20 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 12:03 PM, 19 July 2026.
Digital Solutions Ltd

মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, ইয়ামালের সামনে নতুন হাতছানি

মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, ইয়ামালের সামনে নতুন হাতছানি

Publish : 12:03 PM, 19 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

 আর্জেন্টিনার দুই জায়গায় অনিশ্চয়তা, স্পেন প্রায় অপরিবর্তিত

এক পাশে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্য পাশে লামিন ইয়ামালের নেতৃত্বে স্পেনের নতুন ইতিহাস গড়ার হাতছানি। এমন মহারণের আগে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও কম উত্তেজনা নেই। বিশেষ করে আর্জেন্টিনার দুটি পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তহীনতায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে প্রায় নিশ্চিত একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাব্য একাদশ নিয়ে হিসাব-নিকাশ করছেন কোচ লিওনেল স্কালোনি।

পুরো টুর্নামেন্টজুড়েই নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো দল থেকেই দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

প্রথম ধোঁয়াশা ডান প্রান্তের রক্ষণে। নাহুয়েল মোলিনা পুরো টুর্নামেন্টে প্রথম পছন্দ হলেও ইংল্যান্ডের বিপক্ষে তার দিক থেকেই গোল হজম করে আর্জেন্টিনা। পরে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন গনসালো মন্তিয়েল। তাই ফাইনালে এই দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে।

আরেকটি প্রশ্ন মিডফিল্ডের ডান পাশে। সেমিফাইনালে শুরু থেকে খেলেছিলেন জুলিয়ানো সিমিওনে। তবে বদলি হিসেবে নেমে ম্যাচে বড় প্রভাব ফেলেন রদ্রিগো ডি পল। অভিজ্ঞ এই মিডফিল্ডারের শক্তি ও নেতৃত্বের কথা বিবেচনা করে তাকে আবারও শুরুর একাদশে ফেরানো হতে পারে।

জিওভানি লো সেলসো আলোচনায় থাকলেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম; বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করার সম্ভাবনাই বেশি।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য খুব বেশি পরিবর্তনের পথে হাঁটছেন না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ফ্রান্সকে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে দলটি।

সপ্তাহজুড়ে লামিন ইয়ামাল ও রাইট-ব্যাক পেদ্রো পোরোর ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, দুজনই ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল/জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সম্ভাব্য স্পেন একাদশ

উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারজাবাল।

'শিরোপা নয়, এই যাত্রাটাই সবচেয়ে মূল্যবান': ফাইনালের আগে মেসি

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে একটি স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিলেন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ছবি পোস্ট করে তিনি জানালেন, ট্রফির চেয়েও মূল্যবান এই দলের সঙ্গে কাটানো দীর্ঘ পথচলার স্মৃতি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে শনিবার রাতে পুরো দল, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে একটি দলীয় ছবি তুলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ছবিতে মাঝখানে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, তার পাশে প্রধান কোচ লিওনেল স্কালোনি। এছাড়া খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, চিকিৎসক, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সঙ্গে থাকা সবাই ছিলেন সেই ফ্রেমে।

নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি, যার এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনি খেলেছেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে।

মেসি লিখেছেন, 'এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, বরং পুরো পথচলাটা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় আনন্দ।'

এরপর সতীর্থ ও দলের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন এই দলটিকে একটি পরিবারের মতো গড়ে তুলতে যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই হোক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছেও ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা!'

এদিকে ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে দুটি জায়গা নিয়ে এখনও ভাবছেন স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরু করা জুলিয়ানো সিমিওনের জায়গায় আবারও ফিরতে পারেন রদ্রিগো ডি পল। এছাড়া ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল এই সিদ্ধান্তও এখনও চূড়ান্ত হয়নি। তবে বাকি একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

মেসিদের হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হবে, বিশ্বাস নাদালের

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অন্য অঙ্গনেও। স্পেন-আর্জেন্টিনার মহারণের আগে এবার নিজের পছন্দের দল জানিয়ে দিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। স্বদেশের জয় নিয়ে আশাবাদী হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি সম্মান জানাতে ভোলেননি তিনি।

বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণের আগে স্পেনের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।

২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিয়ার্ড, যিনি ২০২৪ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান, মনে করেন লা রোজার সামর্থ্য রয়েছে বিশ্বকাপ জয়ের।

'আমার বিশ্বাস, আমরা জিতব,' ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে বলেন নাদাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতিও মনে করেন তিনি।

'ছোটবেলা থেকেই ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলাগুলোর একটি। খেলতে, ম্যাচ দেখতে এবং জাতীয় দলকে সমর্থন করতে সবসময়ই ভালো লাগে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকায় থাকার অনুভূতি আজও ভুলতে পারিনি। আগামীকাল আবার এমন একটি ঐতিহাসিক ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং দেশটিকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। দলের জন্য শুভকামনা। ভামোস এস্পানিয়া!'

ফুটবলের সঙ্গে নাদালের সম্পর্কও গভীর। তার চাচা মিগেল অ্যাঞ্জেল নাদাল স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং বার্সেলোনা ও মায়োর্কার জার্সিতেও সাফল্য পেয়েছেন। স্প্যানিশ রেডিও এল পার্তিদাসো দে কোপে-কে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, পরিবারের সঙ্গে বসেই তিনি ফাইনাল দেখবেন।

আর্জেন্টিনার শক্তি সম্পর্কে তিনি বলেন, 'আর্জেন্টিনা নিজেদের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও সেটা দেখা গেছে। প্রথমার্ধ খুব আকর্ষণীয় ছিল না, কিন্তু গোল খাওয়ার পর তারা যে অসাধারণ ফুটবল খেলতে পারে, সেটাই দেখিয়েছে।'

তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে স্পেনের নিজের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, 'দুই দলই নিজেদের শক্তি কাজে লাগানোর চেষ্টা করবে। আমাদেরও যথেষ্ট শক্তি আছে। অন্যরা কী করছে, সেটা ভুলে গিয়ে পুরো বিশ্বকাপজুড়ে যেভাবে খেলেছি, সেই মান ধরে রাখতে হবে। সেটা পারলে আমাদের হারানো খুব কঠিন হবে।'

নাদালের মতে, পুরো টুর্নামেন্টে স্পেনের উন্নতি ছিল ধারাবাহিক, 'প্রথম ম্যাচ থেকে আজ পর্যন্ত দলটি ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আমি মনে করি, তারা সবচেয়ে ভালো সময়েই ফাইনালে পৌঁছেছে।'

স্পেনকে সমর্থন করলেও আর্জেন্টিনা ও কোচ লিওনেল স্কালোনির প্রশংসা করতে ভোলেননি তিনি, 'লিওর (স্কালোনি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। তিনি যেভাবে দল পরিচালনা করেন, তা অসাধারণ। জাতীয় দলের সঙ্গে তিনি যা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আমার অনেক আর্জেন্টাইন বন্ধুও আছে।'

এমনকি ফাইনালে হারলেও সেটি সহজভাবে মেনে নিতে পারবেন বলেও জানান নাদাল, 'অবশ্যই আমি সর্বশক্তি দিয়ে স্পেনকে সমর্থন করব। কিন্তু যদি হারতেই হয়, তাহলে আর্জেন্টিনার কাছে হারাটা মেনে নেওয়া সহজ হবে। কারণ সেখানে আমার অনেক বন্ধু ও পরিচিত মানুষ আছেন। যদি কারও কাছে হারতে চাই, তবে সেটা হবে আর্জেন্টিনা ও তাদের কোচের কাছে।'

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কাঁদছে আর্জেন্টিনা, আনন্দে ভাসছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শিরোনাম পটুয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে লুটপাট ও আগুন শিরোনাম মেসির সামনে এক বিস্ময় বালক, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি শিরোনাম মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, ইয়ামালের সামনে নতুন হাতছানি শিরোনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার নির্দেশ দাতা কে? শিরোনাম এবারের বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় করেছে ফিফা