মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল বলেছেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যকে বাংলাদেশের সরকারের ‘আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না’
মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেবে বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে দাবি করেছেন, তাকে বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল।
তিনি বলেছেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানান তাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রতিমন্ত্রীর দেওয়া ওই বক্তব্যকে বাংলাদেশের সরকারের ‘আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না’। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বুধবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ফাহমি ফাদজিল।
এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেবে। সেদিন সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই তথ্য দেন।
শাহে আলম বলেছিলেন, মালয়েশিয়া অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নেবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ধাপে ধাপে কর্মী পাঠানো শুরু হবে এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে বলে রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন।
এ ছাড়া আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও তথ্য দিয়েছিলেন তিনি। এর মধ্যে মালয়েশিয়া সরকারের মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে দুই লাখ কর্মী নেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে অস্পষ্টতা তৈরি হয়। ফাহমি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই।
নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে এ বিষয়ে আরও ব্যাখ্যার জন্য মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানানের বক্তব্য জানতে চেয়েছে তারা।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
এর আগে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, দালালচক্র ও শোষণের অভিযোগের মধ্যে ২০২৪ সালে বাংলাদেশি কর্মীদের নিয়োগ সীমিত করে মালয়েশিয়া। শ্রমিকদের ঋণের ফাঁদে ফেলা, জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা এবং প্রতিশ্রুত চাকরি না দিয়ে মালয়েশিয়ায় পাঠানোর মতো অভিযোগও উঠেছিল সে সময়।
সম্প্রতি মালয়েশিয়ার শ্রম বাজার আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য ৩৩৮টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া। এলজিআরডি প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি রয়েছেন। সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তবে মালয়েশিয়া সরকার ধীরে ধীরে তাদের বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর নীতি গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট শ্রমশক্তির মাত্র ১০ শতাংশ বিদেশি কর্মী রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পুত্রাজায়া।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats