13 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 12:57 PM, 12 September 2026.
Digital Solutions Ltd

ব্রিকসের যৌথ বিবৃতি

মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত

মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত

Publish : 12:57 PM, 12 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ উপস্থিত রয়েছেন।

 মধ্যপ্রাচ্য যুদ্ধে লাগাম টানার আহ্বান জানিয়ে ব্রিকস জোটের যৌথ ঘোষণাপত্রে সই করেছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থান থাকা স্বত্বেও আজ শনিবার গৃহীত ঘোষণাপত্রে দুই দেশের সমর্থন জানানোকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লিতে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। চলমান সংঘাত শুরুর পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

আবুধাবির সরকারি মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়, উত্তেজনা প্রশমন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। তবে আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়ে জোটের সদস্য ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার মতপার্থক্য দূর করার প্রত্যাশা নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এর মধ্যেই ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

চারটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ব্রিকস নেতারা নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে হলেও যেকোনো দেশের একতরফা যুদ্ধকে নিন্দা জানিয়েছেন।

যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে শান্ত বজায় রাখার আহ্বানের পাশাপাশি বিশ্ববাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি প্রবাহ সচল রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সহযোগীদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ২০০৯ সালে প্রতিষ্ঠিত ব্রিকসের প্রাথমিক সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও এতে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও আরব আমিরাত।

ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে বলা হয়, 'আমরা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি...সর্বোচ্চ সংযম বজায় রাখার পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাচ্ছি।'

ঘোষণাপত্রে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়।

যৌথ ঘোষণায় গাজা যুদ্ধ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবটি আমলে নিয়ে সব পক্ষকে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো নীতি বন্ধেরও আহ্বান জানিয়েছে ব্রিকস জোট।

ঘোষণাপত্রে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধান শুধু শান্তিপূর্ণ উপায়েই অর্জন করা সম্ভব বলে আমরা পুনর্ব্যক্ত করছি। এটি ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, যার মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের ও নিজ ভূমিতে ফিরে আসার অধিকার।

প্রতিবেদনে বলা হয়, এ যৌথ বিবৃতি হয়তো বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় খুব বেশি প্রভাব ফেলবে না, তবে এটি উদীয়মান দেশগুলোর কাছে এই জোটের ঐক্যের গুরুত্ব তুলে ধরবে।

আমিরাতে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত সংজয় সুধীর রয়টার্সকে বলেন, 'যুদ্ধ বন্ধের চাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। ভারত যেটা করতে পেরেছে তা হলো—এ অঞ্চলের দেশগুলোকে একই টেবিলে বসিয়ে, তাদের যে বিষয়গুলোতে স্বার্থ রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।'

সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে সমতা ও ন্যায়বিচারের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে ব্রিকস দেশগুলোর ইতিহাসের সঠিক পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক সমাধানের ওপর প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনে কাজ করতে হবে।

পশ্চিম এশিয়ার সংঘাত, দ্বন্দ্বের মাঝেই সমঝোতার রূপরেখা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একই টেবিলে বসেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধিরা। তবে চলমান পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রসারিত এই জোটের ভেতরের গভীর ফাটল ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে, যা এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করে আরব আমিরাত। দুই দেশের এই বিরোধের কারণে মে মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও কোনো যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

তবে রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে, শনিবার নয়া দিল্লি শীর্ষ সম্মেলনের আয়োজক ও মধ্যস্থতাকারীরা একটি যৌথ ঘোষণার খসড়ায় ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। প্রস্তাবিত ঘোষণায় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে যেকোনো দেশের একতরফা যুদ্ধের নিন্দা জানানো হয়েছে। শনিবার ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে খসড়াটি অনুমোদন করেছেন।

সম্প্রসারণ নতুন নীতিগত বিভক্তি

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোটে ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও আরব আমিরাত এবং ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেয়।

ফলে জোটের বাণিজ্যিক পরিধি বাড়লেও সদস্য দেশগুলোর ভিন্নমুখী পররাষ্ট্রনীতির কারণে একমুখী সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইরান যেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি, সেখানে আমিরাতের পশ্চিমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে।

ব্রিকসে ইরানের প্রত্যাশা

শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈশ্বিক অর্থনৈতিক চাপ থেকে আন্তর্জাতিক বাণিজ্যকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

কোনো দেশ যেন অন্য দেশের ‘বৈধ বাণিজ্যে’ বাধা সৃষ্টি করতে না পারে, তেমন পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি।

একই সঙ্গে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সদস্য দেশগুলোকে ফাস্ট-পেমেন্ট সিস্টেম যুক্ত করে ‘ব্রিকস পে’ চালু করা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডিজিটাল মুদ্রার সংযোগ এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।

সহযোগিতার ভিন্ন চিত্র

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে সংঘাত সত্ত্বেও অন্য খাতে ইরান ও আরব আমিরাতের সহযোগিতার নজির দেখা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবারের ফোরামে ব্রিকস অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক শক্তিশালী করা ও নতুন বাজার সুবিধা বাড়ানোর যৌথ উদ্যোগে সমর্থন জানান ইরান ও আমিরাতের প্রতিনিধিরা।

ভারতের কূটনৈতিক ভারসাম্য

সম্মেলনের আয়োজক ভারত এই সংকটে জটিল কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে।

ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং আরব দেশগুলোতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মীর উপস্থিতির কারণে ভারতকে সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি সংলগ্ন অঞ্চলে নৌযানে হামলায় ইতোমধ্যে অন্তত ১০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্ত নৌচলাচল এবং নাবিকদের সুরক্ষার ওপর গুরুত্ব দেন।

ভারত একদিকে যেমন প্রতিবেশী আরব দেশ, তাদের জ্বালানি অবকাঠামো ও নৌযানে ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছে, অন্যদিকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্বাক্ষর করেছে।

জোটে দৃষ্টিভঙ্গির পার্থক্য

রয়টার্স জানায়, রাশিয়া ও চীন যেখানে ব্রিকসকে পশ্চিমাদের বিরুদ্ধে একটি বৈশ্বিক ভারসাম্য রক্ষাকারী জোট হিসেবে দেখে, সেখানে ভারত ও ব্রাজিল জোর দিচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সংস্কারের ওপর।

তবে নীতিগত এই পার্থক্যের মাঝেও শেষ পর্যন্ত একটি যৌথ ঘোষণায় পৌঁছানো ব্রিকসের টিকে থাকার সক্ষমতাকেই প্রমাণ করেছে।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত শিরোনাম দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কেন? শিরোনাম মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং শিরোনাম ব্রিকসে সেজেছে নয়াদিল্লি: কোন নেতারা থাকছেন, বৈঠক কেন গুরুত্বপূর্ণ শিরোনাম হুতিদের সঙ্গে বিলিয়ন ডলারের যুদ্ধে জড়িয়েও পিছু হটল যুক্তরাষ্ট্র! শিরোনাম স্কারবরো সাউথওয়েস্টের কল্যাণে পরিকল্পনা তুলে ধরে লায়েক চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু