কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর খবরে উত্তাল পাকিস্তান। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর দেশটির সরকার ইমরান খানকে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার ঘোষণা দিলেও কাটছে না ধোঁয়াশা। পরিবারের দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সরকার একতরফাভাবে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে। ফলে ইমরানের চোখের বর্তমান অবস্থা নিয়ে এক ধরনের ‘লুকোচুরি’ চলছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইমরান খানের চোখের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। তবে তিনি কোন হাসপাতালে বা কবে এই চিকিৎসা শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। উল্টো এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি বা ‘জল্পনা’ না ছড়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সরকারের এই আশ্বাসে মোটেও আশ্বস্ত হতে পারছে না ইমরান খানের পরিবার। তার বোন আলিমা খান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, চিকিৎসার বিষয়ে পরিবারের সাথে কোনো ধরনের পরামর্শই করা হয়নি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যেকোনো মেডিকেল প্রসিডিউর বা অস্ত্রোপচারের সময় পরিবারের সদস্য এবং ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। পরিবারের অভিযোগ, সরকার তথ্য গোপন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এর আগে সুপ্রিম কোর্টকে ইমরান খানের আইনজীবী জানান, আদিয়ালা জেলে বন্দি থাকা অবস্থায় সাবেক এই ক্রিকেটারের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ হারিয়ে গেছে। বর্তমানে তিনি মাত্র ১৫ শতাংশ দৃষ্টি নিয়ে চলছেন। এই তথ্যের ভিত্তিতেই আদালত অবিলম্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন এবং ১৬ ফেব্রুয়ারির মধ্যে তার দুই ছেলের সাথে কথা বলার ব্যবস্থা করার নির্দেশ দেন।
ইমরান খানের এমন শারীরিক অবস্থায় কেবল রাজনীতি নয়, শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বেও। ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শহীদ আফ্রিদি এবং শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। তারা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। শোয়েব আখতার বলেন, ক্যাপ্টেনের দৃষ্টি হারানোর খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।
এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেপ্তার এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেপ্তার
সব মিলিয়ে ইমরান খানের চোখের চিকিৎসা নিয়ে সরকার ও পরিবারের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। একদিকে সরকার বলছে সব ঠিক আছে, অন্যদিকে পরিবার ও চিকিৎসকদের দাবি—পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
সুচিকিৎসার আহ্বান ওয়াসিম-ওয়াকারের
কারাবন্দি ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করে তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানালেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। পাকিস্তানের এই কিংবদন্তি অধিনায়কের যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার দাবি তুলেছেন দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার।
ইমরানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মেনে চলা কিংবদন্তি পেসার ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'আমাদের অধিনায়ক ইমরানের শারীরিক অসুস্থতার কথা শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে। আমি তার মানসিক শক্তি, দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।'
ওয়াসিমের ক্যারিয়ারে ইমরানের যেমন গভীর প্রভাব ছিল, তেমনি আরেক কিংবদন্তি পেসার ওয়াকারও একইভাবে তার অবদানের কথা স্মরণ করে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'রাজনীতিকে পাশে সরিয়ে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার ক্যান্সার হাসপাতাল আমার মাসহ অসংখ্য মানুষের সেবায় নিয়োজিত, তিনি আজ স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি, যেন সময়মতো তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়।'
পাকিস্তানের আরও বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার ইমরানের সুচিকিৎসার দাবিতে সরব হয়েছেন। শোয়েব আখতার বলেছেন, 'তার দৃষ্টিশক্তি হারাতে থাকার খবরটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আশা করি, তিনি সর্বোচ্চ চিকিৎসা পাবেন।'
শহীদ আফ্রিদি চিকিৎসাসেবা পাওয়াকে ইমরানের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। আর রমিজ রাজা আহ্বান জানিয়েছেন ইমরানের প্রতি মানবিকতা প্রদর্শন করার জন্য। মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছেন।
এই দাবির ঢেউ শুধু পাকিস্তানে ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজাও গত শুক্রবার পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন।
সূত্র: ডন ও টাইমস অব ইন্ডিয়া
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats