মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্লাটফর্মে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে প্লাটফর্মটির নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংবেদনশীল সামরিক তথ্য ঝুঁকিতে পড়েছে। এ সম্পর্কে অবগত তিনজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এ হামলায় সামরিক বাহিনীর বিপুল পরিমাণ কৌশলগত, কর্মী-সংক্রান্ত ও রসদ ব্যবস্থাপনার তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
সংশ্লিষ্ট দুজনের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় ‘ক্লাউড ওয়ান’ প্লাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এরপর পুরো প্লাটফর্মের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণাঙ্গ পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমরা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা অবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে মন্তব্য করি না।
“বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে সতর্কতামূলক পদক্ষেপ নিই।”
এক প্লাটফর্মে বহু সেবা
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’ প্লাটফর্মটি মার্কিন বিমান বাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত যাবতীয় চাহিদার একক সমাধান বা ‘ওয়ান-স্টপ শপ’ হিসেবে তৈরি করা হয়েছিল।
মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি কোম্পানির রিসোর্স সমন্বয় করে তৈরি হয়েছে প্লাটফর্মটি।
এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ ও রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এর মধ্যে রয়েছে বিমান বাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে রাডারসহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
এ ছাড়া বিশ্বজুড়ে মার্কিন বিমান বাহিনীর ২০০টির বেশি ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখার ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ও এ প্লাটফর্মের আওতাভুক্ত।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। পরে দায়িত্ব নেয় লেইডোস।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এসএআইসি। লেইডোস প্রশ্নের জবাবের জন্য বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
সংশ্লিষ্ট দুটি সূত্রের ভাষ্য, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বড় ক্লাউড প্লাটফর্ম।
একটি সূত্র বলেছে, “এখানে অনুপ্রবেশের ঘটনা খুবই বড় বিষয়।”
হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’কে যুক্ত করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আরেক ব্যক্তি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সাইবার কমান্ড।
বিভিন্ন কার্যক্রম বিঘ্নিত
হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হওয়ার পর প্লাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে।
সংশ্লিষ্ট আগের দুই ব্যক্তি ও বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ আরেকজনের ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকারমূলক প্রকল্পের অংশ হিসেবে দাপ্তরিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্লাটফর্মটিতে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কয়েকটি গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশ পেলেও বিমান বাহিনীর কর্মীরা সেগুলোর নিরাপত্তা ত্রুটি সংশোধন করতে পারছেন না।
সংশ্লিষ্ট পঞ্চম ব্যক্তি জানিয়েছেন, বেশ কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।
পাঁচটি সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।
একটি সূত্র বলেছে, সফটওয়্যারের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্লাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করেছিল।
ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে ‘ইউনিভার্সাল রিমোট’ বা সর্বজনীন রিমোটের সঙ্গে তুলনা করেছেন। তত্ত্বগতভাবে এই প্রবেশাধিকার কাজে লাগিয়ে হ্যাকাররা সামরিক উড়োজাহাজের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচলের তথ্য জানতে পারত।
তবে এবারের ঘটনায় তারা সত্যিই এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়। কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা প্রবেশ করেছিল, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ধারাবাহিক সাইবার হামলা
রয়টার্স লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার অনুপ্রবেশের ঘটনা নিয়ে বাড়তি উদ্বেগের মধ্যে ক্লাউড ওয়ানে হামলার খবর এল।
ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের জন্য এ ধরনের হামলা বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, এআই মডেল ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্কের বিভিন্ন দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব।
যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে প্রকাশ্যে আসা আরও অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামলাচ্ছে।
এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ে দুটি হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে অনুপ্রবেশ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় সাইবার হামলা এবং ট্রেজারি ডিপার্টমেন্টে অনুপ্রবেশ।
ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু।
২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক নিবন্ধে ক্লাউড ওয়ানের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছিলেন, প্লাটফর্মটিতে অনুপ্রবেশের বিপুলসংখ্যক চেষ্টা তারা ‘শতভাগ সফলতার’ সঙ্গে প্রতিহত করেছেন।
ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা লিখেছিলেন, “নিরাপত্তার প্রশ্নে ভুলের কোনো সুযোগ নেই।”
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats