Monday, 25 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 06:30 AM, 25 May 2026.
Digital Solutions Ltd

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড টাম্প’ ভাইরাল, ট্রাম্পের প্রতিক্রিয়া সঠিক নয়

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড টাম্প’ ভাইরাল, ট্রাম্পের প্রতিক্রিয়া সঠিক নয়

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পোস্ট দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশ�

Publish : 06:30 AM, 25 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি অ্যালবিনো (শ্বেতি) মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন—এমন দাবিতে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে ইংরেজিতে লিখেছেন, ‘বাংলাদেশে এখন একটি মহিষের নাম “ডোনাল্ড ট্রাম্প”। খুবই শক্তিশালী মহিষ, খুবই বিখ্যাত মহিষ, সম্ভবত এই মুহূর্তে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত মহিষ! এমনকি রয়টার্সও এটি নিয়ে কথা বলছে। মানুষ এটা পছন্দ করছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, মহিষটার চুল দারুণ, হয়তো আমার চেয়েও ভালো, হয়তো না, কে জানে? এমন দুর্দান্ত একটি প্রাণী উৎপাদনের জন্য বাংলাদেশকে অভিনন্দন। বিশাল সাফল্য!’

আলোচিত দাবিতে গত ২৪ মে ‘Muhammad Sajal’ নামের একটি ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট শেয়ার করা হয়। ‘এতো মহিষ না, পুরাদস্তুর মহিষাসুর। ভারতে থাকলে পুজা শুরু কইরা দিতো এতক্ষনে’ ক্যাপশনে শেয়ার করা পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতিমধ্যে ২ হাজার ৭০০টি রিঅ্যাকশন, ৬১টি কমেন্ট ও ৯১টি শেয়ার রয়েছে।

পোস্টের কমেন্ট পর্যবেক্ষণে ব্যবহারকারীদের মিশ্র ও রসাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। একজন বিগত দিনের এক ছাগল-কাণ্ডের ইঙ্গিত করে কমেন্ট করেছেন, ‘মনে পড়ে গেল সেই GOAT-এর কথা, যার ভাইরাল হওয়ার পর কোনো এক মাননীয়র গদি পড়ে গিয়েছিল...।’ অপর একজন ট্রাম্পের চুলের অবশেসন নিয়ে লিখেছেন, ‘কথা হইলো সবকিছু গোল্লায় যাক, বেডা মানুষ নিজেদের চুল নিয়ে এই লেভেলের অবসেসড হয় কেমনে ভাই!’

তবে অনেক ব্যবহারকারী বিষয়টিকে ভুয়া উল্লেখ করে লিখেছেন, ‘ভাই তার একাউন্টে নাই এইডা।’ আরেকজন আইডির নাম নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমার যতদূর মনে আছে মার্কিন প্রেসিডেন্টের আইডির নাম হলো পটুস।’ এর উত্তরে আরেকজন আবার পরিষ্কার করে বলেন, ‘এটা টুইটার না! Truth social, trump এর কোম্পানির বানানো।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত স্ক্রিনশটটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ওই মহিষ-সংক্রান্ত কোনো পোস্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

এ ছাড়া ভাইরাল হওয়া স্ক্রিনশটটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্রোফাইলের ছবির সঙ্গে মিল নেই; বরং স্ক্রিনশটে যে ছবিটি দৃশ্যমান, সেটি ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। এই সূত্র ধরে ট্রাম্পের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অনুসন্ধান করা হলেও আলোচিত দাবি সংশ্লিষ্ট কোনো টুইট পাওয়া যায়নি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই এমন কোনো পোস্ট শেয়ার করতেন, তবে তা আন্তর্জাতিক ও দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হতো। কিন্তু কোনো সংবাদমাধ্যমেই এমন কোনো খবর পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ভাইরাল স্ক্রিনশটে থাকা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ‘Bangladesh’s rare ‘Donald Trump’ buffalo becomes Eid sensation’ শিরোনামের প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের একটি বিরল শ্বেতি (অ্যালবিনো) মহিষ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মহিষটির মাথায় একগুচ্ছ সোনালি পশম রয়েছে, যা দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো। এই মিলের কারণে খামারের মালিকের ছোট ভাই শখের বশে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিন্নধর্মী ও আকর্ষণীয় চেহারার মহিষটিকে একনজর দেখতে এবং এটির সঙ্গে সেলফি বা ভিডিও তুলতে প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ ‘রাবেয়া এগ্রো ফার্মে’ ভিড় জমিয়েছেন। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, বিশাল আকৃতির হলেও মহিষটি স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত। ঈদুল আজহার ঐতিহ্য অনুযায়ী কোরবানি করার জন্য বিরল এই মহিষটি ইতিমধ্যে এক ক্রেতার কাছে বিক্রি ও হস্তান্তর করা হয়েছে। কেবল রয়টার্সই নয়, আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও (১, ২) বাংলাদেশের এই মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ১০ মে মহিষটিকে নিয়ে জাতীয় গণমাধ্যম ‘নিউজটোয়েন্টিফোর’ প্রতিবেদন প্রকাশ করার পর থেকেই এটি সবার নজরে আসে।

সিদ্ধান্ত

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল মহিষটিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পোস্ট বা প্রতিক্রিয়া জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত স্ক্রিনশটটি মূলত ট্রুথ সোশ্যালের লে-আউটের ওপর এক্সের প্রোফাইল ছবি বসিয়ে এডিটিং বা ডিজিটাল কারচুপির মাধ্যমে তৈরি করা হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইতালিযাত্রার করুণ কাহিনী: নেই মৃত্যুসংবাদ, না আছে ফেরার আশা শিরোনাম বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি শিরোনাম কার লাভ কার ক্ষতি, কুরবানির আগে পশ্চিমবঙ্গে গরু বিতর্ক শিরোনাম নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড টাম্প’ ভাইরাল, ট্রাম্পের প্রতিক্রিয়া সঠিক নয় শিরোনাম জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা শিরোনাম ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি! বিতর্কের পারদ বাড়ছে