27 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 11:43 AM, 26 August 2026.
Digital Solutions Ltd

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ৯৫, নিখোঁজ ৩৪১ বিদেশি নাগরিক

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ৯৫, নিখোঁজ ৩৪১ বিদেশি নাগরিক

আকস্মিক বন্যার পর নদীর তীরে কাদাপানিতে আংশিক তলিয়ে আছে ঘরবাড়ি। নুয়াকোট, নেপাল।

Publish : 11:43 AM, 26 August 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

নেপালে আকস্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছেন।

ট্যুর অপারেটরদের বরাত দিয়ে ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। এদিকে নেপাল টিভি ও রেডিও নেপালের খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, প্রাণঘাতী আকস্মিক বন্যার ঘটনায় তাঁর হৃদয় ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত। তিনি এই দুর্যোগকে ‘আকস্মিক’ ও ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। নিহত ব্যক্তিদের প্রতি তিনি শ্রদ্ধা এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বালেন্দ্র শাহ বলেন, উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিক সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।

ভোতেকোশি নদী উত্তর নেপালের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চীন সীমান্তের দিকে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৯টার দিকে নদীটির দুই কূল উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে রাস্তাঘাট ও জলবিদ্যুৎ প্রকল্পের। এমন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ভোতেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীর থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, একটি বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। আর এর জের ধরেই ভোতেকোশি নদীতে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়। উল্লেখ্য, ভোতেকোশি হলো লেন্দে নদীরই একটি উপনদী।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নেপাল সীমান্তেই মূলত ভূমিধসের ঘটনাটি ঘটেছে। এটি জিরং বন্দরে আঘাত হানে। এতে নেপাল সীমান্তবর্তী শিগাতসে অঞ্চলে সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কিছু জানায়নি।

নেপাল সরকারের মুখপাত্র সস্মিত পোখরেল বলেন, ‘উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য আমরা ভারত ও চীন উভয় দেশকেই অনুরোধ জানিয়েছি।’

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, একটি জলবিদ্যুৎ প্রকল্পের আটজন দক্ষিণ কোরীয় কর্মী নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আরও ১০ জন দক্ষিণ কোরীয় কর্মী সেখানে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠানো হবে।

নিখোঁজ ব্যক্তিদের অনেকেই কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা তিব্বতের উদ্দেশে যাচ্ছিলেন।

কাঠমান্ডুভিত্তিক ‘টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানান, ৯৩ জন নেপালিসহ মোট ৩৯০ জন তীর্থযাত্রীর ওই সীমান্ত পার হওয়ার কথা ছিল। কাঠমান্ডু পোস্টকে তিনি বলেন, ‘বেলা তিনটা পর্যন্ত আমরা মাত্র কয়েকজনের খোঁজ পেয়েছি। বাকি কোনো তীর্থযাত্রীর সঙ্গেই যোগাযোগ করতে পারিনি।’

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান এবং ৩ জন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক রয়েছেন। তবে নিখোঁজ আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পানির তোড়ে নেপালে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে গেছে। অন্যদিকে তিব্বতের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের একটি স্থলবন্দরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে জিরং কাউন্টিতে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। সেখানে ‘ব্যাপক প্রাণহানির’ আশঙ্কা করছেন তাঁরা।

নেপালের পাহাড়ি জেলা রসুয়ায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। কর্মকর্তারা জানান, নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার উপদ্রুত স্যাপ্রু বেসি ও তিমুরে এলাকায় উদ্ধারকারী হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারেনি।

কান্তিপুর পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত রসুয়ায় ত্রাণ নিয়ে তিনটি হেলিকপ্টার রওনা হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেগুলো কাঠমান্ডুতে ফিরে আসতে বাধ্য হয়। এতে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যগুলোতে বন্যার পানিতে ভেঙে পড়া বাড়িঘর ও ভাসমান গাড়ি দেখা গেছে। পানির তোড়ে একটি লোহার সেতুও ভেসে যেতে দেখা যায়। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্যার পানিতে আস্ত গ্রাম তলিয়ে গেছে।

রসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পরিয়ার বলেন, ‘বড় ধরনের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে।’ গ্রামের পর গ্রাম এবং বিভিন্ন প্রকল্প এলাকা ভেসে যাওয়ার খবর পাওয়ার পরপরই তিনি ভোতেকোশি নদীর তীরের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন।

রসুয়া জেলার স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বি কে রয়টার্সকে বলেন, ‘যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু ধ্বংসযজ্ঞ চোখে পড়ছে।’ তিনি আরও বলেন, ‘নদীর পাশের জনবসতিগুলো পুরোপুরি ভেসে গেছে। আমার নিজের পরিবারেরই পাঁচজন নিখোঁজ রয়েছেন।’

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বস্নেত জানিয়েছেন, পানি না কমা পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণ করতে পারবে না।

আকস্মিক এই বন্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গত বছরও একই নদীতে এক ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। পরে জানা যায়, একটি হিমবাহের হ্রদ থেকে ওই বন্যার সৃষ্টি হয়েছিল।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে বন্যা–পরবর্তী অন্য কোনো দুর্যোগ এড়াতে নজরদারি ব্যবস্থা ও আগাম সতর্কসংকেত আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিশ্বের সব দেশে মার্কিন অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত শিরোনাম ৭০০–এর বেশি মার্কিন পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ করল কানাডা শিরোনাম নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ৯৫, নিখোঁজ ৩৪১ বিদেশি নাগরিক শিরোনাম ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার শিরোনাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ সংবিধান মেনেই: আইনমন্ত্রী শিরোনাম মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জাতিসংঘ