26 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:28 AM, 26 November 2026.
Digital Solutions Ltd

ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

Publish : 10:28 AM, 26 November 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ভারত-সহ বেশ কয়েকটি দেশের উপর প্রস্তাবিত বাণিজ্য শুল্কের হার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র - যাকে ঘিরে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন তীব্র হওয়ার আশঙ্কা।

উৎপাদন খাতে 'স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি অ্যান্ড প্রোডাকশান' অর্থাৎ 'কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন'-এ অভিযোগের তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের 'ট্রেড অ্যাক্ট অফ ১৯৭৪' এর ৩০১ ধারার আওতায় কোনো বিদেশি সরকারের নীতি, কর্মকাণ্ড বা বাণিজ্য ব্যবস্থাপনা যদি যুক্তরাষ্ট্রের কাছে অযৌক্তিক বা বৈষম্যমূলক বলে মনে হয় এবং তা মার্কিন বাণিজ্যের ক্ষতি করছে অথবা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে বলে মনে হয়, তাহলে ইউএসটিআর তার তদন্ত করতে পারে।

অভিযোগের সত্যতা সাপেক্ষে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ-সহ বাণিজ্য-সংক্রান্ত ক্ষেত্রে একাধিক পদক্ষেপও নিতে পারে।

এই ৩০১ ধারার আওতাতেই ভারত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া-সহ একাধিক দেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তদন্তের পর প্রস্তাবিত শুল্কের হার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫% বাণিজ্য শুল্ক আরোপ করা হতে পারে। তবে যদি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয় সেক্ষেত্রে এই হার ১৭%-এ নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, "এই বিজ্ঞপ্তি বর্তমানে বিবেচনাধীন।" তদন্ত শুরু করার নোটিশ এবং পরবর্তী পদক্ষেপের জবাবে বাণিজ্য বিভাগ জানিয়েছে কোনো খাতে কাঠামোগত উদ্বৃত্ত উৎপাদনের ক্ষমতা ভারতের নেই।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, "বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারত এই অবস্থান বজায় রেখেছে যে বাণিজ্য-সম্পর্কিত যেকোনো উদ্বেগের সমাধান আলোচনার কাঠামোর মধ্যে থেকেই করা উচিত।"

তবে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ভারত যে ইতিবাচক মনোভাব পোষণ করে তাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "যত দ্রুত সম্ভব ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

অন্যদিকে, ইউএসটিআর-এর অভিযোগ, ভারতের উৎপাদন সংক্রান্ত পরিকল্পনার ফলে সে দেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। একেই 'অন্যায্য' এবং মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ইউএসটিআর মূলত পাঁচটা প্রধান অভিযোগ এনেছে। প্রথমত, উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা। দ্বিতীয়ত, শ্রমিকদের অধিকারের প্রতি অবহেলা। তৃতীয়ত, আর্থিক খাতে সরকারি হস্তক্ষেপ। চতুর্থত, বাজারে প্রবেশের ক্ষেত্রে বাধা এবং পঞ্চমত, বিশ্বব্যাপী অতিরিক্ত উৎপাদনে লাগাম না থাকা।

ভারতের জন্য 'উদ্বেগের' বিষয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যে পণ্যগুলো মূলত রফতানি করা হয়, তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, প্রকৌশল, ঔষধপত্র, রত্ন ও গয়না, পেট্রোলিয়াম পণ্য, জৈব রাসায়নিক পদার্থ, বস্ত্র ও পোশাক, এবং সামুদ্রিক পণ্য।

অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড ১৪০.৭৯ বিলিয়ন (১৪ হাজার ৭৯ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে।

২০২৫ সালে (জানুয়ারি–ডিসেম্বর পর্যন্ত) দ্বিপাক্ষিক পণ্য ও পরিষেবা বাণিজ্যের সম্মিলিত মোট পরিমাণ ছিল ২৪১.৬৬ বিলিয়ন (২৪ হাজার ১৬৬ কোটি) ডলার।

যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাবিত নতুন শুল্ক সংক্রান্ত ঘোষণাকে উদ্বেগের বলেই মনে করছেন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–কনফেডারেশন অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এফআইসিসিআই-সিএমএসএমই)-এর সভাপতি হরজিন্দর কৌর তলওয়ার।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে এবং দুই দেশের মধ্যে বিপুল পরিমাণে বাণিজ্য হয়। ভারত বাণিজ্য চুক্তি চায়, কিন্তু সেটা যেকোনো মূল্যে নয়। আমরা একটা ন্যায্য বাণিজ্য চুক্তি চাই। ২৫ শতাংশ শুল্ক হলে তা ভারতীয় এমএসএমই-গুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, কারণ তারা ইতিমধ্যেই খুব কম লাভ রেখে ব্যবসা করে।"

"যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে আমরা অবশ্যই স্বাগত জানাব যদি সেটা ন্যায্য ও যুক্তিসঙ্গত শর্তের ওপর ভিত্তি করে হয়। এফআইসিসিআই-সিএমএসএমই-র সভাপতি হিসেবে আমি এটাও নিশ্চিত করতে চাইব যে আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো যেন প্রযুক্তির দিক থেকে বিশ্বস্তরে প্রতিযোগিতায় সামিল হতে পারে এমন মানের হয়, যাতে তারা অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসা করতে পারে।"

তিনি বলেন, ভারত এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায়, কিন্তু "শুধুমাত্র ন্যায্য শর্তে।"

"২৫ শতাংশ শুল্ক হলে তো একেবারেই নয়। এটা ক্ষতিকর। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এটা সহ্য করতে পারবে না।"

সংবাদমাধ্যম 'ইকোনমিক টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। শুল্কের হার কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে একতরফা ছাড় দেওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে।

জিটিআরআই-কে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "অন্যান্য দেশের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা মূল্যায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে মানদণ্ডগুলো ব্যবহার করে, তার কয়েকটা যদি যুক্তরাষ্ট্রের কৃষি খাতে প্রয়োগ করা হতো, তাহলে তাদেরও (যুক্তরাষ্ট্রে) কৃষি পণ্যের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকত।"

'ইকোনমিক টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, জিটিআরআই ভারত সরকারের কাছে আবেদন করেছে যে শুধু কম শুল্কের কথাই মাথায় রেখে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না করা হয়, কারণ যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাবিত শুল্ক হারের লক্ষ্য হলো অন্যান্য দেশগুলোর থেকে একতরফা সুবিধা আদায় করা।

বাংলাদেশ, ইন্দোনেশিয়ার শুল্কের সঙ্গে তুলনা

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হলে প্রস্তাবিত শুল্ক কম হবে বটে, কিন্তু তা ভারতের জন্য লাভজনক হবে কি না- সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রোমোশন কাউন্সিল (ইইপিসি) ইন্ডিয়ার চেয়ারম্যান পঙ্কজ চাড্ডা।

ইউএসটিআর-এর প্রস্তাবিত শুল্ক অনুযায়ী, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ১৮ শতাংশ শুল্ক হার আরপের প্রস্তাব দেওয়া হয়েছে।অর্থাৎ তুলনা করলে ভারতের সঙ্গে এই দেশগুলোর শুল্কের হারে এক শতাংশের পার্থক্য থাকবে। আবার ভিয়েতনাম ও চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে ২০ শতাংশ শুল্ক হার আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেদিক থেকে তুলনা করলে ভারত তিন শতাংশ সুবিধা পাবে।

অন্যদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে (ভারতের ক্ষেত্রে) এই শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

এই তুলনার প্রসঙ্গ টেনে পঙ্কজ চাড্ডা বলেছেন, "আমার মতে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের উপর প্রায় ১৮% শুল্ক চাপানো হবে।"

"যদি তাদের উপর ১৮% শুল্ক চাপানো হয় এবং (ভারতের সঙ্গে) বাণিজ্য চুক্তির অধীনে ১৭% শুল্ক ধার্য করা হয়, তাহলে আমি নিশ্চিত নই যে আমাদের বাণিজ্য চুক্তি করাটা কতটা সুবিধার হবে।"

"এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আগাম হয়ে যাবে। প্রথমত, এই শুল্কগুলো জানুয়ারিতে কার্যকর হবে। দ্বিতীয়ত, শুধু ভারতের সঙ্গেই নয়, অন্যান্য দেশগুলোর সঙ্গেও এই নিয়ে আলোচনা হবে।"

পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিইও এবং সাধারণ সম্পাদক ড. রঞ্জিত মেহতাও জানিয়েছেন যে এই প্রস্তাবিত নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না।

তার কথায়, "যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হয়, তখনই যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক আরোপ করবে। যদি আমরা সফলভাবে একটা চুক্তিতে পৌঁছাতে পারি তাহলে ভারত ১৭% শুল্কের সম্মুখীন হবে।"

"যদি আপনি ভিয়েতনাম, চীন এবং বাংলাদেশের মতো প্রতিযোগিতামূলক অর্থনীতিগুলো দেখেন, আমি মনে করি তাদের শুল্ক আমাদের চেয়ে বেশি। আমার মনে হয় এটা এমন একটা হাতিয়ার যা আলাপ আলোচনার জন্য ব্যবহার করা যেতে পারে।"

ড. মেহতা বলেন, "ভারত এই মুহূর্তে নিশ্চিতভাবেই একটা মজবুত অবস্থান থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে। যুক্তরাষ্ট্র ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আমাদের উচিত যত দ্রুত সম্ভব এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা, যাতে আমরা মাত্র ১৭% শুল্কের সুবিধা নিতে পারি।"

"এই মুহূর্তে, আমাদের জন্য এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা এবং বাস্তবে তা চূড়ান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ভারতের সামনে বাণিজ্য শুল্ক সংক্রান্ত ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ রবিন্দর সচদেব। তার কথায়, "নিশ্চিতভাবেই, শুল্ক সংক্রান্ত ঝুঁকি এখনো রয়ে গিয়েছে। আসলে ৩০১ নম্বর ধারার আওতায় তদন্তাধীন রয়েছে বা যার তদন্ত শুরু হবে এমন বিষয়কে কেন্দ্র করে আরো পাঁচ-ছয় ক্ষেত্রে ঝুঁকি দেখা দিতে পারে।"

"তদন্তের অধীন প্রথম বিষয়টা জোরপূর্বক শ্রমের সঙ্গে সম্পর্কিত। এই কারণে, ভারত-সহ বেশ কয়েকটা দেশের উপর ১০% থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। তদন্তের আওতায় দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা হল অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বা সরকারের তরফে স্থানীয় শিল্পে দেওয়া ভর্তুকি। এটা (ভর্তুকি) এই (ভারতীয়) শিল্পকে মার্কিন পণ্যের তুলনায় আরো প্রতিযোগিতামূলক করে তোলে।"

মি. সচদেবের মতে, "অতিরিক্ত উৎপাদন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত এই শুল্ক ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তাছাড়া, ডিজিটাল কর, সামুদ্রিক বাণিজ্য এবং চালজাত পণ্যের শুল্কও আলোচনা ও তদন্তাধীন। সুতরাং, অন্তত আরও তিন থেকে চারটে বিষয় তদন্তাধীন।"

প্রসঙ্গত, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জুন মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিত 'সিটি ২০২৬ ইন্ডিয়া কনফারেন্স'-এ জানিয়েছিলেন ভারত-মার্কিন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ চূড়ান্ত হয়েছে এবং দুই পক্ষই বাকি বিষয়গুলো সমাধানের জন্য কাজ করছে।

সেই দিকে ইঙ্গিত করে রবিন্দর সচদেব উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "আমি বুঝতে পারছি না কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি ৯৯% সম্পন্ন হয়েছে অথচ যুক্তরাষ্ট্রের দিক থেকে এই সমীকরণের একটা অংশই একেবারে অস্পষ্ট রয়ে গিয়েছে। আরও অন্তত তিন থেকে চারটে বিষয়ে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।"

"যতক্ষণ এই শুল্ক আরোপ অব্যাহত থাকবে বা এই বিষয়গুলোর তদন্ত চলবে, ততক্ষণ পুরো পরিস্থিতি আমাদের কাছে স্পষ্ট হবে না। বিষয়টা অনেকটা এমন যে বীজগণিতের এক সমীকরণের সমাধানের চেষ্টা চলছে অথচ সমস্যাটা আসলে জ্যামিতি সংক্রান্ত।"

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পর্কে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশি বাণিজ্যের অতিরিক্ত মহাপরিচালক বিপিন মেনন বলেন, "বর্তমানে চুক্তি নিয়ে আলোচনা চলছে।"

ভারতের উপর চাপ সৃষ্টির চেষ্টা

এই পুরো বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি নিয়েও বেশ আলোচনা চলছে।

গত বছর যুক্তরাষ্ট্র ভারতের উপর ৫০% শুল্ক আরোপের পর, এখন বাণিজ্য চুক্তির জন্য কম শুল্কের বিকল্প প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেদিকে ইঙ্গিত করে সিনিয়র সাংবাদিক সুহাসিনী হায়দার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আগে ভারতের উপর সর্বোচ্চ ৫০% শুল্ক আরোপ করে চাপ দেওয়া হলো, আর এখন যুক্তরাষ্ট্র ভারতের প্রতিবেশী দেশ ও রফতানি প্রতিযোগীদের তুলনায় ১% কম শুল্কের কথা বলছে। এর জন্য ভারতকে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) স্বাক্ষর করতে হবে। যদি তারা তা না করে, তাহলে তাদের ২৫% শুল্কের হুমকি দেওয়া হচ্ছে।"

তিনি প্রশ্ন তোলেন, ভারত কি এই বাণিজ্য চুক্তি গ্রহণ করবে?

সাবেক সিনিয়র ভারতীয় কূটনীতিক অশোক সজ্জনহারের মতে, "যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে অনিশ্চয়তা এবং অপ্রত্যাশিত ঘটনা সে দেশের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায়, বাণিজ্য চুক্তি হচ্ছে কি হচ্ছে না সেটা খুব কম গুরুত্বপূর্ণ। আলোচিত ১৬টা দেশের মধ্যে জাপান এবং অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে।"

"মার্কিন প্রশাসন যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই কারণেই আমরা আমাদের বিকল্পগুলোতে বৈচিত্র্য আনছি এবং ঝুঁকি কমানোর জন্য কাজ করছি। এই প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান।"

তবে, যে দেশগুলোর উপর নতুনভাবে প্রস্তাবিত শুল্ক চাপানোর হুমকি দেওয়া হয়েছে একমাত্র তাদেরই যে ট্রাম্প প্রশাসনকে ঘিরে উদ্বেগ রয়েছে এমনটা নয়। যুক্তরাষ্ট্রেও নিজস্ব উদ্বেগ রয়েছে বৈকি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়ী ডেমোক্রেটিক সেনেটর চাক শুমার ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশানা করেছেন।

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ডোনাল্ড ট্রাম্প কখনো শেখেন না। এখানে আসল সমস্যা চীন, কিন্তু সমস্যার সমাধানের বদলে ট্রাম্প তাদেরই শর্ত নির্ধারণ করতে দিচ্ছেন। একই সময়ে, তিনি আমাদের মিত্রদের বিচ্ছিন্ন করে দিচ্ছেন এবং তার মূল্য চাপাচ্ছেন মার্কিন পরিবারগুলোর উপর। এতে মার্কিন শ্রমিকদের খুব কমই উপকার হচ্ছে।"

তিনি আরও লিখেছেন, "জানুয়ারিতে পরিবর্তন আসছে।"

চাক শুমার আসলে ইঙ্গিত করেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের অঙ্কের দিকে, যেখানে ট্রাম্পের স্পষ্ট সমালোচক ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শিরোনাম শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর ফিরতে চান, সরকার বলছে 'হাতকড়া পরিয়ে’ শিরোনাম শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের বাড়তি শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত শিরোনাম সাবেক ডিসি ইলিয়াস, ডিপিএস শাখাওয়াত মুন ও আইনজীবী সুফি কারাগারে শিরোনাম বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র শিরোনাম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী