পোড়া বাড়িঘরের কোনো কোনোটা থেকে তখনও ধোঁয়া বেরুচ্ছিল। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের ভেতর নারীরা খুঁজছিলেন অবশিষ্ট থাকা কিছু। তবে সেখানে কয়লা ছাড়া আর কিছুই মিলছিল না।
কাউকে কাউকে ঘরের বেঁচে যাওয়া হালকা আসবাবপত্র, বিশেষত শীতের কাঁথা-কম্বল আর হাঁড়ি-পাতিল ভ্যানে চাপিয়ে, শিশুসন্তানকে কোলে বসিয়ে গ্রাম ছেড়ে চলে যেতেও দেখা যায়। তাদের চোখ ছিল ভেজা।
শনিবার দুপুরের দিকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচরের গ্রামটিতে গিয়ে পুরুষ মানুষের দেখা প্রায় মেলেনি। নেই কোনো তরুণ-যুবকও। পুড়ে যাওয়া ৩০ থেকে ৩৫টি বাড়ি ঘুরেও কারও দেখা মেলেনি। অধিকাংশ বাড়িতেই রয়েছেন নারীরা; যাদের বেশিরভাগ আবার মধ্যবয়সি বা প্রৌঢ়।
গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর গ্রামের স্লুইস গেইট লাগোয়া বটতলায় বিএনপির মিছিলে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।
পুলিশের ভাষ্য, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকাল পৌনে ৫টায় নিহতদের আত্মীয়স্বজন ‘অন্যান্য লোকদের’ সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে একত্রিত হন। তারা ‘হত্যার ঘটনায় জড়িত’ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা করে চলে যান।
কালিয়া উপজেলা থেকে বেন্দারচর গ্রামটি প্রায় তিন কিলোমিটার দূরে। উপজেলা সদর থেকে যে পাকা রাস্তাটি গিয়েছে; সেই সড়ক ঘেঁষে গ্রামটি একটি ছোট খালের দুপাশে অবস্থিত। মূলত মুসলিম অধ্যুষিত। একটি কালভার্ট গ্রামের দুটি অংশকে জোড়া দিয়েছে।
কালভার্টটির কাছেই সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ি। সেই বাড়িও প্রায় সবটাই পুড়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে বেন্দারচর গ্রামটিতে প্রবেশের সময়ই বোঝা যায় থমথমে পরিস্থিতি। বিএনপি নেতা খুন, তার পরের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে কথা বলতে চান না কেউ। চাপা আতঙ্কও রয়েছে তাদের মধ্যে। আবার হামলা হওয়ার শঙ্কার মধ্যে থাকার কথাও বললেন কয়েকজন নারী।
গ্রামের পুরুষ-যুবক-তরুণরা কই- এমন প্রশ্নে এক নারী বলছিলেন, বুধবার খুনের পর থেকেই হামলার ভয়ে পুরুষরা বাড়ি ছেড়েছেন।
তিনি এটাও বলছিলেন, “পুরুষরা বাড়ি না থেকে ভালোই হয়েছে। বাড়িতে থাকলেতো হামলার সময় আরও বড় ঘটনাও ঘটতে পারত।”
এক ঘণ্টারও বেশি সময় ধরে গ্রামটি ঘুরেফিরে নারীদের সঙ্গেই কথা হয়। তারা হামলার বর্ণনাও দেন সংবাদকর্মীদের কাছে।
দুপুরের পর থেকে হামলার শুরু
গ্রামের নারীরা বলেন, শুক্রবার জুমার নামাজের পর থেকেই শত শত মানুষ তাদের গ্রামে আসতে শুরু করে। কালিয়া থেকে বিভিন্ন সড়ক দিয়ে বেন্দারচর গ্রামে ঢোকে তারা। এরপর শুরু হয় হামলা। সড়কের পাশের বাড়িগুলোসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নিসংযোগ-ভাংচুর ও লুটপাট বেশি হয়েছে। তখন নারীরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ বিলে গিয়ে আশ্রয় নেন। ক্ষতিগ্রস্তরা বলছিলেন, তাদের বাড়ি থেকে গরু-ছাগল, ধান-পাট, টিভি-ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সবই নিয়ে গেছে।
ষাটোর্ধ্ব এক নারী নিজের ভাঙচুর করা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিলেন, “বিকাল ৩টা থেকে শুরু করে পশ্চিম পাশ দিয়ে আসে, পূব পাশ দিয়ে আসে। এই হামলা-ভাঙচুরের ঘটনা রাত ১১টা পর্যন্ত হয়েছে। কিন্তু লুটপাট সারারাত ধরেই চলেছে।
“কে কারা কোথায় থেকে এল তা আমরা চিনি না। আমরা তো বাইরে ছিলাম। আমরা সব বিলে নেমে গেছিলাম। মহিলারা সব মাঠে। সাবেক এমপির বাড়িসহ অন্তত ৫০টি বাড়ি ভাঙচুর… ভাঙচুর মানে আগুন দিছে। আমাদের আর কিছু নেই।”
৬০ বছর বয়সি আরেক নারী বলেন, “আমার স্বামী ভ্যান চালায়। আমরা কোনো দলাদলির মধ্যে যাই না। পাশের বাড়ির লোকজন তাদের মালামাল আমাদের বাড়িতে রাখছিল। সেজন্য আমাদের থাকার একমাত্র ঘরখান ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। আমরা এখন থাকবো কোথায় বাবা?”
সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে দাঁড়িয়ে এক নারী বলেন, “আমাদের বাড়িসহ এমপির বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে ঘরের মধ্যে থাকা মূল্যবান দ্রব্যসামগ্রী লুটপাট করে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এখনও ঘরের মধ্যে থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে।”
আরেকজন বলেন, “আমাদের বাড়িতে যা যা ছিল প্রথমে গাড়ি ভরে নিয়ে গেছে। যাওয়ার সময় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের এখন থাকার মত জায়গা নেই।”
চল্লিশোর্ধ্ব এক নারী কথা বলছিলেন নিজের পুড়ে যাওয়া ভিটের সামনে দাঁড়িয়ে। পাকা ভিটার ওপর পুড়ে যাওয়া টিনগুলো দেখা যাচ্ছিল। তার পাশে একটা আম গাছ। ওই নারী যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তার পাশে বাচ্চার প্লাস্টিকের খেলনার লাল ঘোড়াটিকে অক্ষত দেখা যায়।
স্বামী ভ্যানচালক জানিয়ে ওই নারী বলেন, জুমার নামাজের পর কালিয়ার লোকজন এসে হামলা-ভাঙচুর করেছে।
কী কী ক্ষতি হয়েছে- এমন প্রশ্নে ওই নারী বলেন, “ঘরবাড়ির মালামাল যত ছিল সবকিছু গাড়ি ভইরে নিয়ে গেছে। কোনো কিছু নাই। এখন আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াব। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
বছর ত্রিশের আরেক নারী কাঁদতে কাঁদতে বলছিলেন, তার স্বামী একজন রাজমিস্ত্রি আর শ্বশুর ভ্যানচালক। হামলাকারী লোকজনকে দেখে তিনি ও তার শাশুড়ি পালিয়ে যাচ্ছিলেন।
“তখন তারা বলাবলি করছিল, ওদের সহযোগিতা আছে, হাত আছে। এই ঘর পুড়িয়ে দিতে হবে। সেভাবে আমাদের খরখান পুড়াইয়া দিছে। আমরা খুব অসহায়। আমাদের আর কিছু নাই, এই ঘরটুক ছাড়া।”
বছর চল্লিশের এক নারী বলেন, তার প্রবাসী স্বামী তিলতিল করে বাড়িঘর তৈরি করেছিলেন। এখন আর তাদের কিছু নেই।
“এই বিচার কে করবে বলেন, এই বিচার কার কাছে দিব বলেন। আমাদের আর কিছু নাই।”
শনিবার দুপুরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কালিয়া থানায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বেন্দারচর গ্রাম থেকে বেরিয়ে সরাসরি থানায় গিয়ে জানা গেল, সেই সংবাদ সম্মেলন হবে না।
একজন কর্মকর্তা বললেন, থানা-পুলিশের কর্মকর্তারা জরুরি তলবে জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছেন। ফলে সংবাদ সম্মেলনটি হচ্ছে না।
কালিয়া উপজেলা সদরের পাশেই ঘোষপাড়া। মূলত হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামেই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি।
থানা থেকে বেরিয়ে সেই গ্রামে গিয়ে দেখা যায়, কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। বাড়িতে একটি দোতলা ঘর, তার পাশে একটি আধা পাকা ঘর। দুটো ঘরেই আগুন দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
গ্রামের লোকজন জানালেন, ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকেই কৃষ্ণপদ ঘোষ আত্মগোপনে আছেন। তার পরিবারও এলাকাছাড়া।
কৃষ্ণপদ ঘোষের বাড়ির পরের বাড়িটিই গোপী ঘোষের। রাস্তায় দাঁড়িয়েই কথা হয় তার সঙ্গে। গ্রামে আর কার কার বাড়িতে হামলা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এই ঘোষপাড়ায় কোনো ধরনের অত্যাচার হয়নি। সবাই গুজব ছড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। আপনারা সরজমিনে এসেই ঘোষপাড়াও দেখে যান, আর কোনো বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি।”
গোপী ঘোষকে নিয়ে সামনের কয়েকটি বাড়িতে গেলেও কোনো ধরনের হামলা-ভাঙচুর বা অগ্নিসংযোগের চিহ্ন চোখে পড়েনি।
ঘোষপাড়ার আরেক বাসিন্দা অশোক ঘোষ বলছিলেন, “ফেইসবুকে ২০০ হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের খবর দেখছি। এটা সম্পূর্ণ বানোয়াট। আমাদের এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
ঘোষপাড়ায় সংবাদকর্মীরা এসেছেন জানতে পেরে সেখানে আসেন উপজেলা জাসাসের নিহত সাধারণ সম্পাদক সোহেল মোল্যার ভাই মাসুদ রানা। তিনি বলেন, “আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের পরিবার বা দলের লোকজন এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। আমরা ২৪ সালের ৫ অগাস্টের পর থেকে এসব হিন্দু এলাকায় পাহারা দিয়েছি, যাতে তাদের কেউ কোনো ক্ষতি করতে না পারে। ঘোষপাড়াসহ এ এলাকার হিন্দুরা নিরাপদে আছেন, ভালো আছেন।”
এক প্রশ্নে মাসুদ রানা বলেন, “বেন্দারচর এলাকায় কে বা কারা ঘরবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ করেছে সেটা আমাদের জানা নেই।”
ঘোষপাড়া থেকে ফের কালিয়া বাজারে বিএনপির কার্যালয়ের সামনে এসে দেখা যায়, কিছু নেতাকর্মী সেখানে জটলা করে আছেন। বাজারে লোকজনের চলাচল প্রায় স্বাভাবিক।
একজন দোকানদার বলেন, “আজকেতো বেশ স্বাভাবিক। কিন্তু গত দুদিন খুব আতঙ্কে গেছে। সাধারণ মানুষতো এসব দেখলে-শুনলে ভয়ে থাকে, আতঙ্কে থাকে।”
বিএনপি কার্যালয়ের সামনেই কথা হয় কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরুপ ঘোষের সঙ্গে। তিনি বলছিলেন, “কালিয়ায় হিন্দুদের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর বা অগ্নিসংযোগের যে খবর প্রচার করা হচ্ছে তা সত্য নয়।
“একটি পক্ষ নিজেরা ফায়দা লোটার জন্য গুজব ছড়াচ্ছে। এখানে হিন্দুদের বাড়িঘরে হামলার কোনো ঘটনা ঘটেনি।”
এদিকে কালিয়া উপজেলার স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, “বড়দিয়া বাজারে উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমানের (ওছি খাঁ) কয়েকটি গুদামে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া তার মেয়ে জামাই ও এক ভাতিজার বাড়িঘরে হামলা-ভাঙচুর হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
পুলিশ ও প্রশাসন যা বলছে
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কালিয়া থানায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সংবাদ বিজ্ঞপ্তি দেন।
সেখানে তিনি বলেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার জের ধরে শুক্রবার বিকাল পৌনে ৫টায় তাদের আত্মীয়স্বজন ‘অন্যান্য লোকদের’ সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে একত্রিত হন। তারা ‘হত্যার ঘটনায় জড়িত’ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা করে চলে যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশকিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
তিনি বলেন, গ্রামটির অন্তত ২০-২৫ বাড়ির অর্ধশতাধিক বসত ঘর পুড়ে গেছে। এছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙ্চুর ও কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।”
কী বলছে স্থানীয় বিএনপি
স্থানীয় বিএনপির দুই নেতাকে হত্যার একদিন পর বাড়িঘরে অগ্নিসংযোগের বিষয়ে শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু।
তিনি বলেন, “আমরা বিভিন্ন ফেইসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।”
তিনি বলেন, “আমরা এরই মধ্যে এই হত্যাকাণ্ডের পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। আপনারা আজ দেখছেন, কালিয়া বাজারের ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করছেন।
“বিশেষ করে গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদেরকে ৯০ শতাংশ ভোট দিয়েছেন; আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সাথে আছেন। একটু আগে হিন্দু নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।”
বেন্দারচরে কী কারণে হামলা হয়েছে এবং কারা করেছে- এমন প্রশ্নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “বেন্দারচরে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। এখান থেকে বা আমাদের যে দুজন মারা গেছেন তাদের বাড়ি থেকে বেন্দারচর প্রায় তিন কিলোমিটার দূরে। ওই এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটি আমাদের জানা নেই।”
এরপর তিনি বলেন, “এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ওই এলাকায় বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের (কবিরুল হক মুক্তি) বাড়ি রয়েছে। পূর্বে তার বাবাও (সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমদ) খুন হয়েছিলেন এবং তারাও প্রতিপক্ষের একজনকে খুন করেছিলেন। সেই ঘটনায় দুই পক্ষেরই ১১ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ থাকতে পারে। সে কারণে কোনো ঘটনা ঘটে থাকতে পারে, তবে সেটি আমাদের জানা নেই।”
বিএনপি নেতা বলেন, “অন্যান্য যে সব অপপ্রচার হচ্ছে- আমাদের নেতাকর্মীরা বাড়িঘর জ্বালিয়েছে বা লুটপাট করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে- এটাও একদম কাল্পনিক। বিএনপিকে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে।”
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats