Sunday, 19 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:23 AM, 18 April 2026.
Digital Solutions Ltd

হরমুজ আবার বন্ধ করলো ইরান, ইউরেনিয়াম নেওয়ার ঘোষণা ট্রাম্পের

হরমুজ আবার বন্ধ করলো ইরান, ইউরেনিয়াম নেওয়ার ঘোষণা ট্রাম্পের

Publish : 08:23 AM, 18 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আগের অবস্থায়’ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের এ ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে মার্কিন এ অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এ কারণেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’ইরান স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এ কড়াকড়ি বজায় থাকবে।

এর আগে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান—উভয় পক্ষ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলেছিল। তবে ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের ওপর মার্কিন অবরোধ ‘পুরোদমে কার্যকর’ থাকবে। ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণেই তেহরান পাল্টা সিদ্ধান্ত নিল বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। নতুন সিদ্ধান্তের ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালিতে ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।ইউকেএমটিও বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে, গানবোটগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ‘সম্পৃক্ত’।

ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের

আলোচনা ব্যর্থ হলে অবন্ধুসুলভ বা কঠোর পন্থায় হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এ দাবিকে অগ্রহণযোগ্য বা ‘নন-স্টার্টার’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘সবকিছুতে রাজি’ হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এ কাজে মার্কিন স্থল সেনাদের (বুটস অন দ্য গ্রাউন্ড) প্রয়োজন হবে কি না। জবাবে তিনি বলেন, ‘না, কোনো সেনার প্রয়োজন হবে না। আমরা তাদের সঙ্গে গিয়ে এটি নিয়ে আসব। ততক্ষণে আমাদের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে, আর চুক্তি থাকলে তো লড়াইয়ের প্রয়োজন নেই।’

পরে অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভাতেও ট্রাম্প এ দাবির পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক “ধুলো” (নিউক্লিয়ার ডাস্ট) নিয়ে নেবে। আপনারা জানেন পারমাণবিক ধুলো কী? আমাদের বি-২ বোমারু বিমানগুলো যে সাদা গুঁড়ো তৈরি করেছিল, সেটাই ওটা। আমরা যেকোনোভাবেই হোক এটা নিতাম, তবে ওভাবে (হামলার মাধ্যমে) নেওয়াটা একটু বেশি বিপজ্জনক।’

উল্লেখ্য, ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বলতে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে বোঝালেও পরমাণু শক্তি শিল্পে এমন কোনো স্বীকৃত পরিভাষা নেই।

ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের এ দাবিকে ‘কাল্পনিক তথ্য’ (অল্টারনেটিভ ফ্যাক্টস) হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে ইরান কোনো সম্মতি দেয়নি।

ওই সূত্র আরও জানায়, ইরান অনির্দিষ্টকালের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে বলে ট্রাম্প যা দাবি করছেন, তা-ও সঠিক নয়। তিনি বলেন, ইরান ‘আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম’ হওয়া কখনোই মেনে নেবে না। বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনার প্রধান অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে এ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্যতম।

সূত্র: আল–জাজিরা। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল–জাজিরা, রয়টার্স

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম স্থবির টিপাই বাঁধ : স্পিকারের আলোচনায় হঠাৎ কেন সামাদ আজাদ শিরোনাম ইরানি আলোচকদের দুই ডজন পাকিস্তানি যুদ্ধবিমান নিরাপত্তা দিয়েছিলো শিরোনাম নেইমার কি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকছেন? শিরোনাম হরমুজ আবার বন্ধ করলো ইরান, ইউরেনিয়াম নেওয়ার ঘোষণা ট্রাম্পের শিরোনাম হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী শিরোনাম স্বীকার করি জ্বালানি সংকট সরকারের তৈরি না, যুদ্ধের কারণে: ডা. শফিক