16 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 01:25 PM, 16 August 2026.
Digital Solutions Ltd

লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নীরব বিপ্লব, ঐতিহাসিক টেস্ট জয়

লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নীরব বিপ্লব, ঐতিহাসিক টেস্ট জয়

Publish : 01:25 PM, 16 August 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

২৩ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়—ডারউইন টেস্টের আগের দিন নাজমুল হোসেন শান্ত যখন কথাটা বলেছিলেন, তখন হয়তো অনেকে মনে মনে হেসেছিলেন। কারণ, মাত্র মাস দেড়েক আগেই জিম্বাবুয়ের কাছে ইনিংস হারের ক্ষত, আর অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচেই ৫৪ রানে অলআউটের তিক্ত স্মৃতি তখনো টাটকা। নিন্দুকেরা যখন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পথচলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছিলেন, তখন ক্রিকেটপ্রেমীদের মনেও শঙ্কা ছিল—অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টটি বাংলাদেশ কয় দিনে হারবে?

কিন্তু ডারউইন টেস্টের চার দিন শেষে শান্ত দেখিয়ে দিলেন, তার সেই আত্মবিশ্বাস বাতাসে ভেসে আসা কোনো কথা ছিল না। অসামান্য মাঠের লড়াইয়ে অবিস্মরণীয় জয়ে নেতৃত্ব দিয়ে শান্ত প্রমাণ করে দিলেন তার কথাই সত্যি। হ্যাঁ, বিদেশের মাটিতে ধার আর ধারাবাহিকতার ঘাটতি এখনো স্পষ্ট। তার পরও একটা সত্য অস্বীকার করার উপায় নেই—সব সীমাবদ্ধতা ডিঙিয়ে বাংলাদেশ টেস্ট দল কিন্তু নিঃশব্দে সামনের দিকে এগোচ্ছে।

এই রূপান্তরের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পেস আক্রমণের অভূতপূর্ব গভীরতা ও দৃষ্টিভঙ্গির বদল। একসময় ঘরের মাঠে স্পিন-ফাঁদ পেতে জয় খোঁজার যে রক্ষণাত্মক মানসিকতা ছিল, সেখান থেকে বের হয়ে বাংলাদেশ এখন ধারালো পেস শক্তির ওপর ভর করছে। বিদেশের মাটিতে বাউন্স ও সুইংকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে। বর্তমান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা ও কার্যকারিতা সম্ভবত বিশ্বের সেরাদের কাতারেই জায়গা করে নেবে। সেরা বোলিং অস্ত্র নাহিদ রানা এবং আরেক গুরুত্বপূর্ণ পেসার শরিফুল ইসলামকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গিয়েছে দল; অথচ হাসান মাহমুদ, তাসকিন আহমেদ কিংবা ইবাদত হোসেনদের মতো পেসাররা তাদের অভাব একটুও টের পেতে দেননি। পেসারদের মধ্যে উল্টো চলছে মধুর লড়াই—ফিট হয়ে স্কোয়াডে ফিরলেও পরের টেস্টে শরিফুলের একাদশে ঠাঁই পাওয়া একদম নিশ্চিত নয়।

বাংলাদেশের পেসারদের বৈচিত্র্যও চোখে পড়ার মতো। নাহিদ যেমন গতি আর বাউন্সে নাকাল করেন ব্যাটারদের, হাসান লাল বল হাতে বের করে নিয়ে আসেন সুইংয়ের মায়াবি বিভ্রম। অন্যদিকে ব্যাটার রিড করা, ফাঁদে ফেলা কিংবা যেকোনো সময় ব্রেক-থ্রু এনে দেওয়ায় তাসকিন দারুণ পারদর্শী। এই ধারালো পেস আক্রমণই মূলত বিদেশের মাটিতে প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার আসল বিশ্বাস জোগাচ্ছে।

বোলিংয়ের পাশাপাশি টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের লোয়ার-মিডল অর্ডারের অবদানও এখন উপরের দিকেই থাকবে। শেষ সাড়ে তিন বছরে জেতা টেস্টগুলোতে ৬ থেকে ৮ নম্বর পজিশন থেকে ইনিংসে গড়ে ৩৫-এর বেশি রান এসেছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসের মতো ব্যাটাররা বিপদের মুখে ধৈর্য ধরে জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। টপ-অর্ডার দ্রুত ভেঙে পড়ার পর একসময় যেখানে ইনিংস গুটিয়ে যাওয়া ছিল নিয়মিত দৃশ্য, সেখানে এখন লোয়ার-মিডল অর্ডার পাল্টা প্রতিরোধের পথ দেখাচ্ছে। গেম রিডিংয়ের দিক থেকেও এখন অনেক পরিণত বাংলাদেশ।

গত দুই বছরে জেতা ম্যাচগুলোতে দলের ৮ ও ৯ নম্বর ব্যাটারদের সম্মিলিত অবদানের হার ছিল মোট রানের প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ। বৈশ্বিক টেস্ট ক্রিকেটের শীর্ষ দলগুলোর পরিসংখ্যানের 'সঙ্গে' যা রীতিমতো টেক্কা দেওয়ার মতো। প্রতিপক্ষের বোলারদের টেল-এন্ডারদের দ্রুত ছেঁটে ফেলার সুযোগ না দিয়ে রান বাড়িয়ে নেওয়ার এই সামর্থ্য ম্যাচের ফলাফলেও বড় প্রভাব ফেলছে।

অবশ্য এই অর্জনের উজ্জ্বল আলোর পাশাপাশি মুদ্রার অপর পিঠের আঁধারটাও এড়িয়ে যাওয়ার উপায় নেই। টপ অর্ডারের প্রায়শই ব্যর্থতা, ব্যাটারদের মানসিকতার ঘাটতি কিংবা ধারাবাহিকতার অভাব এখনো বড় দুশ্চিন্তার জায়গা। পরের টেস্টেই হয়তো দল আবার বাজে খেলতে পারে, সামনেও পারফরম্যান্সে এমন ওঠা-নামা থাকা অস্বাভাবিক নয়। তবে তাতে এগিয়ে যাওয়ার মূল ছবিটা ভুল প্রমাণ হয় না।

টেস্ট দলের কাঠামোগত পরিবর্তনের গল্পটা শুরু হয়েছিল আরও আগে। মূলত স্পিন-নির্ভরতা কমিয়ে মুমিনুল হকের অধিনায়কত্বের সময়ই একাদশে পেসারদের প্রাধান্য দেওয়া শুরু হয়। যার হাতেনাতে ফল মিলেছিল ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। মুমিনুলের পর টেস্ট দলের ভার এখন শান্তর কাঁধে। টেস্ট সংস্কৃতিকে গভীরভাবে লালন করা শান্ত সেই মানসিকতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। মুমিনুলের সময়ে টেস্ট সংস্কৃতির যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, শান্তর নেতৃত্বে তা পেয়েছে নতুন গতি, আত্মবিশ্বাস ও আধুনিক মাত্রা।

বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত টেস্ট শক্তি হয়ে ওঠেনি—তবে ধুঁকতে থাকা সেই দিনগুলো পেছনে ফেলে শান্তরা যে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক পথেই এগোচ্ছেন, সাম্প্রতিক জয় আর পেসারদের এই উত্থানই তার সবচেয়ে বড় প্রমাণ।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাঙ্গারু বধের গল্পটা কেবল এক সাধারণ জয়ের নয়, এটি বিশ্ব ক্রিকেটের পরিসংখ্যান ও ইতিহাস নতুন করে লেখার এক মহাকাব্য। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ গড়েছে এমন এক নজির, যেখানে এশিয়ার সব পরাশক্তিকে এক নিমেষে পেছনে ফেলে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অস্ট্রেলিয়ার চেনা কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে এশিয়ার অন্যান্য দলগুলোকে কাটাতে হয়েছে দীর্ঘ কয়েক দশকের অপেক্ষা। অজিদের মাটিতে প্রথম টেস্ট জয় পেতে ক্রিকেট পরাশক্তি ভারতের খেলতে হয়েছিল ১২টি ম্যাচ, আর পাকিস্তানের লেগেছিল ৭টি টেস্ট। এমনকি শ্রীলঙ্কা তো ১৫টি টেস্ট খেলে এখনো অস্ট্রেলিয়ায় একটি জয়ের মুখও দেখেনি! সেখানে বাংলাদেশ মাত্র ৩টি টেস্টের মধ্যে ক্যাঙ্গারুদের তাদেরই মাঠে পরাজিত করে এশিয়ার দ্রুততম দল হিসেবে চিরকালের জন্য রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে।

ভারতের বাইরে অন্য কোনো এশিয়ান দলের কাছে ঘরের মাটিতে টেস্ট হারার কথা হয়তো ভুলেই গিয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালের পর গত ৩১ বছরে ভারতের বাইরে অন্য কোনো এশিয়ান দল হিসেবে বাংলাদেশই প্রথম, যারা অজিদের দুর্গ ভেঙে এমন ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে।

উইকেটের বিচারে দ্বিতীয় বৃহত্তম সাফল্য

ডারউইনে ৯ উইকেটের এই বিশাল জয়টি উইকেটের ব্যবধানে বাংলাদেশ টেস্ট ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয়টি ছিল তালিকার শীর্ষে।

মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে রেকর্ড বইয়ের হিসাব-নিকাশ—সব মিলিয়ে শান্তর দলের এই অর্জন কেবল একটি জয় নয়, বরং এশিয়ান ক্রিকেটে বাংলাদেশের এক অনন্য ও ঐতিহাসিক আধিপত্যের প্রতীক।

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন স্মিথ

বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার জন্য ব্যাখ্যা খোঁজা কঠিন নয়, কিন্তু স্বীকার করাটা সহজও নয়। স্টিভ স্মিথ অবশ্য অজুহাতের পথে হাঁটেননি। নিজেদের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের কৃতিত্বকেই সামনে এনেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। তাঁর চোখে, ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো ক্রিকেটই খেলেছে বাংলাদেশ।

এবিসি স্পোর্টকে দেওয়া প্রতিক্রিয়ায় স্মিথ বলেছেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

অস্ট্রেলিয়ার হারটা কেবল তাদের খারাপ ব্যাটিংয়ের ফল নয়, বাংলাদেশের শুরুটাও ছিল বেশি কার্যকর। বিশেষ করে প্রথম দিন সকালে বাংলাদেশের পেসাররা যে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, সেটিই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বড় চাপ তৈরি করে। সেই চাপ থেকে বের হতে পারেননি ব্যাটাররা।

স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই গোছানো ছিল। আমাদের ব্যাটাররা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

অস্ট্রেলিয়া অবশ্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। সেই ইনিংসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরিও। কিন্তু ম্যাচের পরিস্থিতি তখন এমন জায়গায় পৌঁছে গেছে, যেখানে ব্যক্তিগত ভালো পারফরম্যান্স দিয়েও দলকে লড়াইয়ে ফেরানো কঠিন। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার ব্যবধানটাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জন্য বড় হয়ে দাঁড়ায়।

স্মিথের ব্যাখ্যায়, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটাররা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

গ্রিনের সেঞ্চুরির কথাও আলাদা করে বলেছেন স্মিথ। তবে তাঁর মতে, এমন একটি ইনিংসের পাশে আরেকটি বড় ইনিংস না থাকায় অস্ট্রেলিয়ার লড়াইটা পূর্ণতা পায়নি। তিনি বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

হারলেও অবশ্য পুরো সিরিজ বা দলের সামগ্রিক অবস্থাকে এই একটি ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ স্মিথ, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গ্যাস হঠাৎ ফিরিয়ে আনার জাদু নেই, সংকট সমাধানে দুই বছর লাগবে শিরোনাম সরকার নয়, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত শিরোনাম শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন শিরোনাম লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নীরব বিপ্লব, ঐতিহাসিক টেস্ট জয় শিরোনাম অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫ হাজার সেনা নিয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি শিরোনাম বাংলাদেশকে নিয়ে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার মানুষের দৃষ্টিভঙ্গি কী রকম