রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্বে আসার পর, এ পর্যন্ত যতগুলো এই জাতীয় হেনিয়াস ক্রাইম (গুরুতর অপরাধ) হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রেও বলতে পারবেন যে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভেতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন।’
তিনি বলেন, ‘রামিসার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামির নাম সম্ভবত সোহেল খান, তার স্ত্রীসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। (দণ্ডবিধির) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা এটুকু আশ্বাস দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিচারের দায়িত্ব আদালতের।’
সালাহউদ্দিন বলেন, ‘বিচারহীনতার যে বিষয়টা সবাই সব সময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সে জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় অপরাধগুলো—আমি অন্তর্বর্তী সরকারের সময়েও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই; সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে সংক্ষিপ্ত সময়ের ভেতরে আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে।’
‘এ ক্ষেত্রে আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে, সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভেতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না,’ যোগ করেন তিনি।
৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত রামিসা আক্তারের প্রতিবেশী সোহেল রানা (৩১) এ ঘটনায় প্রধান আসামি। গতকাল তিনি শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও (২৬) সহযোগী হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।
রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats