সেঞ্চুরিয়নে পুরো পাঁচ দিন খেলা হলে শনিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ছিল বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের। দুদিন বাকি থাকতেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আগেভাগেই দেশে ফেরেন তারা। আর এটিই হয়ে রইল জাতীয় দলের সঙ্গে মুশফিকুর রহিমের শেষ সফর।
দেশে ফিরে ক্যারিয়ারের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুশফিক। ঘরের মাঠে সামনের ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সাবেক অধিনায়ক। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে থামছে মুশফিকের আন্তর্জাতিক অধ্যায়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে বোর্ড সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও অভিজ্ঞ ব্যাটসম্যানের বন্ধু তামিম ইকবাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে হবে মুশফিকের বিদায়ী ম্যাচ।
লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।
মুশফিকের সামনে হাতছানি বা সম্ভাবনা ছিল লর্ডসেই বিদায় জানানোর। ওই মাঠে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই পর্যন্ত অপেক্ষা না করে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজের প্রথম ম্যাচেই থামবেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।
এখন পর্যন্ত ২১ বছর ১৭৭ দিনের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি ছিল না মুশফিকের। পরে ক্রমেই নিজেকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে এখন পর্যন্ত ১৪ বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে বাংলাদেশের হয়ে তিনিই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক। পরে আরও দুবার দ্বিশতকের কৃতিত্ব দেখান তিনি। বাংলাদেশের কারও একাধিক ডাবল সেঞ্চুরি নেই।
শুধু তা-ই নয়, কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। আরও ৮জন কিপার টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেও, একাধিকবার এই কৃতিত্ব নেই তাদের।
গত বছর নভেম্বরে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশ টেস্টের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে শতক করা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায় নাম তোলেন তিনি।
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে অধিনায়কত্ব করেন মুশফিক। তার নেতৃত্বে ৭ টেস্টে জয় পায় বাংলাদেশ। এছাড়া ড্র করে ৯ ম্যাচ। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ। একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করাদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম।
২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় তারা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে মুশফিকের নেতৃত্বেই জেতে বাংলাদেশ।
লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে শুরু হয় মুশফিকের ক্যারিয়ার। এরপর নিজ ব্যতীত আরও ৮ অধিনায়কের নেতৃত্বে খেলেন তিনি। সব ঠিক থাকলে এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে থামবে বর্ণাঢ্য এই অধ্যায়।
মুশফিকের অবসরের ঘোষণা যে কারণে তামিম দিলেন
‘সম্ভবত সবচেয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হতে যাচ্ছে এটি’- প্রায় তিন ঘণ্টার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনের শুরুতেই বললেন তামিম ইকবাল। এরপর বৈঠক সম্পর্কে কিছুই জানালেন না বিসিবি সভাপতি। তবে দিলেন একটি ঘোষণা, যা হয়তো ছিল না কারও দূরতম কল্পনায়। টেস্ট ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের সিদ্ধান্ত জানালেন তিনি।
মিনিট তিনেকের এই সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নোত্তর পর্ব রাখেননি তামিম। মুশফিকের ক্যারিয়ারের ইতি টানার খবর জানিয়ে তিনি বললেন, বন্ধুর অনুরোধেই মূলত তিনি দিচ্ছেন এই ঘোষণা। একইসঙ্গে জানালেন, মুশফিকের বিদায়ী ম্যাচ রাঙাতে বিসিবির পক্ষ থেকে থাকবে নানান উদ্যোগ।
ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর প্রথম টেস্ট হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সম্ভাব্য সময় আগামী ১৪ ফেব্রুয়ারি। ওই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন মুশফিক।
এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায়, ২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। তাই আগামী ফেব্রুয়ারিতে টেস্টও ছেড়ে দেওয়ার মাধ্যমে পর্দা নামবে অভিজ্ঞ ব্যাটসম্যানের সাড়ে ২১ বছরের ক্যারিয়ারের।
সাদা বলের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা সামাজিক মাধ্যমে জানানোয় এবার মুশফিককে আগে থেকেই এই বিষয়ে অনুরোধ করে রাখেন তামিম। তবে মুশফিক নিজেও সংবাদ সম্মেলনে ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না।
তাই মুশফিকের পক্ষ থেকে ঘোষণা দিলেন তামিম।
“কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাকে বলেছিলাম, নিজেই যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেয়। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা না দেওয়ার অনুরোধও করেছিলাম।
“বাংলাদেশের ক্রিকেটে সে অসাধারণ অবদান রেখেছে। আমি চেয়েছি, তার মতো একজন ক্রিকেটারের বিদায়টা যেন যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে হয়। তবে মুশফিকের অনুরোধেই আমি এই ঘোষণা দিচ্ছি। মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট।”
এসময় বিসিবি সভাপতি ঘোষণা দেন, মুশফিকের বিদায়ের ক্ষণ রাঙাতে আয়োজনের কমতি রাখবে না বোর্ড।
“বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার প্রতি কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, তার যথাযথ স্বীকৃতি দিতে চাই। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অসংখ্য ক্রিকেটার ও তরুণের আদর্শ।
“মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে অবশ্যই বড় পরিসরে একটি বিদায়ী আয়োজন করা হবে। এছাড়া সময়ের সঙ্গে আরও কিছু উদ্যোগের কথাও আপনারা জানতে পারবেন এবং দেখতে পাবেন।”
২০০৬ সালে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর পর পুরোটা সময় মুশফিককে সতীর্থ হিসেবে পান তামিম। সময়ের সঙ্গে কাছের বন্ধু হয়ে যান তারা। নিজে আগেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। এবার প্রিয় বন্ধুর অবসরে স্বাভাবিকভাবেই মন খারাপ তামিমের।
তবে আবেগের জায়গা এক পাশে রেখে মুশফিকের বিদায় রাঙাতেই বারবার জোর দেন বোর্ডপ্রধান।
“মুশফিকের মতো একজন মেধাবী ও অসাধারণ মানের ক্রিকেটার যখন অবসরের সিদ্ধান্ত নেয়, তখন স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগে, মন খারাপ হয়। তবে আমি চাই, ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি বিশেষ আয়োজনে পরিণত করি।
“বিসিবির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি সাংবাদিকদের কাছে একটি অনুরোধ রাখতে চাই। এখন থেকে প্রথম টেস্ট শুরু হওয়া পর্যন্ত আমরা যেন মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের সব সুন্দর স্মৃতি সামনে নিয়ে আসি।”
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি এখনও ঘোষণা করেনি বিসিবি। তবে তামিম জানিয়ে দিলেন, ১৪ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিরিজের প্রথম টেস্ট। এর আগপর্যন্ত মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের সব ইতিবাচক দিক নিয়ে আলোচনার আহ্বান জানান তামিম।
“মুশফিকের দীর্ঘ ক্রিকেট জীবনে কিছু হতাশা, সমালোচনা কিংবা নানা ধরনের বিতর্কও ছিল। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে মনে রাখতে হবে, বাংলাদেশের ক্রিকেটের জন্য সে কতটা অবদান রেখেছে। আসুন, আমরা সবাই মিলে তার অর্জনগুলো উদ্যাপন করি।
“১৪ ফেব্রুয়ারি থেকে টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা, যদি আমি ভুল না করে থাকি। সেই সময় পর্যন্ত আমরা যেন শুধু মুশফিকের ভালো দিকগুলো, তার অসাধারণ পারফরম্যান্স এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অনন্য অবদানগুলো নিয়েই আলোচনা করি।”
রেকর্ড বই রাঙিয়ে ২১ বছরে মুশফিকের যত কীর্তি
দীর্ঘ ক্যারিয়ারে কতবার বিপর্যয় থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম। কত জয়ের জন্য গড়ে দিয়েছেন ভিত। নিজেকে মেলে ধরে ভেসেছেন কত অর্জনের আনন্দে। এবার থামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
২১ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে মুশফিক গড়েছেন অসংখ্য কীর্তি ও রেকর্ড। তার বিদায় বেলায় অর্জনগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
সর্বোচ্চ ম্যাচ
২১ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে আর কোনো ক্রিকেটার ৮৫টি টেস্টও খেলতে পারেননি। এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলে দুইয়ে মুমিনুল হক।
সর্বোচ্চ রান
চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। সব মিলিয়ে ১০৮ ম্যাচে ৩৮.৮ গড়ে সংগ্রহ ৭ হাজার ৬২ রান।
এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের সাড়ে ৫ হাজার রানও নেই। দুই নম্বরে থাকা মুমিনুলের এখন পর্যন্ত সংগ্রহ ৫ হাজার ৩১২ রান।
এছাড়া মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের সর্বোচ্চ। এই তালিকায়ও তার ঠিক পরেই মুমিনুল, ১৩ সেঞ্চুরি।
প্রথম ডাবল সেঞ্চুরিয়ান
দেশের টেস্ট অভিষেকের ১৩ বছরের মাথায় প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ২০০ রান করেন তিনি।
টেস্টে তার ডাবল সেঞ্চুরি মোট তিনটি। এটিও বাংলাদেশের সর্বোচ্চ।
দেশে-বাইরে প্রায় সমান
ঘরের মাঠে ও দেশের বাইরে মুশফিকের রেকর্ড প্রায় কাছাকাছি। বাংলাদেশে খেলা ৬২ ম্যাচে ৩৯.৭৮ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৯৮ রান। ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির পাশাপাশি ১৯টি হাফ সেঞ্চুরি তিনি করেছেন দেশের মাঠে।
আর দেশের বাইরে খেলা ৪৬ টেস্টে ৩৭.৫২ গড়ে মুশফিক করেছেন ২ হাজার ৯৬৪ রান। ৬ সেঞ্চুরি ও ১১টি ফিফটি তিনি করেছেন বিদেশের মাঠে।
কিপিং করে দ্বিশতক
টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন নয় জন কিপার-ব্যাটসম্যান। তাদের মধ্যে একমাত্র মুশফিকই করেছেন একাধিক ডাবল সেঞ্চুরি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ ও ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats