Wednesday, 08 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 07:48 PM, 07 April 2026.
Digital Solutions Ltd

বেকফুটে ট্রাম্প, হুঙ্কারের পর ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’

বেকফুটে ট্রাম্প, হুঙ্কারের পর  ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’

Publish : 07:48 PM, 07 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত হলো। ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা এল।

তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।

ট্রাম্প লিখেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।’

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম মুহূর্তেই কমল ১০ শতাংশ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার মাত্র ১৫ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২ ডলারেরও বেশি কমে গেছে।

নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতে মে মাসে সরবরাহের জন্য ডব্লিউটিআই তেলের দাম ১২ দশমিক ৪ ডলার বা ১০ দশমিক ৬৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টাপাল্টি হিসেবে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।

যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের চূড়ান্ত অনুমোদন: আলোচনায় বসছে ইসলামাবাদে

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

বিবৃতিতে এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরও বলা হয়, এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রথম এই তথ্য জানায়, যা পরবর্তীতে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ও প্রচার করেছে।

ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সূত্রটি জানিয়েছে, ইরান যখনই আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি খুলে দেবে, ঠিক সেই মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভেতরেও এখন পর্যন্ত ‘হামলা বন্ধ’ রাখার কোনো সুনির্দিষ্ট নির্দেশ জারি করা হয়নি বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স, আল–জাজিরা

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার ‘রহস্যঘেরা’ শিরোনাম বেকফুটে ট্রাম্প, হুঙ্কারের পর ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ শিরোনাম থমকে থাকা সম্পর্ক রিস্টার্ট, পররাষ্ট্রমন্ত্রীর সফরে বরফ গলবে ঢাকা-দিল্লির শিরোনাম আজ রাতেই ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া হুঁশিয়ারি ইরানের শিরোনাম শেখ হাসিনাকে কাতার পাঠাতে দূতিয়ালি করেছিলো ইউনূস সরকার! শিরোনাম বিসিবির পরিচালনা পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি