আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
বড় অক্ষরে ট্রাম্প পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।
‘এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে। তবে এটি (হামলা না করার সিদ্ধান্ত) চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলে দিতে গত শনিবার তিনি ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শেষ হতে চলছিল।
ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান।
‘ট্রাম্প, তোমার চাকরি নাই’, ইরানের সামরিক মুখপাত্রের খোঁচা
এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।
সপ্তাহান্তে ইরানকে ৪৮ আল্টিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।
সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা এ ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।
তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্র কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats