, সেই জামায়াতে ইসলামী সম্পর্কেও তাঁকে বুঝতে সহায়তা করেছেন।
বছরের পর বছর আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল উল্লেখ করে ড্যানিলোভিচ বলেন, কূটনৈতিক চাকরি শেষ হওয়ার পরও সেই সম্পর্ক অব্যাহত ছিল। তবে তাঁদের সম্পর্কের ক্ষেত্রে দুজনই নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন—তিনি মার্কিন সরকারের প্রতিনিধি এবং রাজ্জাক তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধি।
আবদুর রাজ্জাকের বইটির সততা ও অকপটতাকে এর ‘স্বস্তিদায়ক ও ব্যতিক্রমী’ দিক হিসেবে উল্লেখ করেন ড্যানিলোভিচ। তিনি বলেন, বইটিতে অতীতের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও খোলামেলা আলোচনা রয়েছে।
বাংলাদেশ নিয়ে লেখা অন্য কিছু বইয়ের প্রসঙ্গ টেনে ড্যানিলোভিচ বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মওদুদ আহমদের বইগুলো থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। আবার এমন কিছু বইও পড়েছেন, যেগুলোর কথা পরে তাঁর মনে থাকেনি। কিছু বইয়ে লেখকের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডাও স্পষ্ট ছিল।
ড্যানিলোভিচ বলেন, বইটি পড়ে তাঁর সবচেয়ে ভালো লেগেছে যে আবদুর রাজ্জাক বরাবরের মতোই একজন দক্ষ পেশাজীবীর পরিচয় দিয়েছেন। আবদুর রাজ্জাক তাঁর নিজের দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো তুলে ধরেছেন, সেগুলোকে যথাযথ প্রেক্ষাপটে স্থাপন করেছেন এবং বৃহত্তর বক্তব্যের সঙ্গে যুক্ত করেছেন।
আবদুর রাজ্জাকের বইয়ে তাঁর নিজের নামও রয়েছে বলে জানান ড্যানিলোভিচ। তিনি বলেন, তিনি এখনো নিজের স্মৃতিকথা লেখেননি। তবে ভবিষ্যতে নিজের দিক থেকে ঘটনাগুলো তুলে ধরার সুযোগ হতে পারে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats