03 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:21 AM, 03 July 2026.
Digital Solutions Ltd

মার্কিন গণমাধ্যমের চাঞ্চল্যকর দাবি

আমেরিকার ‘রাজকীয় বিয়ে’, আগেই বিয়ে সেরেছেন টেইলর সুইফট!

আমেরিকার ‘রাজকীয় বিয়ে’, আগেই বিয়ে সেরেছেন টেইলর সুইফট!

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এএফপি

Publish : 08:21 AM, 03 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি কি আগেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন? নিউইয়র্কে তাঁদের বহুল আলোচিত বিয়ের জমকালো আয়োজন শুরুর আগেই এমন দাবিতে সরগরম মার্কিন গণমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় তাঁদের বিয়ে হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে, সম্প্রতি টেইলর সুইফটের ব্যক্তিগত বিমান কিছু সময়ের জন্য ন্যাশভিলে অবস্থান করেছিল। ক্যারিয়ারের শুরুর দিকে এই শহরেই বাস করতেন টেইলর।

তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি। টেইলর সুইফটের মুখপাত্রের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে উৎসবের প্রস্তুতি

এদিকে গতকাল বৃহস্পতিবারজুড়ে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কায়ার গার্ডেনে চলেছে জোর প্রস্তুতি। ধারণা করা হচ্ছে, এখানেই বসছে এই তারকা জুটির বর্ণাঢ্য উদ্‌যাপন।

একই দিন টেইলর সুইফটের প্রচার-দল জানিয়েছে, বিয়ের আনন্দ ভাগ করে নিতে টেইলর ও ট্রাভিস নিউইয়র্কসহ বিভিন্ন শহরের কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে মোট ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

যদিও এই জুটি এখনো তাঁদের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গতকাল প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার আরও বড় পরিসরে প্রায় এক হাজার অতিথিকে নিয়ে হবে মূল উদ্‌যাপন।

কড়া নিরাপত্তা, গোপনীয়তার চুক্তি

অনুষ্ঠানকে ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড বসিয়ে কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে। কালো কাচে ঢাকা একের পর এক এসইউভি গাড়ি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে অভিনেতা ব্রাডলি কুপার, অভিনেত্রী লিনা ডানহাম, সঞ্চালক এরিন অ্যান্ড্রুজসহ কয়েকজন তারকাকে অনুষ্ঠানস্থলের আশপাশে দেখা গেছে।

রয়টার্সের এক সাংবাদিক অনুষ্ঠানস্থলের প্রবেশপথে টানানো একটি নোটিশও দেখেছেন। সেখানে লেখা ছিল, ২৯ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠানে প্রবেশকারী সবার ছবি তোলা হতে পারে। একই সঙ্গে অতিথিদের কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে এবং আয়োজক বা উপস্থিত ব্যক্তিদের বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করা যাবে না।

ফুল, লবস্টার আর ‘গার্ডেন পার্টি’

সপ্তাহজুড়েই অনুষ্ঠানস্থলে সাজসজ্জা ও খাবারের সরঞ্জাম আনা হয়েছে। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে বিপুল পরিমাণ গাছপালা, ‘গার্ডেন পার্টি’ লেখা বাক্স এবং লবস্টারের মাংসভর্তি কনটেইনার।

মজার বিষয় হলো, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের প্রকাশিত সূচিতে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কোনো অনুষ্ঠান নেই। গ্রীষ্মকালজুড়ে প্রায় প্রতিদিনই যেখানে কনসার্ট বা অন্য আয়োজন থাকে, সেখানে টানা ছয় দিনের এই বিরতি অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।

শহরজুড়ে উৎসবের আমেজ

এই সপ্তাহান্তে এমনিতেই ব্যস্ত নিউইয়র্ক। আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্ক বন্দরে ঐতিহাসিক পালতোলা জাহাজের শোভাযাত্রা হবে। রোববার পাশের নিউ জার্সিতে হবে বিশ্বকাপের একটি ম্যাচ।

অন্যদিকে প্রচণ্ড গরমের কারণে শহরে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি রসিকতা করে বলেন, ‘যদি সত্যিই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কারও বিয়ে হয়ে থাকে, তাহলে অন্তত তারা ঘরের ভেতরেই থাকবে এবং গরম থেকে নিরাপদ থাকবে। শহরের মানুষের জন্য এটাও ভালো উদাহরণ।’

রয়টার্স আরও নিশ্চিত করেছে, অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক বন্ধ রাখার অনুমতি নিয়েছে। ইতিমধ্যেই প্রবেশপথগুলোয় অস্থায়ী বেড়া বসানো হয়েছে।

কেউ বিরক্ত, কেউ উচ্ছ্বসিত

অনুষ্ঠানস্থলের চারপাশে সড়ক বন্ধ থাকায় স্থানীয় অনেক বাসিন্দা ও পর্যটক কিছুটা অসুবিধায় পড়েছেন। তবে টেইলর সুইফটের ভক্তদের কাছে সেটি বড় কোনো বিষয় নয়।

যুক্তরাষ্ট্রের ইউটাহ থেকে আসা ভক্ত তারা রোসালেস বলেন, ‘আমি এক হাজার শতাংশ উচ্ছ্বসিত। টেইলর কখনোই কারও জন্য অসুবিধার কারণ হতে পারেন না। তিনি যা খুশি করতে পারেন।’

আমেরিকার রাজকীয় বিয়ে’

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির এই মিলনকে ইতিমধ্যেই অনেকেই বলছেন ‘আমেরিকার রাজকীয় বিয়ে’। শতাব্দীর সবচেয়ে প্রতীক্ষিত তারকা বিয়ের একটি বলেও বিবেচনা করা হচ্ছে এই আয়োজন।

গত বছরের আগস্টে বাগ্‌দানের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের প্রেমকাহিনি ভক্তদের মুগ্ধ করে আসছে। এনএফএল ম্যাচে ট্রাভিসকে সমর্থন জানাতে গ্যালারিতে নিয়মিত দেখা গেছে টেইলরকে। আবার বিশ্বের বিভিন্ন দেশে টেইলরের কনসার্টেও উপস্থিত হয়েছেন ট্রাভিস।

তারকাখচিত অতিথি তালিকায় থাকতে পারেন টেইলরের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন, জিজি হাদিদ। এদিকে আইরিশ টেলিভিশন উপস্থাপক গ্রাহাম নর্টনকেও নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছাতে দেখা গেছে। টেইলরের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি।

গত বছর বিবিসির অনুষ্ঠানে গ্রাহাম নর্টন যখন টেইলরকে জিজ্ঞেস করেছিলেন, বিয়েটা কবে হবে, তখন গায়িকা হেসে বলেছিলেন, ‘ওহ, আপনি জেনে যাবেন...আপনাকে তো আমন্ত্রণ জানাতেই যাচ্ছিলাম।’

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেসির বিদায়ের দিন গোনা নয়, তার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন শিরোনাম ডিবি হেফাজতেই পিটিয়ে মারা হয়েছে প্রান্তকে, কে এই এসআই সোহেল শিরোনাম গোলাম আযমের ছেলে আযমী ভূতাপেক্ষ লে. জেনারেল, দেয়া হচ্ছে কোটি টাকা শিরোনাম বিশ্বকাপ ব্যর্থতায় নাগেলসমানের পদত্যাগ, জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ! শিরোনাম ইসরাইলের পরিকল্পনা ভণ্ডুল, যেভাবে প্রাণে বাঁচেন আরাঘচি-গালিবাফ শিরোনাম আমেরিকার ‘রাজকীয় বিয়ে’, আগেই বিয়ে সেরেছেন টেইলর সুইফট!