ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকেই জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। ইসরায়েলের নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আইজেনকোটকে প্রথম সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
আইজেনকোটেন হাতে সময় কম। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। প্রেসিডেন্ট চাইলে প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। এর মধ্যেও না পারলে সরকার গঠনে ডাকা হতে পারে নেতানিয়াহুকেই।
আইজেনকোটের মধ্যপন্থি 'ইয়াশার' দল জানিয়েছে, রোববার সরকার গঠনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগ সবাইকে নিয়ে একটি বড় জোট সরকার গঠনের আন্তরিক ইচ্ছাই তুলে ধরেছে।
তবে সরকার গঠনের আলোচনার জন্য ডাক পাওয়ার পর লিকুদ পার্টি একটি বিবৃতি জারি করে আইজেনকোটের সামনে বেশ কয়েকটি শর্ত রেখেছে। যার মধ্যে প্রধান শর্তই হচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক বয়কট’ বন্ধ করা।
আইজেনকোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল 'লিকুদ'-এর সদস্যদের নিয়ে সরকার গঠন করতে রাজি থাকার ইঙ্গিত দিলেও এর আগে তিনি স্পষ্টই বলেছিলেন, যে নেতানিয়াহুর নিজের নেতৃত্বের কোনও সরকারে তিনি কাজ করবেন না।
শনিবার আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক জোটের ভেতরেই মতবিরোধ চলার মধ্যে নেতানিয়াহুর দলের সঙ্গে সরকার গঠনের জন্য আলোচনার ঘোষণা আসে। কট্টর ধর্মীয় দলগুলোর সাথে জোট করা হবে কিনা, আরব দলগুলোর সাথে হাত মেলানো হবে কি না, নাকি
নেতানিয়াহুর দলের সাথে মিলে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে- এসব নিয়েই আইজেনকোটের নিজস্ব জোটে মতবিরোধ ছিল।
পরে দলটি এক বিবৃতিতে জানায়, "নতুন সরকার গঠনের প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টায় ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট তার আলোচক দলকে নির্দেশ দিয়েছেন যেন তারা লিকুদ পার্টির প্রতিনিধিদের একটানা দীর্ঘ আলোচনার জন্য আমন্ত্রণ জানায়—যা রোববার পূর্বনির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে।”
আইজেনকোটের জোটের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকোটের নেতৃত্বে একটি ইহুদিবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, তার দল নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানাবে।
তবে নেতানিয়াহু একটি 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার মতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি খুবই প্রয়োজন।
আইজেনকোটের সরকার গঠনের জন্য আলোচনার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই লিকুদ পার্টি আইজেনকোটের জোটের সঙ্গে সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ১০ টির মতো শর্ত দিয়েছে।
এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘রাজনৈতিক বয়কট’ বন্ধের পাশাপাশি যাবতীয় ব্যক্তিগত আক্রমণ এবং উস্কানিতে ইন্ধন দেওয়া বন্ধ করা, ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া, আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি বাতিল করা, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করা; গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলগুলো সক্রিয় রাখা, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেওয়া।
এছাড়া, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার শিক্ষার্থীদের মর্যাদা দেওয়া এবং বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে রক্ষণশীল নেতাদের সঙ্গে নতুন সরকারকে সমঝোতা করার শর্তও দিয়েছে লিকুদ পার্টি।
নেতানিয়াহু এবং তার মিত্ররা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার পর গোষ্ঠীটিকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোর জন্য আরব দলগুলোর নেতাদের বারবার সমালোচনা করে আসছে। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন।
শুক্রবার আইজেনকোট অঙ্গীকার করেছেন যে, তিনি জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি আরও বলেন, যদি সব দলকে নিয়ে একটি বড় সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হয়, তবে তিনি সংসদে ভোটের জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলতে প্রস্তুত থাকবেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats