10 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:40 AM, 09 August 2026.
Digital Solutions Ltd

রোমে ভয়াবহ ৪০ ঘণ্টা, যাত্রীদের সঙ্গে ‘নির্মম আচরণ’ বিমানের

রোমে ভয়াবহ ৪০ ঘণ্টা, যাত্রীদের সঙ্গে ‘নির্মম আচরণ’ বিমানের

রোম বিমানবন্দরে এভাবেই বসে প্রায় ৩০ ঘণ্টা পার করতে হয়েছে বিমানের যাত্রীদের।

Publish : 10:40 AM, 09 August 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে ঢাকায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানের ফ্লাইট বিজি৩০৬ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার রাতে ইতালি থেকে রওনা দেওয়ার আগে বৃদ্ধ, নারী ও শিশুসহ যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জেই ভয়াবহ কষ্টের মধ্যে দীঘ সময় পার করতে হয়েছে। এর আগে, এসি বন্ধ অবস্থায় দীর্ঘ ৮ ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতর আটকে থাকতে হয়। আর পরে ইমিগ্রেশন জটিলতায় বাংলাদেশি পাসপোর্টধারীরা হোটেলে যেতে পারেননি।

আজ ঢাকায় ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা আলাপকালে ওই ফ্লাইটের যাত্রীরা তাদের রোম বিমানবন্দরের লাউঞ্জে তাদের দুর্বিষহ সময় পার করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

দীর্ঘক্ষণ আটকে থাকায় পর্যাপ্ত বিশ্রাম, ঘুম এবং প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিযোগ অনেক যাত্রী ও তাদের স্বজনদের। যাত্রীরা জানান, প্রথম দিন এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ থাকা অবস্থায় তাদের প্রায় ৮ ঘণ্টা উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখা হয়। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হলেও অন্তত ১৭৪ জন যাত্রী হোটেলে থাকার সুযোগ পাননি। বাধ্য হয়ে তাদের বিমানবন্দরের লাউঞ্জ ও অন্যান্য স্থানে রাত কাটাতে হয়।

যাত্রী শাহজাহান আলম জানান, তারা প্রায় ৪০ ঘণ্টা 'যাযাবরের মতো' কাটিয়েছেন।

তিনি বলেন, 'উড়োজাহাজের ভেতরেই আট ঘণ্টা বসেছিলাম। পরে আমাদের লাউঞ্জে নেওয়া হয় এবং বলা হয় যে হোটেলে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেসব যাত্রীর কাছে মার্কিন ও কানাডিয়ান পাসপোর্ট ছিল, শুধু তাদেরই হোটেলে নেওয়া হয়। আর আমাদের যাদের বাংলাদেশি পাসপোর্ট তাদের লাউঞ্জেই রাখা হয়।'

আনিকা নামের আরেক যাত্রী জানান, উড়োজাহাজের ভেতরে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখার পর তারা কারিগরি ত্রুটির কথা জানতে পারেন এবং তারও প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের উড়োজাহাজ থেকে নামানো হয়।

তিনি বলেন, 'আমাদের প্রায় ৪০ ঘণ্টা চেয়ারে বসেই কাটাতে হয়েছে।'

তার মতে, ইতালিতে তাদের সাময়িকভাবে বের হওয়ার ব্যবস্থা করতে বিমান ও বাংলাদেশ দূতাবাস আরও চেষ্টা করতে পারত।

এই দীর্ঘ ভোগান্তির জন্য তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করেন।

আটকে পড়া যাত্রীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েম রানা। তিনি বিমানের কর্মকর্তাদের সমন্বয়হীনতার সমালোচনা করে বলেন, 'একজন মানুষ কত ঘণ্টা এভাবে চেয়ারে বসে থাকতে পারে? আমরা যে এতটা কষ্ট পেলাম, অথচ কারও কোনো জবাবদিহি নেই।'

মাহমুদা তালুকদার নামের আরেক যাত্রী জানান, কানাডিয়ান পাসপোর্ট থাকার কারণে তিনি তার ছোট মেয়েকে নিয়ে হোটেলে থাকতে পেরেছিলেন।

'কানাডিয়ান পাসপোর্ট থাকায় মেয়েকে নিয়ে আমাকে বেশি কষ্ট পেতে হয়নি। কিন্তু যাদের বিমানবন্দরেই থাকতে হয়েছিল, তাদের অমানুষিক কষ্ট সহ্য করতে হয়েছে,' বলেন তিনি।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী আমিনা আঞ্জুম তন্বীর বাবা-মা এই উড়োজাহাজে ছিলেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, তার বাবার তিনবার বাইপাস সার্জারি হয়েছে। এই ফ্লাইটে লম্বা সময় দুর্ভোগের মধ্যে তিনি একটুও ঘুমাতে পারেননি।

তিনি আরও জানান, শিশুদের নিয়ে ভ্রমণরত কিছু পরিবার ডায়াপার এবং শিশুখাদ্যের সংকটে পড়েছিল।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ছেলে মো. ওহিদুল হক শনিবার সন্ধ্যায় ফেসবুকে লেখেন, দীর্ঘ সময় ধরে অপক্ষো করার কারণে বয়স্ক যাত্রী, নারী ও শিশুরা তীব্র শারীরিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন।

ওই ফ্লাইটের যাত্রী সৈয়দ মাহমুদ হাসান ফেসবুকে লেখেন, শিশু, প্রবীণ ও পরিবারসহ প্রায় ১৭০ বাংলাদেশি নাগরিককে থাকতে হয়েছিল বিমানবন্দরের ভেতরেই। আর বিদেশি পাসপোর্টধারীদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

টরন্টো থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

প্রায় ৮ ঘণ্টা ওড়ার পর কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই উড়োজাহাজে থাকা প্রকৌশলী ও রোমে বিমানের চুক্তিভিত্তিক প্রকৌশলী দল প্রথমে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন।

কয়েক দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল শনিবার ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের একটি প্রকৌশলী দল পাঠায় বিমান।

প্রকৌশলীরা মেরামত কাজ শেষ করার পর রাতেই উড়োজাহাজটিকে ওড়ার উপযুক্ত ঘোষণা করা হয়। শনিবার ইতালির সময় রাত ১১টার দিকে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

রোমে নিয়োজিত বিমানের এক কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, বিমান কর্তৃপক্ষ সব যাত্রীর জন্য হোটেলের ব্যবস্থা করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ভিসা না থাকায় ইতালির ইমিগ্রেশন কর্তৃপক্ষ অন্তত ১৭০ যাত্রীকে বিমানবন্দর থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, শুধু কানাডিয়ান বা মার্কিন পাসপোর্টের অধিকারী যাত্রীরাই ইমিগ্রেশন পার হয়ে হোটেলে যেতে পেরেছিলেন।

এদিকে বিমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিমানবন্দরের ভেতরে থাকা যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হয়েছে।

উড়োজাহাজটির কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার করেনি বিমান বাংলাদেশ। সংস্থাটি শুধু জানিয়েছে, ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ প্রকৌশলীরা গিয়ে উড়োজাহাজটি মেরামত করেন এবং সেটি চলাচলের উপযোগী করে তোলেন।

বিমান বলছে, জ্বালানি নেওয়ার জন্য নির্ধারিত যাত্রাবিরতির সময় সমস্যার সূত্রপাত।

শনিবার শেষ রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টার দুর্ভোগের অবসান হয়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টরন্টোয় মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা শিরোনাম চব্বিশ পরগনায় মমতার গাড়িতে হামলা, ছোড়া হল পাথর, কাদা, জুতা শিরোনাম স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ শিরোনাম দায়িত্ব পালনে দোয়া ও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, বাবুনগরীর ৯ দফা শিরোনাম জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি, সমর্থন নাহিদ-মামুনুলের শিরোনাম রোমে ভয়াবহ ৪০ ঘণ্টা, যাত্রীদের সঙ্গে ‘নির্মম আচরণ’ বিমানের