পাকিস্তানের করাচিতে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি জিন্নাহর সমাধিসৌধ ‘মাজার-ই-কায়েদ’ পরিদর্শন করেন বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)।
ঢাকায় পাকিস্তান হাই কমিশনও তাদের ফেইসবুক পেইজে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পুষ্পস্তবক অর্পণের ছবি প্রকাশ করেছে। এপিপির প্রকাশিত ছবি ও বিবরণ অনুযায়ী, সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ করেন স্পিকার ও তার সফরসঙ্গীরা।
এ সময় তারা সমাধিসৌধের জাদুঘরও ঘুরে দেখেন। সেখানে জিন্নাহর জীবন, রাজনৈতিক আন্দোলন এবং পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসের বিভিন্ন নিদর্শন ও স্মারক রয়েছে।
পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা জিন্নাহ দেশটির প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা দেশটির অংশ হয়।
১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় জিন্নাহ উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন।
পরে ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেওয়া বক্তৃতায়ও তিনি একই অবস্থান তুলে ধরেন। তার এই অবস্থানের প্রতিবাদ জানিয়ে বাঙালির ভাষা আন্দোলন আরও জোরালো হয়। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
জিন্নাহর সমাধি পরিদর্শনের সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য জাম শব্বির আলি খান ও পরিষদের মহাপরিচালক ইরফান আহমেদ মেমন।
সমাধি পরিদর্শন শেষে সিন্ধু প্রাদেশিক পরিষদে যান স্পিকার হাফিজ উদ্দিন। সেখানে তাকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।
সিন্ধু প্রাদেশিক পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই স্পিকারের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদার, দুই দেশের আইনসভার মধ্যে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের পুরনো ও নতুন ভবন পরিদর্শন করে। এ সময় পরিষদের ইতিহাস, সংসদীয় কার্যক্রম এবং সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি সম্পর্কে তাদের অবহিত করা হয়। বিশেষ করে ১৯৪৩ সালের ৩ মার্চ পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সিন্ধু আইন পরিষদে প্রস্তাব গ্রহণের ইতিহাস তুলে ধরা হয়।
সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের সিন্ধুর ঐতিহ্যবাহী টুপি ও আজরাক উপহার দেওয়া হয়। দুই দেশের স্পিকার স্মারকও বিনিময় করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
পাকিস্তানের জাতীয় পরিষদ এই সফরকে বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর হিসেবে বর্ণনা করেছে। সফরের অংশ হিসেবে ইসলামাবাদ, লাহোর ও করাচিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রতিনিধিদল।
ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠক করেছেন হাফিজ উদ্দিন। দেশটির জাতীয় পরিষদ ভবনও পরিদর্শন করেছেন তিনি।
লাহোর সফরে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিসৌধও পরিদর্শন করেন তিনি।
এর আগে ১ নভেম্বর ঢাকায় জাতীয় সংসদ ভবনে হাফিজ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। ওই বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও প্রতিনিধিদল বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
গত ১৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক টেলিফোনে হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানান। ওই সময় তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে রোববার স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যরা দেশে ফেরার কথা রয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats