সন্দেহভাজন আটক টমাস অ্যালেন ‘সেরা শিক্ষক’ ও ভিডিও গেম ডেভেলপার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর নাম কোল টমাস অ্যালেন। তাঁর বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এসব তথ্য দিয়েছে।
ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্টলেডি মেলানিয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এ সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে, সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন।
৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহরে বসবাস করেন। তাঁর নাম ও ছবির সঙ্গে লিংকডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিংকডইনের ওই প্রোফাইলে তাঁকে টিউটরিং কোম্পানি সি টু এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি টু এডুকেশন তাঁকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
শনিবার রাতে সি টু এডুকেশনের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন। তবে কেউ সাড়া দেয়নি।

প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন।
হুইলচেয়ারের জন্য একটি প্রোটোটাইপ ইমার্জেন্সি ব্রেক তৈরি করার কারণে ২০১৭ সালে কোল টমাস অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সে সময় তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
অ্যালেন তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবে উল্লেখ করেছেন। সেখানে দেখা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে বোরডাম নামে একটি ভিডিও গেম তৈরি করেছেন, যা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম স্ট্রিমে ১ দশমিক ৯৯ ডলারে বিক্রি করা হয়। বোরডাম নামটির জন্য তিনি ২০১৮ সালে ট্রেডমার্ক নিবন্ধনও করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেডমার্ক রেকর্ডে উল্লেখ রয়েছে।
লিংকডইনে অ্যালেন লিখেছেন, তিনি বর্তমানে দ্বিতীয় একটি গেম তৈরি করছেন। এটির নাম ফাস্ট’ল।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। গতকাল শনিবার রাতে আয়োজিত ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানেই গুলির ঘটনা ঘটে।
নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিরা গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁদের কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প এবং মেলানিয়াকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এক ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। সিক্রেট সার্ভিসের ওই সদস্য সুরক্ষা পোশাক পরা ছিলেন। গুলিটি সুরক্ষা পোশাকে আঘাত করায় তাঁর ক্ষতি হয়নি।

নৈশভোজে উপস্থিত থাকা অতিথিরা গুলির শব্দ শোনামাত্রই কথা বলা থামিয়ে দেন। মুহূর্তেই চারদিকে চিৎকার শুরু হয়—‘নিচে বসে পড়ুন, নিচে বসুন!’
শত শত অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। আর সুরক্ষা পোশাক পরা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা দৌড়ে ডাইনিং হলে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঞ্চের পেছনে নিচু হয়ে বসেন। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ওই নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে নেন। আর ওয়েটাররা আতঙ্কে ডাইনিং হলের সামনের দিকে ছুটে যান।
ঘটনাস্থলে থাকা নিজস্ব সংবাদদাতার বরাতে বিবিসিও বলেছে, নৈশভোজে উপস্থিত অতিথিরা গুলির শব্দ শুনে টেবিলের নিচে ঝুঁকে পড়েছিলেন। ট্রাম্পকে দ্রুত সিক্রেট সার্ভিস এজেন্টরা কক্ষ থেকে বের করে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তাদের নিরাপত্তা দল সরিয়ে নিয়ে যায়।
কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর অতিথিরা টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করেন।
বিবিসির ওই সংবাদদাতা বলেছেন, তাঁর যতটুকু মনে পড়ে এটি এ ধরনের নৈশভোজের অনুষ্ঠানে প্রথম এমন নিরাপত্তা ভঙ্গের ঘটনা। আর দায়িত্বরত প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল ওই অনুষ্ঠানে ট্রাম্পের প্রথম উপস্থিতি।
এ ঘটনায় ট্রাম্প–মেলানিয়াসহ ফেডারেল কর্মকর্তাদের সবাই নিরাপদে আছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, এ ঘটনায় এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, অনুষ্ঠানের প্রবেশপথে মূল তল্লাশি এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats