Monday, 02 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 02:34 PM, 02 March 2026.
Digital Solutions Ltd

ট্রাম্পের আলোচনার দাবি নাকচ, নতিস্বীকার করবে না ইরান

ট্রাম্পের আলোচনার দাবি নাকচ, নতিস্বীকার করবে না ইরান

তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে গেছে ইসরায়েলের একটি ভবন। গতকাল তেল আবিবে।

Publish : 02:34 PM, 02 March 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইরানের পাশে থাকবে চীন # হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য # খামেনির আহত স্ত্রীর মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করেছে ইরান। হামলা আরও জোরদার করেছে তারা। গত রোববার রাতে ও গতকাল সোমবার উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর গতকাল ট্রাম্প হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছেন, ইরানে কঠোর হামলা হবে। এই পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় গত শনিবার। এরপর সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর থেকে হামলা জোরদার করে ইরান। তবে এর মাঝেই ট্রাম্প দাবি করেন, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তাঁরা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চাইলে আমি রাজি আছি। আমি তাঁদের সঙ্গে কথা বলব।’ ট্রাম্প আরও বলেন, ‘তাঁদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাঁদের আরও আগেই করা উচিত ছিল। তাঁরা অনেক বেশি দেরি করে ফেলেছেন।’

তবে এই দাবি অস্বীকার করেছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন লারিজানি। মার্কিন সংবাদমাধ্যমের সেই দাবিকে এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন ইরানের এই প্রভাবশালী নেতা।

হামলা জোরদার

আলোচনা নাকচের পর হামলা আরও বাড়ে। গতকাল দফায় দফায় ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ইরাক, কাতারে এসব হামলা চালানো হয়েছে। সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর বাইরে তেল শোধনাগার, তেলের ট্যাংকার লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরানের বাহিনী।

ইরানের হামলার তৃতীয় দিন ছিল গতকাল। এদিন বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি; কাতারের দোহা; বাহরাইনের মানামা এবং জেরুজালেম শহর। এর আগে রোববার রাতে বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। বাহরাইন জানায়, অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ড্রোন নিয়ে হামলা করা হয়েছিল। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এগুলো প্রতিহত করেছে। হামলা হয় সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে। এ ছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। এ ছাড়া হামলা হয়েছে ওমানের উপকূলে তেলের ট্যাংকারে। গতকাল বড় হামলা হয়েছে কুয়েতে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল সকালে কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া হামলার শিকার হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাস। ড্রোন হামলা হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতে।

এ ছাড়া ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছে। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধানের দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলাও অব্যাহত আছে। আল জাজিরা জানায়, গতকাল ভোরে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাতেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বৈঠকে গতকাল ইরানের প্রতিনিধি রেজা নাজাফি জানান, গত রোববার নাতানজ পারমাণবিক কেন্দ্র হামলার শিকার হয়েছে। এ ছাড়া গতকাল রাতে আরেক পারমাণবিক কেন্দ্র ইস্পাহানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

তিন দিনের এই যুদ্ধে মার্কিন-ইসরায়েলি জোটের হামলায় ইরান ও লেবাননে অন্তত ৫৬৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫৫৫ জনই ইরানের। অন্যদিকে ইরানি হামলায় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১০ জন ইসরায়েলি নাগরিক এবং চারজন মার্কিন সেনা।

ট্রাম্পের হুমকি, পাশে চীন

এসব হামলার পর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।

 এই পরিস্থিতিতে তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়; পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় পাশে থাকবে বেইজিং।

ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বাড়ে এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ রাখা জরুরি।

আলোচনার আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আবারও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ফোনে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন এবং ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বইন জায়েদ আল নাহিয়ান। তাঁরা উভয়ে অবিলম্বে যুদ্ধবিরতির ওপর জোর দেন।

আল জাজিরা জানায়, রাশিয়ার বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। ইরানে হামলাকে তারা ‘জাতিসংঘের একটি সার্বভৌম সদস্যের বিরুদ্ধে উসকানিবিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে। রুশ বিবৃতিতে বলা হয়, দুই নেতা মধ্যপ্রাচ্যের ‘মর্মান্তিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন। উভয়ে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় সমাধানের গুরুত্ব তুলে ধরেন। তবে আমিরাতের প্রেসিডেন্ট বলেছেন, তাঁদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এরপরও ইরান তাদের দেশকে লক্ষ্যবস্তু করছে, যা ‘অযৌক্তিক’।

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ট্রাম্পের আলোচনার দাবি নাকচ, নতিস্বীকার করবে না ইরান শিরোনাম ইরানে আরো বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শিরোনাম নিজে প্রজ্ঞাপন করে একবছর এসএসএফ নিরাপত্তা নিলেন ড. ইউনূস শিরোনাম খামেনিহীন ইরান একইভাবে চলবে, দু-একদিনের মধ্যে নেতা নির্বাচন শিরোনাম জটিল সমিকরণে ইরানের পরবর্তী নেতা নির্বাচন শিরোনাম মহাক্ষমতাধরদের চাপে মাথা নত না করা এক মুসলিম নেতা