Wednesday, 17 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:43 AM, 17 June 2026.
Digital Solutions Ltd

হ্যাটট্রিকের পর ফাউল বিতর্কে মেসি, দুরন্ত জয়ে শুরু আর্জেন্টিনার

হ্যাটট্রিকের পর ফাউল বিতর্কে মেসি, দুরন্ত জয়ে শুরু আর্জেন্টিনার

Publish : 08:43 AM, 17 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

কদিন আগেই মিরোস্লাভ ক্লোসা বলেছিলেন, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড যদি কারোর কাছে হারাতেই হয় তবে সেটা তিনি লিওনেল মেসির কাছেই হারাতে চান। প্রথম ম্যাচেই সাবেক এই জার্মান স্ট্রাইকারের ‘ইচ্ছা পূরণ’ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত এক হ্যাটট্রিকের ফলে ক্লোসার পাশাপাশি মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মেসি নৈপুণ্যে বিশ্বকাপে শুভ সূচনা করেছে আর্জেন্টিনাও, আলজেরিয়াকে হারিয়েছে ৩-০ গোলে।

ফুটবলের রেকর্ডপুত্র মেসি এদিন মাঠে নামা মাত্রই এক রেকর্ডের মালিক হয়েছিলেন। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপে মাঠে নামার কৃতিত্ব এখন পর্যন্ত শুধুই মেসির। তবে যে রেকর্ডের অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব, সেটি পূরণ করতে এক ম্যাচের বেশি সময় নিলেন না মেসি। ১৩ গোল নিয়ে ম্যাচ শুরু করেছিলেন, শেষ করেছেন ক্লোসার সমান রেকর্ড ১৬ গোল নিয়ে।

এমন গৌরবময় রেকর্ড বোধহয় মেসি নিজেও যেনতেন ভাবে করতে চাননি। ম্যাচটা তাই মেসি আরও রঙিন করেছেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে। এর আগে ২০১৪ সালে নাইজেরিয়ার বিপক্ষে ও গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করলেও এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে হ্যাট্রিকের দেখা পেলেন এই ফুটবল জাদুকর।

আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই সমর্থকদের একবার গোলের উল্লাসে মাতিয়েছিলেন মেসি। তবে অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। মাত্র তিন মিনিট পর আচমকা এক গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়েছিলেন ফারেস চাইবি। তবে আলজেরিয়ার এই গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

অবশ্য ‘মেসি-ম্যাজিক’ দেখতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনা সমর্থকদের। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক জোরালো শটে ১-০ গোলের লিড এনে দেন মেসি। এরপর পুরো প্রথমার্ধে আর্জেন্টিনা বল পায়ে রেখে খেললেও খুব একটা আক্রমণ করতে পারেনি। আলজেরিয়াও কঠিন কোনো পরীক্ষা নিতে পারেনি এমিলিয়ানো মার্টিনেজের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটের মাথায় সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন মেসি। কিন্তু শট গোলপোস্টে রাখতে পারেননি। এর নয় মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পান তিনি। বক্সের অনেকটা বাইরে থেকে নেয়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দিলেও সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। রিবাউন্ড হয়ে আসা বল আলতো টোকায় জালে পাঠিয়ে বিশ্বকাপে গোলের তালিকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে স্পর্শ করেন মেসি।

বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক পাননি মেসি, আর্জেন্টাইন সমর্থকদের নিশ্চয়ই একটা আক্ষেপ ছিল এটি নিয়ে। রেকর্ডের রাতে ভক্তদের সেই আক্ষেপও আর রাখতে চাইলেন না আর্জেন্টাইন অধিনায়ক। ৭৭ মিনিটে করলেন ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি। আবারও বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে নিখুঁতভাবে খুঁজে নিলেন জাল, যে দৃশ্য বছরের পর বছর ধরে অগুণতিবার দেখেছেন কোটি ফুটবলপ্রেমী। আর এতেই ক্লোসার পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের মালিক এখন মেসি। সাথে রয়েছে ৮টি অ্যাসিস্টও।

ছোট রেকর্ড হয়েছে আরেকটি। আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও সবচেয়ে বেশি বয়সী গোলদাতা- দুই জায়গাতেই এখন একটাই নাম। লিওনেল মেসি!

হ্যাটট্রিকের পর ফাউল বিতর্কে মেসি

২০২৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার ম্যাচেও লিওনেল মেসিকে নিয়ে চলছে তীব্র বিতর্ক। ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির ওপর করা মেসির একটি বিপজ্জনক ফাউল ঘিরে এখন ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন রেফারির নজর এড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা?

ম্যাচের একটি বল দখলের লড়াইয়ে মেসি বেশ আনাড়িভাবে চ্যালেঞ্জ করে বসেন মান্দিকে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বলের নাগাল না পেয়ে মেসির বুটের স্টাড সরাসরি আইসা মান্দির কাফ পেশির পেছনের অংশে আঘাত করে। ফাউলটি ছিল যথেষ্ট বিপজ্জনক। তাৎক্ষণিকভাবে আলজেরিয়াকে ফ্রি-কিক দেওয়া হলেও রেফারি মেসিকে কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-ও এই ঘটনায় কোনো হস্তক্ষেপ করেনি। যদিও ফাউল করার পরপরই মেসি মান্দির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন, কিন্তু তা বিতর্কের আগুন নেভাতে পারেনি।

ম্যাচ শেষে ইএসপিএন এফসির টকশোতে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ফুটবল বিশ্লেষক আলে মোরেনো এবং নেদুম ওনোহা। মোরেনো সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘বড় তারকা খেলোয়াড়রা কি রেফারিদের কাছ থেকে সবসময়ই বিশেষ বা পক্ষপাতমূলক সুবিধা পান?’

বিশ্লেষকদের মতে, ঘটনাটি স্পষ্ট লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজিনদের মধ্যেও চলছে সমালোচনার বন্যা।

ক্ষুব্ধ সমর্থকরা প্রশ্ন তুলছেন, বিশ্বকাপের মতো আসরে এমন একটি ফাউল কার্ড ছাড়া কীভাবে পার হয়? একজন সমর্থক তো একে ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছেন।

অনেকের ধারণা, বিশ্বকাপের শুরুতেই অতিরিক্ত কার্ড প্রদর্শনের ফলে বিতর্কের মুখে পড়া রেফারিরা হয়তো কিছুটা নরম হওয়ার কৌশল অবলম্বন করেছেন। টুর্নামেন্টের শুরুতেই তিনটি লাল কার্ডের নির্দেশনায় অনেক খেলোয়াড় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, যা এড়াতে ফিফা হয়তো রেফারিদের নির্দেশ দিয়েছে একটু সহনশীল হতে। সেই সুযোগেই হয়তো বড় ধরণের কোনো শাস্তি থেকে বেঁচে গেছেন মেসি।

রেফারির এই সিদ্ধান্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এসেছে আশীর্বাদ হিসেবে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যেকোনো দুটি ম্যাচে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হয়। নকআউট পর্বের আগে মেসিকে এমন কোনো নিষেধাজ্ঞার ঝুঁকিতে দেখতে চাইবে না আর্জেন্টিনা। ফলে মাঠের লড়াইয়ে মেসির এই ‘অদৃশ্য’ সুবিধাটি আর্জেন্টিনা দলকে টুর্নামেন্টের সামনের পথচলায় বাড়তি স্বস্তি দিচ্ছে।

এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে রেফারিদের এমন ‘নরম’ দৃষ্টিভঙ্গি বজায় থাকে কি না, নাকি ফিফা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো বিশেষ সতর্কবার্তা জারি করে।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের ‘পুনর্গঠন ও উন্নয়ন’ তহবিল শিরোনাম লেবাননে যুদ্ধবিরতি দাবি জি সেভেন নেতাদের, হরমুজ নির্ভরতা কমাতে চান শিরোনাম ভালো লাগছে, আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি শিরোনাম ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের ‘গুলি’, ক্ষুব্ধ স্টারমার শিরোনাম হ্যাটট্রিকের পর ফাউল বিতর্কে মেসি, দুরন্ত জয়ে শুরু আর্জেন্টিনার শিরোনাম হনুমানকে আঘাত, চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির