Saturday, 13 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:35 AM, 13 June 2026.
Digital Solutions Ltd

ফিফা বিশ্বকাপ ২০২৬

এমবাপের সমালোচনা করা বাড়াবাড়ি, মেসিই সর্বকালের সেরা

এমবাপের সমালোচনা করা বাড়াবাড়ি, মেসিই সর্বকালের সেরা

Publish : 09:35 AM, 13 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ফ্রান্সের ফুটবল ইতিহাসে ইতোমধ্যে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কিলিয়ান এমবাপে। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন, কাতার বিশ্বকাপ ফাইনালেও করেছেন আজীবন মনে রাখার মতো পারফরম্যান্স। ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের সবচেয়ে বড় তারকা তিনিই। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এমবাপের। মাঠের বাইরের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচিত হচ্ছেন ফ্রেঞ্চ অধিনায়ক। তবে নিজেদের বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন উসমান দেম্বেলে। এমবাপেকে নিয়ে অযথা অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে, এমনটাই বলছেন তিনি।

সম্প্রতি আরেক উঠতি তরুণ তারকা মাইকেল ওলিসেকে সাথে নিয়ে হুট করেই অনুশীলন ক্যাম্প ছেড়ে স্পেনে উড়ে গিয়েছিলেন এমবাপে। সেখানে প্রেমিকা এস্টার এক্সপেসিতোর সাথে ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচিত হতে হচ্ছে তাকে। জাতীয় দলের প্রতি পূর্ণ নিবেদিত নন এমবাপে, শুনতে হচ্ছে এমন কথাও। এছাড়াও রিয়াল মাদ্রিদে ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় তার অসহযোগিতাপূর্ণ আচরণ ও সদ্য বিদায়ী রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার কোচিং স্টাফের কিছু সদস্যের সাথে তার সম্পর্ক ভালো না, এমন গুঞ্জনও শোনা গেছে বেশ কয়েকবার।

এতসব আলোচনার ভিড়ে দেম্বেলে প্রকাশ্যেই এমবাপের পক্ষ নিয়েছেন। এই পিএসজি তারকা বলছেন, এমবাপেকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করা হচ্ছে, ‘তার সাথে খুবই অন্যায় হচ্ছে। মানুষটা কিলিয়ান এমবাপে, এজন্য বোধহয় মাত্রা ছাড়িয়ে সমালোচনা করা হয়। মাঠের বাইরে সে দুর্দান্ত একজন মানুষ। তাকে আমি অনেক বছর ধরে চিনি’।

এমবাপের কারণে ফ্রেঞ্চ ড্রেসিংরুমে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে কি না, স্কোয়াডে এমন খেলোয়াড়ের থাকা উচিত কি না এসব নিয়ে যখন কানাঘুষো হচ্ছে, তখন দেম্বেলে মনে করিয়ে দিয়েছেন, এমবাপেও মানুষ এবং সবকিছুর সীমা থাকা উচিত, ‘সে জুতার ফিতা বেঁধেছে না কি বাঁধেনি, মোজা পরেছে কি পরেনি, এসব নিয়ে পর্যন্ত আলোচনা হয়। এগুলো খুব বাড়াবাড়ি। দিনশেষে এমবাপেও একজন মানুষ, এবং অবশ্যই একজন অসাধারণ ফুটবলার’।

গত দুই আসরের মতো এবারও ফ্রান্স বিশ্বকাপে এসেছে হট ফেভারিট এর তকমা নিয়ে। স্কোয়াডে আছেন অনেক সুপারস্টার, যারা ইউরোপের বিভিন্ন লীগ মাতিয়ে এসেছেন এই মৌসুমেও। এমন একটি তারকাসমৃদ্ধ দলকে সঠিক পথে রাখতে নেতৃত্বগুণ প্রায়ই বড় হয়ে দাঁড়ায়। দেম্বেলে বলেছেন, এমবাপের ভেতর সেই গুণাবলী আছে, ‘জাতীয় দলে আমাদের সবার সাথেই তার সম্পর্ক বেশ ভালো। সে একজন নেতা, আমাদের অধিনায়ক এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ’।

এমবাপেকে নিয়ে অপ্রীতিকর বিষয়ে কথা বলতে হলেও আরেক মহাতারকা ও সাবেক সতীর্থ লিওনেল মেসিকে উচ্চ প্রশংসায় ভাসিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জিতে আসা দেম্বেলে। আর্জেন্টাইন তারকাকে সর্বকালের সেরা আখ্যাও দিয়েছেন তিনি, ‘মেসির পক্ষে সম্ভাব্য সব ট্রফিই জেতা সম্ভব। বার্সেলোনায় আমি তাঁকে দেখেছি। বয়স তাঁর জন্য কোনো ব্যাপারই নয়। আমার দেখা সর্বকালের সেরা সে। ফুটবল বিশ্বও তাঁর চেয়ে সেরা কাউকে কখনো দেখেনি’।

এমনকি ৩৮ বছর বয়সেও আরেকবার বিশ্বকাপ জেতার সামর্থ্য মেসির আছে বলেও মনে করেন দেম্বেলে, ‘এই বয়সেও সে যথেষ্ট বিপদজনক খেলোয়াড়। ৩৮ বছরেও তাঁকে থামানো কঠিন। তাঁকে নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ সে আবার বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে’।

আগামী বুধবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯৮ ও ২০১৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইরানের সংবাদমাধ্যমে চুক্তির ফাঁস হওয়া শর্তগুলোকে ‘ভুয়া’ বললেন ক্ষুব্ধ ট্রাম্প শিরোনাম ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ, দায়িত্ব নেবেন ৩০ জুন শিরোনাম বিশ্বকাপ জমে উঠেছে, তবে বিতর্ক কাউকে ছাড়ছে না শিরোনাম বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় শিরোনাম ত্রিপক্ষীয় সম্পর্কের ‘ভারসাম্য’, কিমকে নিয়ে শি-পুতিনের টানাটানি? শিরোনাম ইসলামী ব্যাংক সামলাতে কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক?