মরক্কোর শুরুটা ছিল অতি নাটকীয়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি । কখন কী ঘটে! ব্রাজিল সমর্থকরা শুধু হা-হুতাশ করছিলেন। এমনকি মিডিয়া গ্যালারিতেও। ২১ মিনিটে ইসমায়েল সাইবারি ব্রাজিল ভক্তদের হতাশ করে অত্যন্ত নৈপূণ্যতার সঙ্গে বল পৌঁছে দেন জালে। মনে হলো, গ্যালারিতে ভূমিকম্প হয়ে গেছে। কয়েক হাজার মরক্কো সমর্থক উল্লাসে ফেটে পড়লেন। আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোর প্লেয়ারদের সে কি আনন্দ! আরব দুনিয়াতেও খুশির বন্যা।

বিশ্ব ফুটবলের র্যাংকিংয়ে ব্রাজিল এখন ৬ নম্বরে। মরক্কোর স্থান সাত। আবার ব্রাজিল পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। হাইপ্রোফাইল গ্রুপপর্বের এই খেলাটি ঘিরে ক’দিন থেকেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের অপেক্ষা ছিল, সঙ্গে তুমুল উত্তেজনা। গোলের পর ব্রাজিল ঘুরে দাঁড়ায়। ধীরে ধীরে বলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মরক্কো তখন চলে যায় রক্ষণাত্মক ফুটবলে। সুযোগ নেয় ব্রাজিল। ১১ মিনিট পরে অত্যন্ত দর্শনীয় একটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।মরক্কোর ডিফেন্সের ভুলের সুযোগ হাতছাড়া করেননি জুনিয়র। এরপর মাঠের চেহারা পাল্টে যায়। ৮০ হাজার ৬৬৩ জন দর্শক নড়েচড়ে বসেন। খেলার ভাগ্য বদলে যেতে পারে এমনটাই ভাবতে শুরু করেন। কিন্তু লড়াকু মরোক্কানরা সুযোগ হাতছাড়া করতে রাজি নন। তারাও কখনও রক্ষণাত্মক, কখনও আক্রমণাত্মক হয়ে উঠেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ ক’টা সুযোগ তৈরি করে। কিন্তু আফ্রিকার ফুটবলশক্তি ইয়াসিন বুনু তাদের সব আক্রমণ ব্যর্থ করে দেন। ধীরে ধীরে খেলাটা ড্রয়ের দিকে গড়ায়।

খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মরক্কো আচমকা একটা সুযোগ পেয়ে যায়। গোলকিপার প্রতিরোধের দেয়াল তৈরি করে মরক্কোর শেষ চেষ্টা ব্যর্থ করে দেন। খেলাটির ভাগ্য তখন নির্ধারণ হয়েই গেছে। ১-১ গোলে সমতা। রেফারির শেষ বাঁশি। ভণ্ডুল হয়ে যায় সাম্বা নাচের প্রস্তুতি। ব্রাজিলিয়য়ানরা হতাশ হলেও সামনের খেলাগুলোতে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। ব্রাজিল যদি ঘুরে না দাঁড়ায় অঘটন অবধারিত । নেইমারবিহীন ব্রাজিল অন্তত লজ্জার হাত থেকে বেঁচে গেছে। মরক্কো শুধু আফ্রিকার নয়, বিশ্বফুটবলের নতুন এক শক্তি। কাতার বিশ্বকাপে ফুটবলবিশ্বকে তারা দেখিয়েছিল- আরবরাও ফুটবল খেলতে জানে। এখানে বলে রাখা ভালো, সাইবারির গোলের পর পর্দায় ভেসে উঠছিল ফরাসি তারকা জিদানের মুচকি হাসির ছবি। ভিআইপি বক্সে বসে জিদান খেলা দেখছিলেন।
সৌজন্যে : মানবজমিন
‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের
ব্রাজিল ম্যাচ হারেনি, জেতেওনি। মাঝামাঝি ফল ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তবে মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে সরাসরি অসন্তোষই প্রকাশ করেছেন দানিলো। ২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচ শেষে মিক্সড জোনে অকপটে স্বীকার করেন, প্রথমার্ধে ব্রাজিল এতটাই অগোছালো খেলেছে যে ভাগ্য ভালো থাকায় আরও বেশি গোল হজম করতে হয়নি।

তবে বিরতির পর কৌশলগত পরিবর্তনের কারণে ব্রাজিল হার এড়াতে পেরেছে আর এই ঘুরে দাঁড়ানোই পরের ম্যাচের আগে ড্রেসিংরুমে কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন তিনি। ব্রাজিল যে বিশ্বকাপে ‘স্বপ্নের শুরু’ পায়নি, সেটি স্বীকার করে নিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২১ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র সমতা এনে দিলে সেই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা দানিলো প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স—কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না।’
বোতাফোগোয় খেলা এই মিডফিল্ডারের মতে, ম্যাচের শুরু থেকে মানসিকভাবে চাপে ছিল ব্রাজিল। এতটাই বেশি যে প্রথমার্ধেই আরও গোল হজমের ঝুঁকি ছিল, ‘আমরা খুবই স্নায়ুচাপে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। ফলে নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্যিস, প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়িনি।’
তবে দ্বিতীয়ার্ধ নিয়ে অনেকটাই সন্তুষ্ট দানিলো। যা এই টুর্নামেন্টে পরের ম্যাচগুলোর জন্য ব্রাজিলকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন তিনি, ‘পরের অংশে আমরা বল দখলে রাখতে পেরেছি, সুযোগও তৈরি করেছি। এ সবই পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে।’
মিডফিল্ডার কাসেমিরোও মনে করেন দল দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। এ ক্ষেত্রে ম্যাচের শুরু থেকে মরক্কোর কোনো চাপ ছিল না, বিপরীতে ব্রাজিলের মধ্যে উদ্বেগ ছিল বলে জানান তিনি। খেলা শেষে সাংবাদিকদের কাসিমেরো বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, তাদের খেলোয়াড়েরাও বেশ মানসম্পন্ন। আমরা সব সময় জয় দিয়ে শুরু করতে চাই, কিন্তু এই ম্যাচটা ছিল একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচটা “স্বপ্নের মতো শুরু” ছিল না।’
ব্রাজিল তাদের পরের ম্যাচ খেলবে ২০ জুন, প্রতিপক্ষ হাইতি।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats