31 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 03:34 PM, 30 October 2026.
Digital Solutions Ltd

তাহসিফের সঙ্গে থাকা দীপের রহস্যঘেরা বক্তব্য, সিদ্ধান্তহীনতায় পুলিশ!

তাহসিফের সঙ্গে থাকা দীপের রহস্যঘেরা বক্তব্য, সিদ্ধান্তহীনতায় পুলিশ!

Publish : 03:34 PM, 30 October 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ইউনিফর্মধারীদের ধাওয়ায় সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ নদীতে ঝাঁপ দেন—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই # লাশ উদ্ধারের তিন দিনেও কোনো মামলা হয়নি

 বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার বিষয়ে তার ‘বন্ধু’ শাহরিয়ার রেজা দীপ বলেছেন, ২৭ অক্টোবর রাতে তুরাগ নদী সংলগ্ন এলাকায় কিছু লোক ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। লোকগুলো ‘ইউনিফর্ম’ পরা ছিল বলে দাবি তার। আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন দীপ।

দীপকে গতকাল রাতে হেফাজতে নেওয়ার পর তাহসিফের সঙ্গে তারা যেখানে যেখানে গিয়েছিলেন, সেসব জায়গা পরিদর্শন করেছে পিবিআই। তার দেওয়া তথ্যের বরাতে পিবিআইয়ের এক তদন্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীপের দাবি ঘটনার দিন তিনি তাহসিফের সঙ্গে তুরাগ সংলগ্ন মাজার বস্তিতে যান। সেখানে যখন তারা কথা বলছিলেন, তখন কিছু লোক তাদের ধাওয়া দেয়।'

'তখন তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন,' বলেন ওই কর্মকর্তা। তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই পিবিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, 'আমরা এখনো তার (দীপের) বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। মামলার অন্যান্য দিকগুলো মাথায় রেখে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।'

ওই এলাকা থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানান কর্মকর্তারা। মাজার সংলগ্ন একটি চায়ের দোকানের দোকানি জুবায়দা বেগম ডেইলি স্টারকে জানান, মোটরসাইকেলটি গত ২ দিন ধরে তার দোকান থেকে প্রায় ১৫-২০ মিটার দূরে সড়কে রাখা ছিল।

'দুই দিন ধরে মোটরসাইকেলটি দেখছি। কিন্তু এটা নেয়নি। আমরা ভেবেছি কেউ হয়তো রেখে গেছে। আজ সকালে পুলিশ একটি ভ্যানে করে এসে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে তারা আবার নিয়ে আসে,' বলেন জুবায়দা।

আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, দীপকে নিয়ে ঘটনাস্থল টঙ্গীর তুরাগ নদীর ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠ পরিদর্শন করছে পিবিআই। সেখানে ঘটনার রাতের বর্ণনা দিচ্ছেন দীপ। 

দীপ বলেন, 'দূর থেকে আমাদের কয়েকজন ধাওয়া দেয়। আমি তখন (২৯ নম্বর) পিলারের পেছনে এসে আমি দাঁড়াই, যেন ইউনিফর্ম পরা লোকেরা আমাকে দেখতে না পায়। ভাই (তাহসিফ) দৌড় দেন। কিন্তু আমি দৌড় দেইনি, হেঁটে হেঁটে আসি।'

পিবিআই জানায়, জায়গাটি নদীর ৫০ মিটারের মধ্যে এবং তুরাগ নদীর এই অংশ কামারপাড়া ও টঙ্গী ব্রিজের অনেকটা মাঝামাঝি।

২৮ অক্টোবর বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক যুবকের সঙ্গে দেখা যায়। তার সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায় তাহসিফকে। ওই যুবক তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

পিবিআই জানায়, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ-পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে। এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে তাহসিফের 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্না দ্য ডেইলি স্টারকে জানান, পিবিআই উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের বি ব্লকের একটি বাড়ির তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয়। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নেমেছিলেন তাহসিফ। এরপর আর তিনি ফিরে আসেননি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, তাহসিফের মা বারবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি।

লাশ উদ্ধারের তিন দিনেও কোনো মামলা হয়নি

এখন পর্যন্ত মামলার ‘ঝামেলায়’ যেতে না চাওয়া পরিবারের কেউ ‘পুলিশের অনুরোধেও’ সাড়া দেননি। এ অবস্থায় মামলা করবে কে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পুলিশের কোনো ইউনিট।

ফলে প্রশ্ন উঠেছে, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়েই কী সিদ্ধান্ত নেওয়া হবে। এই দীপ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে ঘটনার দিনের বিষয়ে একরকম বর্ণনা দিয়েছিলেন, পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে গিয়ে দেন ভিন্ন তথ্য। যেটিকে তার ‘ঘটনা আড়ালের চেষ্টা’ হিসেবেই মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা। এমনকি মামলা না হওয়ায় ‘কনক্লুসিভ’ কোন পদক্ষেপ নিতে না পারার কথাও বলেছেন তারা।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “দীপ আমাদের হেফাজতেই আছে, নৌ-পুলিশ কোনো সিদ্ধান্ত নিলে তাদের কাছে হস্তান্তর করে দিব। অন্যথায় মুচলেকা রেখে তাকে তার অভিভাবকের জিম্মায় দিয়ে দিব।”

মামলা করতে নিজের ‘অনীহার’ কথা জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তবে তার আশা, রাষ্ট্র নিজে থেকেই ঘটনার রহস্য উদঘাটন করবে।

তিনি বলেন, “মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চই এ বিষয়ে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি। মামলা মানেই আমাদের দেশে একটা ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি। কে চায় এরকম ঝামেলার মধ্যে পড়তে?”

মামলা করার বিষয়ে পরিবারের অনীহার পরিপ্রেক্ষিতে পুলিশ কী সিদ্ধান্ত নেবে জানতে চাইলে পিবিআইয়ের কর্মকর্তা এনায়েত বলেন, “নৌপুলিশ লাশ প্রথম উদঘাটন করছেন, তারা একটা সিদ্ধান্ত নেবে। “পরিবার যদি একান্তই না আগায়ে আসে, যেহেতু নৌ-পুলিশ উদঘাটন করেছে, তারাই হয়তো একটা অপমৃত্যুর মামলা করবে।”

তবে নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেছেন, তারা লাশ উদ্ধার করলেও ঘটনাস্থল উত্তরখান থানা হওয়ায় তারাই এখন ‘বিষয়টি দেখবেন’।

আর ডিএমপির উত্তরখান থানা পুলিশ বলছে, তারা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তাদের তরফে একাধিকবার পরিবারকে মামলা করতে বলা হলেও তারা এখনো ‘সাড়া দেয়নি’। উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান বলেন, “এখনো কোনো মামলা হয়নি। পরিবারের কেউ আমাদের কাছে আসেননি।”

পরিবারের তরফে মামলা না করলে পুলিশ কী করবে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতনদের তরফে যে সিদ্ধান্ত আসবে, তারা তেমনই ব্যবস্থা নেবেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি।

সাধারণত নিহত ব্যক্তির বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী বা অন্য যেকোনো নিকটাত্মীয় বা পরিবারের সদস্যরা থানায় মামলা করেন।

বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, যেকোনো আমলযোগ্য অপরাধে পরিবারের সদস্যদের বাইরেও ওই অপরাধের বিষয়ে অবগত যেকোনো তৃতীয় ব্যক্তি, প্রতিবেশী বা ঘটনার প্রত্যক্ষদর্শীও থানায় মামলা করতে পারেন।

একান্তই যদি পরিবার মামলা না করে বা কোনো কারণে সম্ভব না হয়, সেক্ষেত্রে সাধারণত সংবাদ পেয়ে বা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিজ উদ্যোগে নিয়মিত মামলা করতে পারেন।

তবে কোনো লাশের পরিচয় পাওয়া গেলে ‘বাধ্যবাধকতা না থাকলেও’ সাধারণত তাদের পরিবারের পক্ষেই মামলাটি করতে বলা হয় বলে মন্তব্য করেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, কাউকে না পাওয়া গেলে পুলিশ ‘বাধ্য হয়ে’ অন্য কাউকে দিয়ে বা নিজেরাই বাদী হয়ে মামলা করেন।

“যার ভাই বা যার সন্তান, তার প্রতি দরদ বেশি নিশ্চয়ই বাইরের কারো থাকবে না। তিনি স্বাক্ষী উপস্থাপন করবেন, ঘটনার বিবরণ দেবেন, দলিল উপস্থাপন করবেন, কবে কী ঘটনা, সেসব তথ্য তুলে ধরবেন। তিনি তার ভাই বা সন্তানের জন্য আদালতে ন্যয়বিচার চাইবেন। আর বাইরের লোক বাদী হলে তো তারা কেউ কাউকে হয়তো চেনেই না।”

তিনি আরও বলেন, পরিবারের কারো আগ্রহ না থাকলে মামলা বেশির ভাগ সময়ই ‘হালকা হওয়ার’ সম্ভাবনা থাকে। ধার করা লোক দিয়ে মামলা করলে সেগুলো সাধারণত ‘টেকে না’। কারণ ওই অচেনা বাদী আপনজনের মতো গুরুত্ব দিতে পারেন না।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ বৃহস্পতিবার বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান। রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যেই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনে যান পিবিআই কর্মকর্তারা।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার গভীর রাতে তারা সেখানে অবস্থান করার সময় পুলিশের একটি দল তাদের ধাওয়া দেয়। এ সময় দীপ তুরাগ তীরে স্থাপিত বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে লুকান। আর তাহসিফ নদে গিয়ে ঝাঁপ দেন। এরপর ‘সুযোগ বুঝে’ দীপ সেখান থেকে সরে যান এবং রাত আড়াইটার দিকে নিজের বাসায় ফেরেন।

গভীর রাতে দুজন কেন সেখানে অবস্থান করছিলেন, জানতে চাইলে পিবিআইয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি জেনেছি, এটা একটু সেনসিটিভ। আরেকটু ক্রসচেক করে নিই।”

অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “মামলা হলে আমরা কনক্লুসিভ কথাবার্তা বলব, কারণ মামলা ঘিরেই সবকিছু আবর্তিত হয়।“এখন পর্যন্ত বাইকটি উদ্ধার হয়েছে। এর বাইরে কীভাবে কী হয়েছে, তারা কোথায় বা কেন গিয়েছে, আরও কে কোথায় আছে, সবগুলো বিষয় যাচাই পর্যায়ে আছে। সব তথ্য ভেরিফায়েড করে পরে জানাব।”

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার সাঙ্গাকারা, পাল্টা জবাব রায়ানএয়ারের শিরোনাম সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা, মারপিট ও ভাঙচুর শিরোনাম নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা, ধৈর্য ধরার আহ্বান শিরোনাম নির্বাচনের এক বছরও পার হয়নি, এখনই কেন পরবর্তী নির্বাচনের আলাপ? শিরোনাম তাহসিফের সঙ্গে থাকা দীপের রহস্যঘেরা বক্তব্য, সিদ্ধান্তহীনতায় পুলিশ! শিরোনাম চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক